বুকে ব্যথা, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট কিংবা হঠাৎ অজানা আতঙ্ক—এসব উপসর্গ দেখা দিলে অনেকেই ভয় পেয়ে যান। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি হার্ট অ্যাটাকের লক্ষণ, নাকি অতিরিক্ত উদ্বেগ বা প্যানিক অ্যাটাকের কারণে হচ্ছে? বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, হার্ট অ্যাটাক ও প্যানিক অ্যাটাকের অনেক লক্ষণ দেখতে প্রায় একই ধরনের। ফলে অনেক সময় রোগী নিজেও বুঝতে পারেন না তিনি কোন সমস্যায় আক্রান্ত হয়েছেন। ভুল ধারণা বা চিকিৎসা নিতে দেরি হলে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে তা জীবনঘাতী হতে পারে।
জরুরি বিভাগে বুকে ব্যথা, বুক ধড়ফড় করা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে আসা রোগীদের একটি উল্লেখযোগ্য অংশ পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন, তাদের হার্ট অ্যাটাক নয়, বরং তীব্র উদ্বেগজনিত প্যানিক অ্যাটাক হয়েছে। তবে এর উল্টো ঘটনাও ঘটে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের উপসর্গ অনেক সময় প্রচলিত লক্ষণের চেয়ে ভিন্ন হতে পারে। ফলে কখনো কখনো তাদের সমস্যাকে ভুল করে উদ্বেগ বা মানসিক চাপ বলে ধরে নেওয়া হয়। এতে প্রয়োজনীয় চিকিৎসা পেতে দেরি হয় এবং জীবন ঝুঁকির মুখে পড়ে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের মনোবিজ্ঞানী কিকি ফেলিংয়ের মতে, প্যানিক অ্যাটাক ও হার্ট অ্যাটাকের উপসর্গের মধ্যে এতটাই মিল রয়েছে যে, চিকিৎসকের পক্ষেও অনেক সময় শুধু উপসর্গ শুনে দুটির মধ্যে পার্থক্য নির্ণয় করা সম্ভব হয় না। এ জন্য প্রয়োজন যথাযথ চিকিৎসা মূল্যায়ন ও পরীক্ষা-নিরীক্ষা।
প্যানিক অ্যাটাকের লক্ষণ
প্যানিক অ্যাটাকের সময় সাধারণত হঠাৎ তীব্র ভয়, অস্থিরতা বা আতঙ্ক তৈরি হয়। এর সঙ্গে বুকের এক জায়গায় তীক্ষ্ণ, খোঁচা লাগার মতো বা অল্প সময়ের জন্য ব্যথা হতে পারে। অনেক ক্ষেত্রে মানসিক চাপ, ভয়, দুশ্চিন্তা কিংবা অতিরিক্ত চিন্তা থেকে এ ধরনের সমস্যা শুরু হয়। এ সময় হাত ঘেমে যেতে পারে, শরীর কাঁপতে পারে, বুক ধড়ফড় করতে পারে এবং শ্বাস নিতে কষ্ট হতে পারে। বুকের ব্যথা সাধারণত অল্প সময় স্থায়ী হয় এবং কয়েক মিনিটের মধ্যে কমে আসতে পারে। তবে মনে রাখতে হবে, শুধু ব্যথার ধরন বা স্থায়িত্ব দেখে নিশ্চিতভাবে বলা যায় না যে এটি প্যানিক অ্যাটাক। হার্ট অ্যাটাকেও কখনো কখনো অস্বাভাবিক বা কম তীব্র উপসর্গ দেখা দিতে পারে।
হার্ট অ্যাটাকের লক্ষণ
হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বুকের মাঝখানে বা বাম দিকে চাপ, ভারী অনুভূতি, চেপে ধরা কিংবা মোচড় দেওয়ার মতো ব্যথা হতে পারে। অনেক রোগী বর্ণনা করেন, যেন বুকের ওপর কেউ ভারী কিছু চাপিয়ে দিয়েছে। এই ব্যথা শুধু বুকের মধ্যে সীমাবদ্ধ না থেকে পিঠ, কাঁধ, ঘাড়, চোয়াল কিংবা এক বা দুই হাতেও ছড়িয়ে পড়তে পারে। হার্ট অ্যাটাকের আগে কয়েক দিন ধরে অস্বাভাবিক ক্লান্তি, বদহজমের মতো অনুভূতি কিংবা শরীর খারাপ লাগার মতো সূক্ষ্ম লক্ষণ দেখা দিতে পারে। কখনো শারীরিক পরিশ্রম, হঠাৎ রাগ, মানসিক চাপ কিংবা কোনো দুঃসংবাদ পাওয়ার পর উপসর্গ প্রকাশ পেতে পারে। হার্ট অ্যাটাকের ব্যথা সাধারণত দীর্ঘস্থায়ী হয় অথবা কিছুক্ষণ পরপর ফিরে আসে। এর সঙ্গে শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম, বমি বমি ভাব, মাথা ঘোরা কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার অনুভূতি থাকতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে কখনো তীব্র বুকব্যথা ছাড়াও অস্বাভাবিক ক্লান্তি, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, পিঠ বা চোয়ালে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। তাই শুধু প্রচলিত বুকব্যথা না থাকলেই হার্ট অ্যাটাকের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না।
লেখক : বিভাগীয় প্রধান, কার্ডিওলজি
সাহাবউদ্দিন মেডিকেল কলেজ, ঢাকা