হোম > ফিচার > আমার জীবন

গরমে শিশুদের সুতি ও হালকা রঙের পোশাক

তনিমা রহমান

গরমে সবার জন্যই চাই একটু আরামদায়ক পোশাক। বিশেষ করে শিশুদের গরমের দিনে একটু বাড়তি যত্ন প্রয়োজন। খাবার থেকে শুরু করে পোশাক—সবকিছু যেন শিশুদের জন্য হয় আরামদায়ক। গরমে নবজাতক থেকে শুরু করে সব শিশুর জন্য চাই আরামদায়ক পোশাক। গরমে তাপমাত্রা ওঠানামার প্রতি খেয়াল রেখে শিশুর পোশাক নির্বাচন করতে হবে। তীব্র গরমের এই দিনগুলোয় এমন পোশাক চাই, যা কিছুটা হলেও স্বস্তি দেবে।

এক্ষেত্রে সুতি কাপড়ের তুলনা হয় না। শিশুদের জন্য এ সময় হালকা রঙের সুতি কাপড়ের পোশাক খুব ভালো, যা তাদের এই গরম থেকে একটু হলেও আরাম দেবে, দেবে প্রশান্তি। সুতি কাপড়ের তৈরি পোশাক পরলে শরীর গরম এড়ানোর সুযোগ পায়। এছাড়া হালকা রঙের সুতির পোশাক শুধু রোদ ও তাপ থেকেই শরীর বাঁচায় না, স্বস্তিও দেয়। মোটা কাপড়ের পোশাক পরালে ঘামে ভিজে অনেক সময় শিশু অসুস্থ হয়ে পড়তে পারে। তাই এই সময়ে শিশুর জন্য বেছে নিন আরামদায়ক পাতলা পোশাক, যেটা পরলে সে সহজে ঘেমে যাবে না। সম্ভব হলে দিনে কয়েকবার পোশাক পরিবর্তন করে নিতে পারেন। আর গরমে শিশুদের আঁটোসাঁটো পোশাক পরানো একদম ঠিক নয়। খোলামেলা ও ঢিলেঢালা পোশাকের প্রতি গুরুত্ব দিতে হবে, যাতে শিশু আরাম পায়।

তাছাড়া শিশুদের ত্বক নরম ও কোমল হয়। গরমের কারণে অনেক সময় চুলকানি, ঘামাচি ও অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয়। আবার অতিরিক্ত গরমে কখনোবা শরীরে ফুসকুড়ি ওঠে। এ সময় শিশুদের সুতি কাপড়ের ও হালকা রঙের পোশাক পরানোই উত্তম। তাই গরমে শিশুর পোশাক নির্বাচনের বেলায় সুতি কাপড়ের বিকল্প নেই।

গরমে পোশাক নির্বাচনের পাশাপাশি কাপড়ের রঙের দিকে অবশ্যই খেয়াল রাখুন। পোশাকের রঙ সবসময় হালকা নির্বাচন করার চেষ্টা করুন। রঙিন বা গাঢ় রঙের কাপড় সহজে তাপ শোষণ করে। এতে বেশি গরম অনুভূত হয়। তাই রঙিন এবং গাঢ় কাপড়ের বদলে পাতলা এবং হালকা রঙের কাপড় ব্যবহার করুন।

সাদা, হালকা সবুজ, হালকা গোলাপি, হালকা বেগুনি, হালকা নীল, বাদামি, আকাশি, হালকা হলুদ, ধূসর সবুজ ও লেবু রঙের পোশাকগুলো এ গরমে সহজেই পরাতে পারেন। তাছাড়া এই হালকা রঙের পোশাক তাপ কেবল শোষণই করে না, পাশাপাশি চোখকে দেয় প্রশান্তি।

নকশা বা পোশাকের ডিজাইনের চেয়ে এই গরমে শিশুর পোশাকের আরামের দিকে বেশি নজর দেওয়াটাই জরুরি। কারণ আগে আপনার শিশুর স্বাস্থ্য, তারপর ফ্যাশন। তাই পোশাকের নকশার ক্ষেত্রে খুব জমকালো ডিজাইনের বদলে হালকা-পাতলা নকশার পোশাক বেছে নিন আপনার শিশুর জন্য। শিশুদের জন্য বাজারে আছে সুতি, লিনেন ও গেঞ্জি কাপড়ের বিভিন্ন ডিজাইনের পোশাক। আরামদায়ক উপকরণ হিসেবে ডিজাইনাররা বেছে নিয়েছেন এসব নরম কাপড়। যেমন সুতি, গ্যাবার্ডিন, লিনেন ও নরম জিন্স।

আর বিভিন্ন মার্কেট ও শপিং মল ঘুরে দেখা যায়, ছেলেদের জন্য আছে ঢিলেঢালা গেঞ্জি, টি-শার্ট, ফতুয়া, নিমা, হাফ ও থ্রি-কোয়ার্টার প্যান্ট, ট্রাউজার এবং ফুলপ্যান্ট। মেয়েদের জন্য এসব ছাড়াও পাওয়া যাচ্ছে টপ, ফ্রক, স্কার্ট, কুর্তি ইত্যাদি।

কোথায় কেমন পোশাক পরবে শিশু

গরমে পোশাকটি পরে যেন শিশু স্বাচ্ছন্দ্য বোধ করে, সেদিকে খেয়াল রাখা জরুরি।

পোশাকের বেলায় মেয়ে শিশুদের জন্য ফ্রক, স্কার্ট-টপস, থ্রি-কোয়ার্টার প্যান্ট ও টপস এবং বাহারি রঙের টিউনিক নির্বাচন করতে পারেন। আর ছেলেশিশুদের জন্য পাতলা টি-শার্ট, গেঞ্জি, শার্ট ও হাফ বা থ্রি-কোয়ার্টার পাতলা প্যান্ট নির্বাচন করুন। এর পাশাপাশি কয়েকটি রঙ মিশিয়ে কনট্রাস্ট করা পোশাকেও শিশুদের বেশ মানিয়ে যাবে।

স্কুল থেকে ফেরার পরে দুপুরে বা বিকালে ছেলেশিশুরা পাতলা নিমা বা টি-শার্ট ও ট্রাউজার পরতে পারে। বিকেলে খেলাধুলার সময় হাতাকাটা টি-শার্ট ও গ্যাবার্ডিনের হাফপ্যান্ট বা থ্রি-কোয়ার্টার প্যান্ট দিতে পারেন। আর রাতে ঘুমানোর সময় গেঞ্জি কাপড়ের ট্রাউজার ও পাতলা টি-শার্ট পরতে পারে। কোথাও ঘুরতে গেলে টি-শার্ট, হাফহাতা শার্ট, পাতলা জিন্স বা গ্যাবার্ডিনের প্যান্ট শিশুর জন্য বেছে নিতে পারেন। মেয়েদের বেলায় বাসায় পরার জন্য পাতলা কাপড়ের নিমা, ফতুয়া ও পালাজো ভালো হবে। বাইরে ঘুরতে গেলে সুতি কাপড়ের ফ্রক বা শার্টের সঙ্গে থ্রি-কোয়ার্টার লেগিংস অথবা নরম জিন্স এবং কুর্তির সঙ্গে ট্রেন্ডি পালাজো পরতে পারে অনায়াসেই। নবজাতকের ক্ষেত্রে এই গরমে আদর্শ পোশাক হতে পারে নিমা। এটি সুতি কাপড় দিয়ে তৈরি একধরনের ফতুয়ার মতো পোশাক। অনেকে নিমায় ফিতা ব্যবহার করেন, কেউ ব্যবহার করেন বোতাম। তবে নবজাতকের বেলায় বোতামের বদলে ফিতা দিয়ে বাঁধা নিমার ব্যবহার করাই ভালো। গরমের সময় খুব দরকার না পড়লে ডায়াপার ব্যবহার করবেন না। কারণ সিনথেটিক এই ন্যাপির ব্যবহার শিশুর ত্বকে র‍্যাশ সৃষ্টি করতে পারে। বেশিরভাগ সময়ই শিশুকে খোলামেলাভাবেই রাখুন, যা তাকে পর্যাপ্ত বাতাস আর শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে।

দরদাম

ধরন ও উপকরণের ওপর ভিত্তি করে এই পোশাকগুলোর দাম পড়বে ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। একটু কম দামের জন্য বেছে নিতে পারেন রাজধানীর নিউমার্কেট, নূরজাহান মার্কেট ও বঙ্গবাজার মার্কেট। গেঞ্জি, টি-শার্ট ও হাফহাতা শার্ট পাবেন ২০০ থেকে এক হাজার টাকায় এবং মেয়েদের ফ্রক, স্কার্ট ও টপ পাবেন ৩০০ থেকে এক হাজার টাকায়।

কোথায় পাবেন

শৈশব, আড়ং, নিপুণ, রঙ বাংলাদেশ, অঞ্জন’স, দেশাল, যাত্রা, ক্যাটস আই কিডস, লা রিভ, মেনজ ক্লাব, সীমান্ত স্কয়ার, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন শপিং সেন্টারেই পাবেন এই পোশাকগুলো। এছাড়া নিউমার্কেট, ফার্মগেট ও মিরপুর ১০-এর মার্কেটে আছে শিশুদের জন্য নানা ধরনের পোশাক।

ছবি : লা রিভ-এর সৌজন্যে

চুমুকেই তৃপ্তি

মেকআপ নষ্ট না হওয়ার টিপস

গরমেও স্বস্তিপ্রদ রান্না

বৈশাখীর মেলায় যাই রে....

বৈশাখের তপ্ত দুপুরের পানীয়

বৈশাখী আনন্দে মেতে উঠুক সোনামণিরা

সুবর্ণগ্রামে একদিন...

বাঙালি সবসময় ভোজনরসিক

পর্যটন আইন

শিশুর উপযুক্ত পড়ার ঘর