পাকিস্তানি তরুণ সংগীতশিল্পী মুর্তজা কিজিলবাশ ও বাংলাদেশের জনপ্রিয় পপতারকা হাবিব ওয়াহিদের বহুল প্রতীক্ষিত কনসার্টটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে কর্তৃপক্ষের নির্দেশনায় শুক্রবার, ২৫ সেপ্টেম্বরের এই মেগা ইভেন্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ শিরোনামের এই কনসার্টটির যৌথ আয়োজক ‘ঢাকা বিটস’ এবং ‘সেন্স ইট বাই লেটস ভাইব’। এটি উদীয়মান তারকা মুর্তজার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক একক কনসার্ট হওয়ার কথা ছিল, যা ঘিরে ঢাকার শ্রোতাদের মাঝেও ব্যাপক উন্মাদনা তৈরি হয়।
ইভেন্ট স্থগিতের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করে ‘ঢাকা বিটস’ এক জরুরি বিবৃতিতে জানায়, বিগত কয়েক সপ্তাহ ধরে সব ধরনের সরকারি ও প্রশাসনিক ছাড়পত্র সংগ্রহ করে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যক্ষ নির্দেশনায় ২৫ সেপ্টেম্বরের অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়েছেন তারা।
আয়োজকরা দর্শকদের টিকিটের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে জানান, খুব শিগগিরই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে এবং কেনা টিকিটটি নতুন তারিখে কার্যকর থাকবে। তবে যারা নতুন তারিখে উপস্থিত হতে পারবেন না বা টাকা ফেরত পেতে চান, তারা আগামী ৭ কর্মদিবসের মধ্যে ‘কুইকেট’ (Quicket) অ্যাপের মাধ্যমে টিকিটের শতভাগ রিফান্ড নিতে পারবেন। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য শ্রোতা ও ভক্তদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।