হোম > ফিচার > আমার জীবন

চায়ের সঙ্গে টা

তাহমিনা আক্তার

বিকালের নাশতায় হালকা, সুস্বাদু এবং ঝটপট তৈরি করা যায় এমন খাবার রাখা ভালো। বিকালের নাশতায় সহজেই তৈরি করতে পারেন নুডলস ও চিকেন শর্মা। এসব খাবার বাচ্চাদেরও অনেক পছন্দ। এবারের নাশতার রেসিপি ও ছবি দিয়েছেন তাহমিনা আক্তার

চিকেন শর্মা

উপকরণ: মুরগির বুকের মাংস (হাড় ছাড়া) ২৫০ গ্রাম, টুকরো করা গাজর ১টি, টুকরো করা টমেটো ২টি, পেঁয়াজকুচি ২টি মাঝারি আকারের, এলাচগুঁড়া ১ চা চামচ, সস আধা কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, কুচানো ধনেপাতা এক মুঠো, লেটুসপাতা ২ কাপ, পানি ঝরিয়ে নেওয়া টক দই ১ কাপ, আদা-রসুন পেস্ট ১ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, কালো গোলমরিচ ১ চা চামচ, অলিভ তেল ২ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো ও শর্মা ব্রেড।

প্রস্তুত প্রণালি: মুরগির মাংসের টুকরোগুলো দই, তেল, এলাচ, আদা-রসুন, কালো গোলমরিচগুঁড়া ও ভিনেগার দিয়ে মাখিয়ে দুই ঘণ্টা মেরিনেট করে রাখুন। এবার সস বানানোর জন্য একটি পাত্র নিন। এতে দই, লেবুর রস, অলিভ তেল, ধনেপাতাকুচি, লবণ ও কালো গোলমরিচ দিন। ভালো করে মিশিয়ে ফ্রিজে রাখুন। ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে ওভেনে ৪০ মিনিটের জন্য মেরিনেট করা মাংস বেক করুন। ওভেন না থাকলে ননস্টিক প্যানে সামান্য তেল দিয়ে মাংসগুলো সোনালি বা বাদামি না হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মাংস সিদ্ধ হয়ে এলে একটি পাত্রে রাখুন এবং টুকরো টুকরো করে কেটে নিন। তারপর শর্মা রুটি নিন। রুটির ওপর মাংসের কাটা পিসগুলো, গাজর, লেটুস পাতা, পেঁয়াজ ও টমেটো রাখুন। এরপর রুটি রোল করে সসের সঙ্গে পরিবেশন করুন। চিকেন শর্মাকে আরো মজাদার করতে সস বানানোর উপকরণ হিসেবে দই বাদে মেয়োনিজ বা পনির যোগ করতে পারেন।

ডিম নুডলস

উপকরণ: নুডলস ১ প্যাকেট, ডিম ২টি, সসেজ ১/২ টি, পেঁয়াজকুচি ১টি (মাঝারি), কাঁচামরিচকুচি ২টি (স্বাদমতো), হলুদগুঁড়া সামান্য, টমেটো সস ২ চা চামচ (ইচ্ছা অনুযায়ী), তেল ৩-৪ চা চামচ ও লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি: প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে তাতে নুডলসগুলো দিয়ে দিন। নুডুলস হালকা সিদ্ধ (অর্ধেক নরম) হলে নামিয়ে ফেলুন এবং সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি ঢেলে পানি ঝরিয়ে নিন। এবার একটি বাটিতে ডিম দুটি ভেঙে সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। প্যানে তেল গরম করে ফেটানো ডিম দিয়ে ঝুরি করে উঠিয়ে রাখুন। ওই একই প্যানে আর এক চামচ তেল দিয়ে পেঁয়াজকুচি ও কাঁচামরিচকুচি হালকা বাদামি করে ভেজে নিন। এবার সেদ্ধ করে রাখা নুডলস এবং আগে থেকে ভেজে রাখা ডিম প্যানে ঢেলে দিন। চাইলে নুডলসের সঙ্গে থাকা মসলা বা সামান্য সয়া সস ও টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। চুলার আঁচ বাড়িয়ে দু-এক মিনিট ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল গরম গরম সুস্বাদু ডিম নুডলস; টমেটো ও ডিম দিয়ে মজাদার নুডলস।

ঘুরে এলাম মাঝিপাড়া

বাঙালির আভিজাত্যে কাঁসার তৈজসপত্র

দুর্গাপূজার অনুষঙ্গ…

সর্বজনীন ফ্যাশন হয়ে উঠছে টোট ব্যাগ

বৃষ্টি ও সমুদ্র : পরিবারের সঙ্গে আনন্দ সফর

কাশফুলের অরণ্যে...

পূজার খাবার

লা রিভে পূজার পোশাক

কম্পিউটার টেবিল হোক আরামদায়ক

পুলিশ প্লাজায় মডেস্ট ফ্যাশনের ‘আবায়া অ্যান্ড গাউন’