মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী মহাকাশযান ভয়েজার-১ পৃথিবী থেকে এক আলোক দিন দূরত্ব অতিক্রম করেছে। ১৯৭৭ সালে যাত্রা শুরুর প্রায় ৫০ বছর পর গতকাল বুধবার এই মাইলফলক অর্জন করে মহাকাশযানটি। বর্তমানে এটি পৃথিবী থেকে প্রায় ২৬০০ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
এক আলোক দিন বলতে আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে, সেটিকে বোঝায়। অর্থাৎ পৃথিবী থেকে ভয়েজার-১-এ কোনো বার্তা পাঠালে সেটি মহাকাশযানটিতে পৌঁছাতে এক দিন সময় লাগে। আবার সেখান থেকে পাঠানো কোনো বার্তার উত্তর পৃথিবীতে পৌঁছাতেও লাগে আরো এক দিন। ফলে মহাকাশযানটির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একটি বার্তার আদান-প্রদানে মোট দুই দিন সময় প্রয়োজন হচ্ছে।
ভয়েজার-১-এর এই অর্জনকে মহাকাশের বিশালত্বের সবচেয়ে ভালো উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন নাসার বিজ্ঞানী টিফানি কাটারিয়া। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আমরা যে স্বপ্ন দেখি, তার বড় একটি অংশজুড়ে রয়েছে অন্য নক্ষত্রব্যবস্থায় ভ্রমণ। অথচ আমাদের নিজস্ব সৌরজগতের একেবারে প্রান্তে পৌঁছাতেই ভয়েজার-১-এর প্রায় ৫০ বছর লেগেছে। সেখানে এক আলোক দিন দূরত্বে পৌঁছানোর বিষয়টি তো আরো পরের কথা।’
টিফানি কাটারিয়া জানান, আমাদের সৌরজগতের বাইরের অনেক গ্রহব্যবস্থা পৃথিবী থেকে অন্তত কয়েক আলোকবর্ষ দূরে অবস্থিত। নাসার হিসাব অনুযায়ী, ভয়েজার-১-এর এক আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করতে প্রায় ১৮ হাজার বছর লাগবে।
আন্তঃনাক্ষত্রিক মহাকাশে ভয়েজার
১৯৭৭ সালে ভয়েজার-১ ও এর যমজ মহাকাশযান ভয়েজার-২ উৎক্ষেপণ করা হয়। এই দুটি মহাকাশযানই এখন পর্যন্ত সূর্যের হেলিওস্ফিয়ারের বাইরে আন্তর্নাক্ষত্রিক মহাকাশে পৌঁছাতে সক্ষম হয়েছে। হেলিওস্ফিয়ার হলো সূর্য থেকে নির্গত সৌরবায়ু ও চৌম্বক ক্ষেত্রের প্রভাবে তৈরি বিশাল অঞ্চল। ভয়েজার-২-এর ২০৩৫ সালে এক আলোক দিন দূরত্বে পৌঁছানোর কথা রয়েছে।
দীর্ঘ সময় ধরে মহাকাশে অবস্থানের কারণে ভয়েজার-১-এর বেশ কিছু যন্ত্রপাতি বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দূর থেকেই এর ক্যামেরাসহ কয়েকটি সরঞ্জাম বন্ধ করে দিয়েছেন বিজ্ঞানীরা। তবে মহাকাশযানটি এখনো কাজ করে যাচ্ছে। এটি চৌম্বক ক্ষেত্রের মতো অদৃশ্য বিভিন্ন প্রাকৃতিক ঘটনা পর্যবেক্ষণ করছে।
ভয়েজার-১ থেকে পাওয়া তথ্য গবেষকদের নক্ষত্রগুলোর মধ্যবর্তী অঞ্চলের পরিবেশ সম্পর্কে জানতে সহায়তা করছে। টিফানি কাটারিয়া বলেন, এসব তথ্যের মাধ্যমে নক্ষত্রের মধ্যবর্তী স্থানে থাকা গ্যাস, ধুলিকণা ও অন্যান্য পদার্থ সম্পর্কে গবেষণা করা সম্ভব হচ্ছে।
দুটি মহাকাশযানেই রয়েছে বিশেষ ধরনের ‘গোল্ডেন রেকর্ড’। ৩০ সেন্টিমিটার ব্যাসের এসব ডিস্ক তৈরি করা হয়েছে সোনার প্রলেপ দেওয়া তামা দিয়ে। পৃথিবী ও মানবসভ্যতার পরিচয় বহনকারী বিভিন্ন তথ্য এতে সংরক্ষণ করা হয়েছে। মহাকাশে কোনো ভিনগ্রহের প্রাণীর সন্ধান মিললে তাদের কাছে পৃথিবীর পরিচয় তুলে ধরার উদ্দেশ্যে এসব রেকর্ড পাঠানো হয়েছে।
ভয়েজার-১ ও ভয়েজার-২ সৌরজগতের বিশাল গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনও অনুসন্ধান করেছে। যাত্রার শুরুর দিকে এসব গ্রহের গুরুত্বপূর্ণ ছবি ও তথ্য পাঠায় মহাকাশযান দুটি।
টিফানি কাটারিয়া জানান, ভয়েজার-১-এর তোলা বৃহস্পতির ছবিতে প্রথমবারের মতো গ্রহটির চারপাশে বলয়ের অস্তিত্ব ধরা পড়ে। একই সঙ্গে বৃহস্পতির বায়ুমণ্ডলে থাকা অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিবায়ু ও আবহাওয়ার বৈশিষ্ট্য বুঝতে বিজ্ঞানীদের সহায়তা করে এসব ছবি।
প্রায় পাঁচ দশক ধরে মহাকাশে ছুটে চলা ভয়েজার-১ এখনো পৃথিবীতে তথ্য পাঠাচ্ছে। পৃথিবী থেকে এর দূরত্ব এক আলোকদিনে পৌঁছানো মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন এক মাইলফলক। তবে এই অর্জন একই সঙ্গে মহাকাশের বিশালত্ব এবং অন্য নক্ষত্রব্যবস্থায় পৌঁছানোর ক্ষেত্রে মানুষের প্রযুক্তিগত সীমাবদ্ধতাও তুলে ধরছে।
এএম