হোম > ফিচার > স্বাস্থ্য

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

গ্রামাঞ্চলের নারীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে তৃণমূল পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার (স্তন ক্যান্সার) স্ক্রিনিং কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, এ লক্ষ্যে স্বাস্থ্যসেবার অবকাঠামোগত উন্নয়ন, দ্রুত নতুন চিকিৎসক ও মিডওয়াইফ নিয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রম ত্বরান্বিত করা হচ্ছে। নারীদের মধ্যে স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের মাধ্যমে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

রোববার রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ব্রেস্ট ক্যান্সারের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও নারীরা এ রোগে আক্রান্ত হচ্ছেন। সচেতনতা ও চিকিৎসার অভাবে অনেক নারী সময়মতো রোগ শনাক্ত করতে না পেরে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। স্তন ক্যান্সার একজন নারীর শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি তাঁর মানসিক সুস্থতা ও স্বাভাবিক জীবনযাত্রায়ও গভীর প্রভাব ফেলে।

চিকিৎসকদের সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে সাখাওয়াত হোসেন বলেন, শুধু সভা-সেমিনার আয়োজন কিংবা প্রচারমাধ্যমে প্রকৃত সচেতনতা তৈরি সম্ভব নয়। এ জন্য চিকিৎসকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেশের সবচেয়ে মেধাবী সন্তান। বছরে অন্তত দুই-তিন দিন নিজের গ্রামে ফিরে যান। স্থানীয় নারীদের একত্র করে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এবং সচেতনতা সম্পর্কে শিক্ষা দিন। এটি কেবল চিকিৎসাসেবা নয়, একটি মহান মানবতার কাজ।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, একসময় দেশে সংক্রামক ব্যাধিতে ব্যাপক প্রাণহানি ঘটলেও বর্তমানে মোট মৃত্যুর প্রায় ৭১ থেকে ৭৩ শতাংশের জন্য দায়ী বিভিন্ন অসংক্রামক রোগ। হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ মোকাবিলায় প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তিনি আরো জানান, দেশে প্রতি এক লাখ নারীর মধ্যে ১৫ জনের স্তন ক্যান্সার শনাক্ত হয়। অথচ আক্রান্ত নারীদের প্রায় ৬৩ শতাংশ কোনো ধরনের স্ক্রিনিংয়ের আওতায় আসেন না। ফলে অনেক ক্ষেত্রে রোগটি দেরিতে ধরা পড়ে, যা চিকিৎসাকে দুরূহ করে তোলে। এই পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং স্ক্রিনিং কার্যক্রমের পরিধি বাড়ানোর ওপর তিনি বিশেষ জোর দেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮

শিশুস্বাস্থ্যের উন্নয়নে সম্ভাবনাময় ১০ ক্ষেত্র

ধূমপান না করেও ফুসফুসে ক্যানসার, ঝুঁকিতে যারা

সাত দিনে ৫১ ধরনের উদ্ভিজ্জ খাবার খেলেন সাংবাদিক

স্তন ক্যানসারের ঝুঁকিতে কারা

ব্রেস্ট ক্যানসার সচেতনতার মাস

অস্থিসন্ধির ব্যথাকে অবহেলা নয়

জ্বর কমছে না কেন

ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকাদানের সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪