সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল চূড়ান্ত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ চেয়েছে।
বৃহস্পতিবার রাতে আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স ডিরেক্টর তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল করার সুযোগ রয়েছে। সেই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এবং বর্তমানে চিকিৎসাধীন রোগীদের স্বার্থ বিবেচনায় হাসপাতালের নিয়মিত কার্যক্রম চালু রাখার অনুমতি চেয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, প্রতিষ্ঠানটি মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ ভরসাস্থল। হঠাৎ করে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিলে বর্তমানে ভর্তি থাকা বিপুলসংখ্যক রোগীর চিকিৎসা ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে হাসপাতালটিতে ৪১৬ জন রোগী ভর্তি রয়েছেন। একই দিনে বহির্বিভাগে প্রায় এক হাজার রোগীকে সেবা দেওয়া হয়েছে। এছাড়া ৬০ জন নবজাতক এনআইসিইউতে, ২০ জন আইসিইউতে এবং ৪ জন সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
কর্তৃপক্ষের মতে, মানবিক দিক বিবেচনায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতালের সেবা কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।
উল্লেখ্য, সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে। এই সিদ্ধান্তের পর হাসপাতাল কর্তৃপক্ষ আপিল প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে।