বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘দেনা পাওনা’ সিনেমাটি। এই সিনেমাতে গল্পের প্রয়োজনে থাকছে একটি রবীন্দ্রসংগীত। ‘জানি জানি তুমি এসেছো এ পথে মনেরও ভুলে’ গানটিই গেয়েছেন দেশের প্রখ্যাত ও শ্রোতা-সমাদৃত দুই রবীন্দ্রসংগীতশিল্পী অনিমা রায় ও নির্ঝর চৌধুরী। গানটির সংগীতায়োজন করেছেন বাংলাদেশের কিংবদন্তি সুরস্রষ্টা ও সংগীত পরিচালক শেখ সাদী খান। গত রবিবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
অনিমা রায় বলেন, “এর আগেও আমি চার-পাঁচটি সিনেমায় গান করেছি। যার মধ্যে কলকাতার ‘রিইউনিয়ন’ সিনেমার ‘হৃদয়ের একুল ওকুল’ গানটি বিশেষভাবে আলোচনায় এসেছিল। এছাড়াও আমি ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমায় ‘নব আনন্দে জাগো’, ‘অসম্ভব’ সিনেমায় ‘আজি ঝর ঝর মুখর বাদর দিনে’, ‘আমি কমলা’ সিনেমায় ‘যদি তারে নাই চিনি গো’, ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায় ‘ভেঙে মোর ঘরের চাবি’সহ আরও বেশ কিছু গান গেয়েছি। ‘দেনা পাওনা’তে রবীন্দ্রসংগীত গেয়ে খুবই ভালো লেগেছে। সুরসঙ্গতি আধুনিক, তবে গানের কথা ও সুরকে প্রাধান্য দিয়ে করা হয়েছে। আমি সবসময় প্রত্যাশা করি রবীন্দ্রনাথের গান বেশি করে আমাদের সিনেমায় ব্যবহৃত হোক। কারণ রবীন্দ্রনাথ যেভাবে সকলের কথা সবসময়ের গভীর অনুভূতিতে ব্যক্ত করেছেন, তা এই প্রজন্মের কাছে পৌঁছে দিতে সিনেমার থেকে বড় মাধ্যম আর নেই।”
নির্ঝর চৌধুরী বলেন, “অনিমা আমার ছোটবেলার বন্ধু। তার সঙ্গে এর আগে অনেক স্টেজে একসঙ্গে গান গাইবার সুযোগ হয়েছে। তবে এবারই প্রথম আমরা কোনো সিনেমার জন্য একসঙ্গে গান গাইলাম; তাও আবার শ্রদ্ধেয় শেখ সাদী খান স্যারের মিউজিক অ্যারেঞ্জমেন্টে। তিনি তো বাংলাদেশের সিনেমার অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা ও সংগীত পরিচালক, একজন দেশবরেণ্য সংগীত পরিচালক। তার সঙ্গে কাজ করাটাও এক নতুন অভিজ্ঞতা। সব মিলিয়ে খুব ভালো একটি কাজ হলো, যা নিয়ে আমি বিশেষভাবে খুবই আশাবাদী।”
নির্ঝর চৌধুরী নিজেও একজন সুরকার ও সংগীত পরিচালক হিসেবে ‘পদ্মপুরাণ’, ‘সর্দাও বাড়ির খেলা’, ‘বেহুলা দরদী’, ‘বিফোর আই ডাই’ সিনেমার কাজ করেছেন। এছাড়াও তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সিটি অব লাইট’ ও ‘ছাড়পত্র’-র কাজ করেছেন। বর্তমানে তিনি শুভাশীষ সিনহা ও জাহিদ ইসলামের দুটি সিনেমার সংগীত পরিচালনার কাজ করছেন।