কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার মধ্যে সমুদ্রের তলদেশে ডেটা সেন্টার স্থাপনের প্রযুক্তিতে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। বৈশ্বিক পেটেন্টের ওপর দুই দশকের এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের আন্ডারওয়াটার ডেটা সেন্টার–সংক্রান্ত পেটেন্টের ৮০ শতাংশই চীনের মালিকানায়। ফলে ভবিষ্যতের পরিবেশবান্ধব কম্পিউটিং অবকাঠামো গড়ে তোলার প্রতিযোগিতায় দেশটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।
একসময় এ প্রযুক্তিতে পশ্চিমা দেশগুলোর অনুসারী হিসেবে বিবেচিত হলেও বর্তমানে চীন সাবমেরিন ডেটা প্রযুক্তির প্রধান শক্তিতে পরিণত হয়েছে। বিশেষ করে প্রকৌশলভিত্তিক প্রযুক্তি, মডিউলার কাঠামো নির্মাণ এবং সমুদ্রের তলদেশে স্থাপিত ডেটা সেন্টারের রক্ষণাবেক্ষণে দেশটির উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে।
প্রতিবেদনটির ভিত্তি চীনের তিয়ানজিনের গবেষকদের প্রকাশিত এক গবেষণা। ২০২৬ সালের ৬ নভেম্বর জার্নাল অব মেরিন ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন-এ প্রকাশিত গবেষণাটিতে ২০০৬ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিশ্বের আন্ডারওয়াটার ডেটা সেন্টার প্রযুক্তির ১৬৮টি মূল পেটেন্ট বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, মোট পেটেন্টের প্রায় ৮০ শতাংশ চীনের। গবেষণায় বলা হয়েছে, ২০২১ সালের পর এ খাতে চীনের পেটেন্ট কার্যক্রম দ্রুত বেড়েছে।
আন্ডারওয়াটার ডেটা সেন্টার হলো সমুদ্রের তলদেশে বা উপকূলীয় পানির নিচে বিশেষভাবে তৈরি সুরক্ষিত কাঠামোর মধ্যে সার্ভার ও কম্পিউটিং সরঞ্জাম স্থাপন করা। সাধারণ ডেটা সেন্টারে সার্ভার চালানোর সময় প্রচুর তাপ উৎপন্ন হয়। এ তাপ নিয়ন্ত্রণে শীতাতপনিয়ন্ত্রণ ও শীতলীকরণ ব্যবস্থায় বিপুল বিদ্যুৎ ও পানি প্রয়োজন হয়। পানির নিচে ডেটা সেন্টার স্থাপন করলে সমুদ্রের স্বাভাবিক ঠান্ডা পানিকে তাপ অপসারণের কাজে ব্যবহার করা সম্ভব। এতে শীতলীকরণে শক্তি ও পানির ব্যবহার কমানোর সম্ভাবনা তৈরি হয়। একই সঙ্গে স্থলভাগে বড় অবকাঠামো নির্মাণের প্রয়োজনও কমতে পারে।
গবেষণায় আন্ডারওয়াটার ডেটা সেন্টারের প্রযুক্তিগত বিকাশকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে—প্রাথমিক বিকাশ, প্রযুক্তির কার্যকারিতা যাচাই এবং দ্রুত সম্প্রসারণ। শুরুর দিকে যুক্তরাষ্ট্র, নরওয়ে ও কানাডার বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রযুক্তির উন্নয়নে ভূমিকা রাখে। পরে চীন এ খাতে গবেষণা ও পেটেন্ট কার্যক্রম বাড়িয়ে নেতৃত্বের অবস্থানে পৌঁছে যায়।
গবেষকদের মতে, চীনের অগ্রগতি বিশেষ করে প্রকৌশলভিত্তিক প্রযুক্তিতে। মডিউলার পদ্ধতিতে ডেটা সেন্টার নির্মাণ, সমুদ্রের তলদেশে স্থাপিত কাঠামোর রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজন হলে পানির নিচেই মেরামতের মতো বিষয়ে দেশটি এগিয়ে রয়েছে। অন্যদিকে চীনের বাইরের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে পরিবেশবান্ধব নকশা এবং বিভিন্ন অঞ্চলের ডেটা সেন্টারকে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করার ওপর তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আগে থেকেই কাজ করছে বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এর উল্লেখযোগ্য উদাহরণ মাইক্রোসফটের ‘প্রজেক্ট নাটিক’। ২০১৮ সালে স্কটল্যান্ডের উপকূলে সমুদ্রের তলদেশে বিশেষ ক্যাপসুলে সার্ভার স্থাপন করে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। প্রায় দুই বছর পর পরীক্ষার ফলাফলে দেখা যায়, পানির নিচে স্থাপিত সার্ভারগুলোর ব্যর্থতার হার স্থলভাগের নিয়ন্ত্রণমূলক পরীক্ষায় থাকা সার্ভারের তুলনায় প্রায় আট ভাগের এক ভাগ ছিল। তবে এ ধরনের পরীক্ষার ফলাফল বৃহৎ পরিসরে বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রেও একই রকম হবে কি না, তা নিশ্চিত নয়।
তবে আন্ডারওয়াটার ডেটা সেন্টার নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। সমুদ্রের লবণাক্ত পানি, পানির চাপ, ক্ষয়, যন্ত্রপাতির নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এ ছাড়া সমুদ্রের পরিবেশ ও সামুদ্রিক প্রাণীর ওপর সম্ভাব্য প্রভাবও বিবেচনায় নিতে হবে। গবেষণায় প্রযুক্তিটির বাণিজ্যিক সম্প্রসারণের পথে এসব সীমাবদ্ধতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে বিশ্বজুড়ে ডেটা সেন্টারের চাহিদা বাড়ছে। এআই মডেল প্রশিক্ষণ, ক্লাউড কম্পিউটিং, তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণে বিপুল কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন হচ্ছে। এর সঙ্গে বাড়ছে বিদ্যুৎ ও শীতলীকরণ ব্যবস্থার ওপর চাপ। এ পরিস্থিতিতে সমুদ্রের তলদেশে ডেটা সেন্টার স্থাপনের প্রযুক্তি ভবিষ্যতের কম্পিউটিং অবকাঠামোর একটি সম্ভাবনাময় বিকল্প হয়ে উঠতে পারে।
তবে পেটেন্টের সংখ্যায় এগিয়ে থাকা মানেই বাণিজ্যিকভাবে প্রযুক্তিটির পূর্ণ নিয়ন্ত্রণ বা ব্যাপক ব্যবহার নিশ্চিত হওয়া নয়। গবেষণাটি মূলত উদ্ভাবন ও পেটেন্টের চিত্র তুলে ধরেছে; বিশ্বের কতগুলো আন্ডারওয়াটার ডেটা সেন্টার বর্তমানে চালু রয়েছে, সেগুলোর উৎপাদনক্ষমতা কত কিংবা বাণিজ্যিকভাবে কতটা সফল—এসব প্রশ্নের উত্তর দেয়নি। তারপরও গবেষণার ফলাফল ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতের পরিবেশবান্ধব কম্পিউটিং অবকাঠামো নির্মাণের প্রযুক্তিগত প্রতিযোগিতায় চীন দ্রুত শক্ত অবস্থান তৈরি করছে।
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, জার্নাল অব মেরিন ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন, মাইক্রোসফটের প্রজেক্ট নাটিক–সংক্রান্ত গবেষণার তথ্য