ডিজিটাল যোগাযোগের ভিড়ে হারিয়ে যেতে বসা চিঠির ইতিহাস, ঐতিহ্য ও গভীর আবেগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিয়ে এসেছে নতুন এক বিশেষ অনুষ্ঠান—‘ফিরে এসো চিঠি’। পাক্ষিক এই অনুষ্ঠানটির প্রথম পর্ব গত বুধবার রাত ১১টা ৫ মিনিটে প্রচারিত হয়েছে। আর প্রথম পর্বের বিশেষ আলোচনার বিষয়বস্তু ছিল ‘নজরুলের চিঠি’।
বিশিষ্ট লেখক অনার্য মুর্শিদের গবেষণা ও গ্রন্থনায় এবং বিটিভির সংবাদ পাঠিকা মেহেনাজ মুন্নির সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটিতে সময়ের বিবর্তনে চিঠির সেকাল ও একালের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে। প্রাণবন্ত আলোচনা ও শৈল্পিক আর্ট-শোর মাধ্যমে পর্দায় জীবন্ত করে তোলা হয়েছে চিঠির সঙ্গে জড়িয়ে থাকা পুরোনো স্মৃতি, আবেগ ও ঐতিহ্যকে।
ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক এই অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ এবং প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এনামুল হক। অনুষ্ঠানটির সার্বিক নির্মাণে সহযোগিতা করছে ‘দোয়েল কমিউনিকেশনস’।
নতুন এই আয়োজন প্রসঙ্গে প্রযোজক গোলাম মোর্শেদ বলেন, “বিশেষ এই গবেষণাধর্মী অনুষ্ঠানে আলোচনার জন্য বয়োজ্যেষ্ঠ অতিথিদের পাশাপাশি তরুণ প্রজন্মের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। দুই প্রজন্মের মধ্যে সেতুবন্ধ তৈরির মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে উঠেছে কালের আয়না, যে আয়নায় প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত অনুভূতি ও অভিজ্ঞতার গল্প ফুটে উঠছে।”
দোয়েল কমিউনিকেশনসের প্রধান নির্বাহী মসিউর রহমান বলেন, “চিঠি যুগে যুগে ছিল, থাকবে। ব্যস্ত জীবনের মধ্যেও প্রিয়জনের অনুভূতি বোঝা যে কতটা গুরুত্বপূর্ণ, এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত সেই মানবিক আহ্বানই জানানোর চেষ্টা করা হয়েছে।”
সংশ্লিষ্টরা জানান, ঐতিহ্যের ধুলোমাখা ডাকবাক্সের স্মৃতি উন্মোচন এবং প্রায় হারিয়ে যাওয়া চিঠির ভাঁজে লুকিয়ে থাকা আবেগ ও অনুভূতিকে নতুন করে সামনে আনার লক্ষ্য নিয়েই সাজানো হয়েছে ‘ফিরে এসো চিঠি’। এর মাধ্যমে কেবল অতীতের যোগাযোগব্যবস্থাই নয়, বরং তৎকালীন সমাজচিত্র, ইতিহাস-ঐতিহ্য, শিল্পকর্ম, সাহিত্য ও দর্শনের নানা দিকও দর্শকদের সামনে তুলে ধরার সুন্দর প্রয়াস নেওয়া হয়েছে।