হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

এআই প্রযুক্তির স্মার্ট সিসি ক্যামেরা

মাহদী হাসান

প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে বর্তমানের সিসি ক্যামেরাগুলো শুধু ভিডিও ধারণই করে না, বরং চারপাশের শব্দ রেকর্ড করা, মানুষের মুখ শনাক্ত করা, চলাচল পর্যবেক্ষণ করা এবং কোনো সন্দেহজনক আচরণ বিশ্লেষণ করতেও সক্ষম।

বর্তমান যুগে সিসি ক্যামেরার সবচেয়ে বড় উপকারিতা হলো নিরাপত্তা নিশ্চিত করা। যেখানে সিসি ক্যামেরা থাকে সেখানে অপরাধ করার প্রবণতা অনেক কমে যায়। কারণ অপরাধীরা খুব ভালো করেই জানে যে তাদের প্রতিটি কাজ রেকর্ড হয়ে যাচ্ছে, পরে সহজেই তাদের চিনে ফেলা সম্ভব হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাকাণ্ড, অপহরণসহ নানা রকম অপরাধের তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। অনেক সময় কোনো প্রত্যক্ষদর্শী বা সাক্ষী না থাকলেও ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ অনেক সহজ হয়ে যায় এবং বিচার প্রক্রিয়াও দ্রুত শেষ করা যায়। ট্রাফিক ব্যবস্থাপনায় সিসি ক্যামেরার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোয় সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমে যানজট পর্যবেক্ষণ করা, ট্রাফিক নিয়ন্ত্রণ করা এবং সড়ক দুর্ঘটনার আসল কারণ খুঁজে বের করা সহজ হয়। ট্রাফিক আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করতে সিসি ক্যামেরা বড় ভূমিকা পালন করে। রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে ক্যামেরার ফুটেজ দেখে প্রকৃত ঘটনা জানা যায়। ফলে নিরপেক্ষ বিচার নিশ্চিত করা সম্ভব হয়।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি যুক্ত স্মার্ট সিসি ক্যামেরা তৈরি হয়েছে। এসব ক্যামেরা মানুষের মুখ শনাক্ত করতে পারে, চলাচল বিশ্লেষণ করতে পারে, সন্দেহজনক আচরণ বুঝতে সক্ষম। কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে এটি নিজে থেকেই সতর্কবার্তা পাঠিয়ে দেয়। অনেক ক্যামেরা এখন মেমোরি কার্ডের পাশাপাশি ক্লাউড স্টোরেজে ভিডিও সংরক্ষণ করে, ফলে তথ্য বা প্রমাণ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। প্রযুক্তির এই উন্নয়ন নিরাপত্তাব্যবস্থাকে আরো শক্তিশালী ও আধুনিক করে তুলেছে। সিসি ক্যামেরা সমাজে শৃঙ্খলা এবং সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ যখন জানে যে তারা নজরদারির আওতায় রয়েছে, তখন তারা সাধারণত নিয়ম মেনে চলার চেষ্টা করে। এটি দুর্নীতি, অনিয়ম ও খারাপ আচরণ কমাতেও সহায়তা করে। সরকারি অফিসে সিসি ক্যামেরা থাকলে কর্মচারীদের দায়িত্ববোধ বৃদ্ধি পায় এবং কাজের স্বচ্ছতা নিশ্চিত হয়। তবে সিসি ক্যামেরার কিছু নেতিবাচক দিকও রয়েছে। অনেক সময় মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। অসৎ ব্যক্তিরা ক্যামেরার তথ্য বা পাসওয়ার্ড চুরি করে তার অপব্যবহার করতে পারে। উন্নতমানের ক্যামেরা লাগানো এবং তা ঠিকঠাক রাখার পেছনে অনেক খরচ হয়। কারিগরি সমস্যার কারণেও অনেক সময় গুরুত্বপূর্ণ ভিডিও হারিয়ে যেতে পারে। তাই সিসি ক্যামেরার সঠিক ও সৎ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাংলাদেশেও বর্তমানে সিসি ক্যামেরার ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বড় বড় শহরের গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মার্কেট, ব্যাংক এবং সরকারি ভবনে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন অপরাধ তদন্তে ক্যামেরার ফুটেজ ব্যবহার করে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করছে। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে একটি আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গঠনের পথেও সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিসি ক্যামেরা আধুনিক প্রযুক্তির এক অনন্য আবিষ্কার। এটি মানুষের জীবনকে আরো নিরাপদ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর করে তুলেছে। অপরাধ দমন, নিরাপত্তা নিশ্চিতকরণ, শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজকে উন্নত করার ক্ষেত্রে এর অবদান অপরিসীম। আধুনিক বিশ্বের নিরাপত্তাব্যবস্থায় সিসি ক্যামেরা এক অপরিহার্য প্রযুক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ব্যক্তিগত গোপনীয়তার বিষয়েও সচেতন থাকতে হবে। প্রযুক্তির ইতিবাচক ব্যবহারই পারে একটি উন্নত, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে।

ঈদের বাজারে কোন বাজেটে কোন ফোন

এআই যুগে বাড়ছে সাইবার বিশেষজ্ঞদের কদর, বেতন কোটি ডলার

এআই’র অতিরিক্ত স্মার্ট হওয়া ঠেকাতে এআই কোম্পানিতে চাকরি

তথ্য কর্মকর্তাদের ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান

গুগল সার্চে বড় পরিবর্তন, থাকবে স্বয়ংক্রিয় তথ্য সহকারি

ডিজিটাল সেবায় প্রতিবন্ধীদের প্রবেশাধিকার নিশ্চিত করা হবে: আইসিটিমন্ত্রী

তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রযুক্তি খাতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মেটা

মহাকাশ-স্যাটেলাইট ও ড্রোন উন্নয়নে বহুমাত্রিক উদ্যোগ নিয়েছে সরকার

ব্লিসবন্ডের ‘কার অ্যাক্সেসরিজ’