হোম > ফিচার > স্বাস্থ্য

দেশে প্রথমবার মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য অলিম্পিয়াড

স্টাফ রিপোর্টার

দেশে প্রথমবারের মতো মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে ‘বিএপি মেন্টাল হেলথ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)। ভবিষ্যৎ চিকিৎসকদের মধ্যে মানসিক স্বাস্থ্য ও মনোরোগবিদ্যা বিষয়ে জ্ঞান, সচেতনতা ও আগ্রহ বাড়ানোর পাশাপাশি পেশাগত দক্ষতা জোরদার করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

শনিবার রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস) ও ঢাকা মেডিকেল কলেজ কুইজিং অ্যান্ড ডিবেটিং সোসাইটির (ডিএমসিডিএস) সহায়তায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ভবিষ্যৎ চিকিৎসকদের মানুষের কথা শোনা এবং তাদের মানসিক অবস্থার প্রতি মনোযোগী হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। মানুষের জীবনের গল্প শুনে এমন পরিবর্তন আনতে হবে, যাতে তারা মানসিক শান্তি ও সুস্থতা অনুভব করেন।

তিনি আরও বলেন, সুস্বাস্থ্য বলতে শুধু শারীরিক সুস্থতা বোঝায় না, মানসিক স্বাস্থ্যও এর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাই চিকিৎসকদের অন্যের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি নিজেদের মানসিক সুস্থতার প্রতিও যত্নবান হতে হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন বলেন, মনোরোগবিদ্যায় ক্যারিয়ার গড়তে আগ্রহীদের পাশাপাশি অন্যান্য বিষয়ে বিশেষজ্ঞ হতে চাওয়া শিক্ষার্থীদের জন্যও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি। সব বিভাগের রোগীদেরই কমবেশি মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা থাকতে পারে। এ ধরনের আয়োজন মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের (বিএপি) সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সাইফুন নাহার এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আইনুল ইসলাম খান।

অলিম্পিয়াডে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ১৫০ জন শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে অংশ নেন। প্রথম ক্যাটাগরিতে পঞ্চম বর্ষের, দ্বিতীয় ক্যাটাগরিতে তৃতীয় ও চতুর্থ বর্ষের এবং তৃতীয় ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিটি ক্যাটাগরিতে নারী ও পুরুষ শিক্ষার্থীদের পৃথকভাবে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অর্জনকারীদের ৮ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীদের ৫ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারীদের ৩ হাজার টাকা করে অর্থ পুরস্কারের পাশাপাশি ক্রেস্ট দেওয়া হয়।

সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. আনিকা বসারাত ‘ক্যারিয়ার ইন সাইকিয়াট্রি’ বিষয়ে আলোচনা করেন। একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ডা. মো. আরিফুজ্জামান ‘বাংলাদেশে বিএপি ও মানসিক স্বাস্থ্য’ বিষয়ে উপস্থাপনা করেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ কুইজিং অ্যান্ড ডিবেটিং সোসাইটির আয়োজনে একটি মক ডিবেট অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াডের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মনোরোগবিদ্যায় ক্যারিয়ার, মানসিক স্বাস্থ্য এবং এ ক্ষেত্রে পেশাগত সম্ভাবনা নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

স্তন ক্যান্সার শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বড় হুমকি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই, একদিনে হাসপাতালে ভর্তি ১৬৩১

স্তন ক্যান্সার সচেতনতায় কাল রাজধানীতে গোলাপি শোভাযাত্রা

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ১৩০০

হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি

দেশে গুরুতর চোখের সমস্যায় ভুগছেন ৭৪ লাখের বেশি মানুষ

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪২৮

প্লেগ রোগ কী, এটি নিয়ে এত আলোচনা কেন

আমরা ইনসুলিন বন্ধ করতে বলিনি