অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদ্যন্ত্র, কিডনি, চোখ, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই ডায়াবেটিসকে ‘মাদার অব অল ডিজিজেস’ বা সর্বরোগের জননী হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাদের মতে, চিকিৎসার চেয়ে আগে থেকেই প্রতিরোধ করা হলে তা হবে উত্তম ও সাশ্রয়ী।
মঙ্গলবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে আলোচকরা এসব কথা বলেন। গত ১৪ নভেম্বর বিশ্বব্যাপী ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। সেমিনারে ডায়াবেটিস রোগের ঝুঁকি ও জটিলতা মোকাবিলায় সচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা।
এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সভাপতি প্রতীক ইজাজ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু ঊর্মি। এতে প্যানেল আলোচক ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু মোহাম্মদ, ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাস্কুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জি এম মকবুল হোসেন এবং নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল মুকীত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনডিএফের জেনারেল সেক্রেটারি ডা. মাহমুদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, ‘আমরা সবাই চাপপূর্ণ জীবনযাপন করছি, যা আমাদের শরীরের সবকিছুকে পরিবর্তন করে দিচ্ছে। এতে ডায়াবেটিসের মতো রোগগুলো হচ্ছে। বিশ্বে প্রতি ৯ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। ভয়াবহ তথ্য হচ্ছে— এর মধ্যে ১০০ জনে ৪৩ জনই জানে না তারা ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশেও প্রায় ১ কোটি ৩৯ লাখ ডায়াবেটিস আক্রান্ত রোগী রয়েছেন, যাঁদের বড় অংশই জানেন না তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত।’
তিনি আরও বলেন, ‘দেশে খেলার মাঠ নেই, শিশুরা খেলতে পারছে না। এদিকে খাদ্যে ভেজাল। এ বিষয়গুলোর দিকে সরকারের নজর দিতে হবে। এক্ষেত্রে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও উদ্যোগ নিতে হবে।’
প্রবন্ধ উপস্থাপনকালে সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু ঊর্মি বলেন, ‘ডায়াবেটিস শুধু রক্তে শর্করা বৃদ্ধির রোগ নয়, এটি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর নীরব ঘাতক। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ফাস্টফুড ও কোমল পানীয় গ্রহণ, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা এবং অনিয়মিত জীবনযাপনের কারণে তরুণ প্রজন্মও ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি গর্ভকালীন ডায়াবেটিস মা ও শিশুর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই ডায়াবেটিস প্রতিরোধ ও জটিলতা এড়াতে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত রক্তের গ্লুকোজ, চোখ, কিডনি ও হৃদ্যন্ত্র পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।’
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সভাপতি প্রতীক ইজাজ বলেন, ‘ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা আরও সহজবোধ্য ভাষায় মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম অগ্রণী ভূমিকা পালন করতে পারে। রাজনৈতিক পটপরিবর্তনে জাতীয় স্বাস্থ্যনীতি এবং স্বাস্থ্যখাত রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।’
ন্যাশনাল ডক্টরস ফোরাম মনে করে, ডায়াবেটিস একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। সময়মতো রোগ শনাক্তকরণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসজনিত নানা জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় প্যানেল আলোচকরা বলেন, ডায়াবেটিসের মতো রোগে চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম ও সাশ্রয়ী; কারণ ডায়াবেটিসের জটিলতা শুরু হলে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হয়ে পড়ে এবং চিকিৎসার বড় অংশজুড়ে রয়েছে জীবনযাত্রার পরিবর্তন।
তাঁরা জানান, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের অন্যতম লক্ষ্য কিডনি। ডায়াবেটিসে আক্রান্তদের ৭ থেকে ১০ বছরের মধ্যে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, যা অনেক সময় অজানা থেকে যায়। ডায়ালাইসিস নির্ভর কিডনি রোগীদের ৫০ শতাংশেরই কারণ ডায়াবেটিস। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা গেলে কিডনি রোগীর চাপ কমানো সম্ভব। সেমিনারে দেড় শতাধিক ব্যক্তির বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।