হোম > বিনোদন > সংগীত

প্রবাসীর আর্তনাদে বাউলার নতুন গান

বিনোদন রিপোর্টার

মাটির গন্ধ, নদীর ঢেউ আর মায়ের মুখ— এই তিনের টানেই বেঁচে থাকে বাঙালির হৃদয়। সেই হৃদয়ের গভীরতম আর্তি, অদেখা অশ্রু আর না-বলা কথার সুর নিয়েই বাংলা লোকগানের দল ‘বাউলা’ নিয়ে এলো তাদের নতুন গান ‘বিদেশ আমার ভাল্লাগেনা মা’। দেশে ও বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য ভক্ত-শ্রোতার ভালোবাসায় সিক্ত ‘বাউলা’।

দলটি জানায়, দীর্ঘদিন ধরে প্রবাসী ভক্তদের অনুরোধ ছিল তাদের মনের কথা, তাদের না বলা অনুভূতি যেন একটি গানে ধরা পড়ে। সেই আবেগ, সেই অপেক্ষা ও দুই বছরের নিরন্তর ভাবনা-চিন্তার ফসল এই গান। গানটি নিয়ে জানানো হয়, ‘বিদেশ আমার ভাল্লাগেনা মা’ কেবল একটি গান নয়; এটি প্রবাস জীবনের নিঃসঙ্গ সন্ধ্যা, ভিডিও কলে মায়ের মুখ দেখে চুপচাপ চোখ মুছে নেওয়া এক সন্তানের গল্প। এটি ব্যস্ত নগরীর কোলাহলে দাঁড়িয়ে গ্রামের শিউলি-ঝরা ভোরকে মনে করার আকুতি।

গানটির কথা লিখেছেন ও সুরারোপ করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সাইফুল ইসলাম মান্নু। তার কথায় ধরা পড়েছে প্রবাস জীবনের টানাপোড়েন, আর সুরে মিলেছে লোকজ আবেগের গভীরতা। গানটির প্রধান কণ্ঠ দিয়েছেন ‘বাউলা’ ব্যান্ডের অধিকর্তা প্রকাশ আর্টিস্ট। তার কণ্ঠে ভেসে ওঠে এক অভিমানী সন্তানের আর্তি 'মা, বিদেশ আমার ভাল্লাগেনা।'

সংগীতে ছিলেন একদল দক্ষ শিল্পী- হারমোনিয়ামে রবিন সরকার, ঢোলে মাসুম ও সাঈদ আহম্মেদ, বাঁশিতে আশিকুল, গিটারে ইকে মজুমদার ইস্তি, বেইজ গিটারে অনুপ এবং পারকাশনে সোহেল। সংগীতায়োজন করেছেন রবিন সরকার ও ইকে মজুমদার ইস্তি। চিত্র পরিচালনায় ছিলেন রাইসুল ইসলাম অনিক, যিনি গানের আবেগকে দৃশ্যপটে রূপ দিয়েছেন মমতা ও মাটির রঙে। প্রকাশ

আর্টিস্ট বলেন, ‘এই গানটিতে আমরা প্রবাসীদের মনের ভেতরের না বলা কথাগুলো সুরে সুরে প্রকাশের চেষ্টা করেছি। প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির চালিকাশক্তি। তারা বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করে দেশের জন্য অর্থ পাঠান। তাদের শ্রমে উপকৃত হয় দেশ, উপকৃত হয় পরিবার ও সমাজ। কিন্তু তাদের বুকের ভেতর জমে থাকা কষ্ট, নিঃসঙ্গতা আর মায়ের জন্য আকুলতা—সেই গল্প আমরা কতটুকু জানি? সেই অদেখা অনুভূতির ভাষাই আমরা এই গানে তুলে ধরেছি।’ গত বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। প্রকাশের পরপরই দেশ-বিদেশের শ্রোতাদের মাঝে প্রশংসা পেতে শুরু করেছে গানটি।

টরেন্টোতে নতুন বাংলা গানে কন্ঠ দিলেন ডলি সায়ন্তনী

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

বাবার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে দিঠির ‘ঘড়ির কাঁটা’

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

প্লে-ব্যাকের অপেক্ষায় অনুপমা মুক্তি

ফের মঞ্চে ফিরছেন প্রীতম হাসান