প্রিয় মানুষের সৌন্দর্য যেন সোনার মতো দীপ্তিময় ও দৃষ্টিনন্দন। তার রূপের উজ্জ্বলতা ও আকর্ষণ এতটাই তীব্র যে, তা প্রেমিকের হৃদয়ে গভীর আলোড়ন তোলে। সেই মায়াবী সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রেমিক যেন প্রেমের আগুনে প্রতিনিয়ত দগ্ধ হতে থাকে। এমনই অনুভূতি থেকে প্রিয় মানুষের প্রতি মুগ্ধতাকে কেন্দ্র করে এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী তানজিল মিসবাহ গেয়েছেন নতুন গান ‘সোনা বন্ধের গায়’।
গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই। সংগীতায়োজন করেছেন শোভন রায়। ড্যান্স ঘরানার এই গানের ভিডিও নির্মাণ করেছেন হাসান রনি। ভিডিওতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সোয়েব আক্তার শান্ত ও অভিনেত্রী অলংকার চৌধুরীর রসায়ন, পাশাপাশি থাকবেন তানজিল মিসবাহ নিজেও। কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল।
নিজের নতুন গান প্রসঙ্গে তানজিল মিসবাহ বলেন, ‘আমি সাধারণত বিরহের গান বেশি করি। এই গানটি পুরোপুরি ভিন্ন ঘরানার। শ্রোতাদের ভিন্ন কিছু দেওয়ার উদ্দেশ্যেই এটি করা। আশা করি নাচে-গানে ভরপুর এই গানটি সবার হৃদয়ে দোলা দেবে। শ্রোতাদের ভালোবাসা ও প্রতিক্রিয়াই আমার আগামীর অনুপ্রেরণা।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, আগামী বৃহস্পতিবার তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশিত হবে। পাশাপাশি এটি দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মেও শোনা যাবে।
গত ঈদুল ফিতরে ডিএমএস থেকে প্রকাশিত তানজিল মিসবাহর গান ‘চাঁদ বদনে’ প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলে এবং ইউটিউব ট্রেন্ডিংয়েও জায়গা করে নেয়। মাত্র তিন মাসে গানটি ১৫ মিলিয়নেরও বেশি দর্শক-শ্রোতার কাছে পৌঁছে যায়।