নিরাপত্তাজনিত কারণ ও প্রয়োজনীয় সরকারি অনুমোদন না পাওয়ায় শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’-এর ঢাকা কনসার্ট। প্রায় ১০ মাস আগে প্রথমবার স্থগিত হওয়া এই কনসার্টটি আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজনের কথা ছিল।
‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শিরোনামের এই কনসার্টে কাভিশের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’-এর পারফর্ম করার কথা ছিল। আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস জানিয়েছে, প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় আয়োজনটি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর দ্রুতই নতুন তারিখ জানানো হবে।
প্রাইমওয়েভ কমিউনিকেশনস ফেসবুক পোষ্টের জানান, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নির্ধারিত ‘কাভিশ লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠানটি পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে না। সব প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সত্ত্বেও আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশে অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত নিতে হয়েছে। এই আয়োজনের সবকটি শো স্থগিত করা হয়েছে!’
আগের কেনা টিকিট নতুন নির্ধারিত তারিখেও কার্যকর থাকবে বলে জানিয়েছে আয়োজকরা। তারা বলেন, ‘আয়োজকদের নিয়ন্ত্রণের বাইরে থাকা এই অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে যে সাময়িক অসুবিধা ও হতাশার সৃষ্টি হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থণা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন সাপেক্ষে কনসার্টের পুনঃনির্ধারিত তারিখ যত দ্রুত সম্ভব জানিয়ে দেওয়া হবে। আগে কেনা সমস্ত টিকিট পরবর্তীতে পুনঃনির্ধারিত অনুষ্ঠানের জন্যও কার্যকর থাকবে।’
অন্যদিকে, নিরাপত্তার অজুহাতে শুক্রবারের (২৫ সেপ্টেম্বর) আরও দুটি বড় আন্তর্জাতিক কনসার্ট স্থগিত বা পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (পূর্বাচল) ‘mAhx Republic’ আয়োজিত একটি কনসার্টে পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আলী আজমত, মুস্তফা জাহিদ ও ব্যান্ড ‘জাল’-এর পাশাপাশি বাংলাদেশের রকস্টার নগরবাউল জেমস, নেমেসিস ও লেভেল ফাইভ-এর মঞ্চ মাতানোর কথা ছিল।