হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

নিয়ম ভঙ্গের অভিযোগে ওপেনএআইয়ের ৩ গবেষক বরখাস্ত

এএফপি

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নিরাপত্তা ও ঝুঁকির বিতর্কের মধ্যেই সংবেদনশীল তথ্য ব্যবহারের প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই।

সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। তবে বরখাস্ত হওয়া তিন কর্মীর পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ওপেনএআই।

এক বিবৃতিতে ওপেনএআই এএফপিকে বলেছে, ‘আমরা তিনজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। আমাদের তদন্তে প্রমাণিত হয়েছে যে তারা প্রতিষ্ঠানের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে সংবেদনশীল তথ্যের অপব্যবহার করেছেন।’

প্রতিষ্ঠানটি আরো বলেছে, এতে তাদের নীতিমালার লঙ্ঘন ও আস্থার সংকট তৈরি হয়েছে। এই আস্থা তাদের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বরখাস্ত হওয়া তিন গবেষক হলেন জেসমিন ওয়াং, তোমেক কোরবাক ও মিকিতা বালেসনি। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য এএফপির অনুরোধের জবাব দেননি তারা।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় তিনজনই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এআইয়ের নিরাপত্তা ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে নিয়মিত মতামত প্রকাশ করছিলেন।

মিকিতা বালেসনি গত ১০ সেপ্টেম্বর এক পোস্টে লিখেছিলেন, ‘আমি ওপেনএআইয়ে কাজ করি এবং আমার মনে হয়, এআইয়ের কারণে সব মানুষ মারা যাওয়ার আশঙ্কা ১০ শতাংশের বেশি।’

সাম্প্রতিক সময়ে এআই প্রতিষ্ঠানগুলোর আরো কয়েকজন কর্মীও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন।

ওপেনএআইয়ের কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছিলেন তোমেক কোরবাক। গত ১১ সেপ্টেম্বর তিনি লিখেছিলেন, ‘ওপেনএআই যা করছে, তার অনেক কিছুতেই আমি বেশ অসন্তুষ্ট। তবে আমি খুবই খুশি যে এ কথা বলার সুযোগ আমাকে দেওয়া হচ্ছে।’

ওপেনএআইয়ের তিন গবেষককে বরখাস্ত করার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন শক্তিশালী এআই মডেলের নিরাপত্তা এবং এসব প্রযুক্তি মানবজাতির জন্য অস্তিত্বের সংকট তৈরি করতে পারে কি না, তা নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে।

গত মাসে ২৭ বছর বয়সি গবেষক জ্যাকব কক্সন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক থেকে পদত্যাগ করেন। পদত্যাগের সময় তিনি সতর্ক করে বলেছিলেন, ওপেনএআইসহ শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলো আরো শক্তিশালী মডেল তৈরির প্রতিযোগিতায় নেমে ‘আমাদের জীবন নিয়ে জুয়া খেলছে’।

এদিকে সাম্প্রতিক মাসগুলোয় এআই মডেলের নিরাপত্তা নিয়ে একাধিক ঘটনা সামনে এসেছে। ওপেনএআই তাদের নতুন ‘অ্যাস্ট্রা ৬.১’ মডেল প্রকাশের সিদ্ধান্ত বাতিল করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরীক্ষায় দেখা গেছে, মডেলটি বিশ্বস্ত নয় এবং এর মধ্যে নির্দেশনা অমান্য করার প্রবণতা আছে।

এএম

কেন লেজার দিয়ে কৃত্রিম তারা বানাচ্ছেন জ্যোতির্বিদরা

এআই কি চিকিৎসকের বিকল্প

সূর্য থেকে দূরে থেকেও পৃথিবী উত্তপ্ত কেন

দেশে ইলেকট্রিক ট্রেন!

ডিজিটাল বিজ্ঞাপনের অদৃশ্য মেশিন

ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা

ডিজিটাল বিজ্ঞাপনের অদৃশ্য মেশিন

পাসকি বনাম পাসওয়ার্ড

ডিজিটাল বিজ্ঞাপনের অদৃশ্য মেশিন

ইন্টেরিয়র ডিজাইনে এআই প্রযুক্তি