বর্ষাকাল মানেই যখন-তখন বৃষ্টি। যেকোনো সময় অন্ধকার ঘনিয়ে নামতে পারে ঝুম বৃষ্টি। এ সময় বাইরে থাকলে সবার আগে ভেজে জুতা। তাই জুতা নিয়ে অনেকে খুব চিন্তিত হন। জুতা ভিজে গেলেই নষ্ট হওয়ায় আশঙ্কা থাকে।
আর এ সময়ে পায়ে যদি থাকে সুন্দর ফ্যাশনেবল জুতা, তাহলে কেমন হবে! ভাবতেই কেমন কেমন লাগছে, তাই না? বর্ষায় চামড়ার জুতা এড়িয়ে চলাই ভালো, কারণ র্যাক্সিন বা চামড়ার জুতা ভিজলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
এছাড়া এতে পায়ের ত্বকেরও ক্ষতি হতে পারে। বৃষ্টির দিনে তাই প্লাস্টিক বা পানিনিরোধক স্যান্ডেল-জুতা বেছে নেওয়াই হলো বুদ্ধিমত্তার কাজ। চলুন জেনে নেওয়া যাক বর্ষার দিনে যেসব জুতায় মিলবে আরাম। আবার পানিতে ভিজলেও নষ্ট হবে না।
যেসব জুতা এড়িয়ে চলবেন
বর্ষার সময় পেন্সিল হিল, বড় হিল, স্যান্ডেল, চপ্পল—এগুলো ব্যবহার না করাই ভালো। কারণ আমাদের শহরের রাস্তাগুলোয় পানি জমে একাকার হয়ে যায় । কখনো হাঁটুপানি তো কখনো কোমরপানি। পানির জন্য রাস্তাঘাট ভেঙে নষ্ট হয়ে যায়, গর্তের সৃষ্টি হয়। তাই পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ারও যথেষ্ট আশঙ্কা থাকে।