সমসাময়িক তরুণ প্রজন্মের বাংলাদেশে ইসলামিক ও মরমি গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আল-আমিন সাদ নিয়মিত নতুন নতুন গান প্রকাশ করছেন। তারই ধারাবাহিকতায় হাবিব মোস্তফার কথা ও সুরে এবার ‘কাঠের বাক্স’ শিরোনামে একটি মরমি গান গেয়েছেন তিনি।
বেহেস্তীর সার্বিক সহযোগিতায় আল-আমিন সাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে পবিত্র রমজান উপলক্ষে গানটি প্রকাশ করা হয়েছে।
‘কাঠের বাক্স’ প্রসঙ্গে কণ্ঠশিল্পী আল-আমিন সাদ বলেন, ‘হাবিব মোস্তফা ভাইয়ের কথা ও সুরে আমি একাধিক গান করেছি। তবে এবারের গানটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। গানটির বাণীর গভীরতা যেকোনো সংবেদনশীল মানুষকে স্পর্শ করবে। সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে আমি সুরের সঙ্গে একাত্ম হয়েছি এবং হৃদয় দিয়ে গানটি গেয়েছি। শ্রোতাদের ভালো লাগা ছুঁতে পারলে আমার শ্রম সার্থক হবে।’
গানটি সম্পর্কে হাবিব মোস্তফা বলেন, “আল্লাহ রাব্বুল আলামিনের সেরা সৃষ্টি জীব হয়েও মানুষ প্রতি পদে পদে পাপ করে। লোকচক্ষুর আড়ালে সেই পাপ সংঘটিত হয় বলে অনেক সময় মানুষ মনে করে, বোধ হয় কেউ তা দেখছে না। কিন্তু আল্লাহর ‘সিসি ক্যামেরা’ থেকে কারো রেহাই পাওয়ার সুযোগ নেই। বাইরে থেকে বোঝা না গেলেও ভেতর থেকে পাপের ঘুণে কুরে কুরে মানুষকে শেষ করে দেয়। সারাজীবন বীরদর্পে মানুষ সময় পার করে দেয়; কিন্তু বার্ধক্যে উপনীত হলে তার মধ্যে অনুশোচনা আসে। সেই মরমি চিন্তা থেকেই গানটি করা। এ সময় যারা গান করছেন, তাদের মধ্যে আল-আমিন সাদের কণ্ঠে একটি আলাদা সৌন্দর্য ও বলিষ্ঠতা রয়েছে। সেই ধারাবাহিকতায় ‘কাঠের বাক্স’ গানটির বাণী, সুর ও গায়কি শ্রোতাদের অন্তর ছুঁয়ে যাবে—এটাই আমার দৃঢ় বিশ্বাস।”
আল-আমিন সাদ একাধিক টিভি চ্যানেলের ইসলামিক রিয়েলিটি শোর চ্যাম্পিয়ন। তার গাওয়া গানগুলো ইতোমধ্যেই তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।