মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ, বৃহস্পতিবার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে সংগীত, কবিতা, নাটক, আলোচনা ও আলেখ্যানুষ্ঠানসহ নানা আয়োজন সম্প্রচার করা হবে সারা দিন।
সকাল ১০টা ৩৫ মিনিটে শুরু হবে বিশেষ সংগীতানুষ্ঠান। এরপর দুপুর ১২টায় প্রচারিত হবে দেশাত্মবোধক কবিতা আবৃত্তি।
দুপুর ১২টা ৪৫ মিনিটে থাকছে ‘স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন’ শিরোনামের সংগীতানুষ্ঠান। এতে গান পরিবেশন করবেন দিঠি, আনোয়ার, পিয়াল হাসান, সোহেল মেহেদি, লায়লা ইয়াসমিন লাবণ্য, লাবণী আক্তার, চম্পা বণিক, অন্তর, মৌসুমী ইকবাল ও রাফিজা আক্তার।
দুপুরে প্রচারিত হবে ১৯৭১ সালের ২৬ মার্চ দেশি-বিদেশি পত্রিকায় প্রকাশিত সংবাদের বিশ্লেষণধর্মী অনুষ্ঠান। বিকেল সাড়ে ৪টায় থাকছে স্বরচিত কবিতা পাঠ, আর বিকেল ৫টায় আরেকটি সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ৬টায় আয়োজন করা হয়েছে বিশেষ আলোচনা অনুষ্ঠান।
রাত ৯টায় প্রচারিত হবে আব্দুল আজিজের রচনা ও নাসির উদ্দিনের প্রযোজনায় নাটক ‘ওঁরা ছিলেন বলেই’। শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন আব্দুল আজিজ, প্রমা আজিজ, শ্যামল হাসান, কবির টুটুল, ঈশিকা আজিজ, খন্দকার শাহ আলম, ম ম মোর্শেদ, মারুফ আকিব ও সাবিহা জামান প্রমুখ।
রাত ১০টায় সম্প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান ‘মুক্তির পতাকা আমার’। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনা ও নাদিয়া হকের উপস্থাপনায় সাজানো এই আয়োজনে থাকবে একক ও দলীয় সংগীত, নৃত্য এবং আবৃত্তি।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে কুচকাওয়াজ, সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা পরিবেশনা এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি।