হোম > ফিচার > এক্কাদোক্কা

শাপলা ভরা বিল

সাঈদুর রহমান লিটন

দুপাশে কলাগাছের সারি। তার মাঝ দিয়ে বয়ে গেছে একটা রাস্তা। রাস্তাটি এ বছর পিচঢালাই করা হয়েছে। রাস্তার দুপাশে মাঝে মাঝে খেজুরগাছও আছে। অনেকটা ছবির মতো দেখা যায় রাস্তাটি। গ্রামবাংলার অকৃত্রিম একটা নান্দনিক ছবি। দেখে মন ভরে যায়। রাস্তা ধরে কিছু দূর এগিয়ে গেলে বাঁ দিক দিয়ে একটা কর্দমাক্ত বাইপাস রাস্তা চলে গেছে। রাস্তার শুরুতেই একটা মাঝারি আকারের কদবেল গাছ আছে। কদবেল গাছের অনেকগুলো ডাল চতুর্দিকে চলে যাওয়ায় দূর থেকে বটগাছের মতো মনে হয়। অনেক কদবেল ধরেছে গাছে। মনে হয় গাছে ছোট ছোট সাদা রঙের বল ঝুলে আছে।

কাদা ঠেলে আর একটু এগিয়ে গেলে একটি অনেক পুরোনো বটগাছ। অনেক ইতিহাসের সাক্ষী এই বটগাছটা। মাঠের কৃষকেরা বটগাছের ছায়ায় এসে বিশ্রাম নেয়, নানা সুখ-দুঃখের গল্প করে। এখান থেকে সামান্য একটু এগুলেই বর্ষা মৌসুমে পানি জমে বিস্তীর্ণ এলাকাজুড়ে সাগরের মতো হয়ে যায়। এটাকে এলাকার লোকে ‘কানাবিল’ বলে থাকে। কথিত আছে, একজন কানা ভদ্রলোক এই বিল থেকে প্রকাণ্ড এক রুই মাছ ধরেছিলেন। তার এই কৃতিত্ব হিসেবে বিলের নামকরণ করা হয়েছে কানাবিল। এই বিলে প্রচুর শাপলা ফোটে বর্ষাকালে। পুরো বিল সাদা শাপলায় ভরে যায়। দূর থেকে দেখে মনে হয় সাদা রঙের কার্পেট বিছানো এলাকা। কাছে এলে মনে হয় সাদা-সবুজের মিশ্রণে কানাবিলটি সেজেছে অপূর্ব সাজে। কিশোর-কিশোরীরা শাপলা তুলে আনে ভেলায় করে। এগুলো হাটে নিয়ে বিক্রি করে। শাপলা ফুলের নিচের অংশ লম্বা নলের মতো নরম-কোমল। এই অংশকে নাইল বলে। নাইল তরকারি হিসেবে খাওয়া যায়। শাপলার নাইল পুষ্টিগুণসমৃদ্ধ। বিল থেকে অনেক লোকই নাইল তুলে জীবিকা নির্বাহ করে। শাপলার পাতাগুলো পানির উপর ভাসতে থাকে। ঢেউ এলে সেসব পাতা পানিতে দোল খায়। পাতা, ফুল আর পানি একত্রে যখন দোল দেয়, তখন দর্শনার্থীদের মনের মধ্যে বয়ে যায় খুশির হিল্লোল।

কানাবিল কোনো নামকরা বিল নয়—পত্র-পত্রিকা, ফেসবুক বা কোনো মিডিয়ায় স্থান নেই। তবে বর্ষার দিনে শাপলা ফুটে প্রকৃতিতে এক অনবদ্য রূপে রূপায়িত করে—যা আমরা যারা দরিদ্র মানুষ আছি, দূরে কোথাও গিয়ে প্রকৃতির অপরূপ সুধা পান করতে পারি না, তাদের কাছে কানাবিলই সৌন্দর্যের আধার। এটি আমাদের সৌন্দর্যপিপাসু মনকে প্রকৃতির রূপ, রস ও গন্ধ দিয়ে সামান্য হলেও মাতিয়ে রাখে।

ঘুম ভাঙানো পিউ কাহা

পদ্মাপাড়ে আনন্দভ্রমণ

রাফি হলো সমাজসেবী

রঙিন পাখি ম্যাকাও

‘ছোটদের আনন্দবার্ষিকী রংপেনসিল’ শিশুসাহিত্যে নতুন সংযোজন

মেরু ভালুক সাদা নয়!

কাশফুল তুলতুল

শিশুদের সুরক্ষায় স্মার্টফোন নয়, প্রয়োজন স্মার্ট অভ্যাস

আফ্রিকার হাতি বৃহত্তম স্থলজ প্রাণী

পিঁপড়াদের কাছে শেখার আছে