হোম > ফিচার > পাঠকমেলা

ভিন্নমত নিয়ে শিক্ষাঙ্গনে ঐক্য

গণ বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার চা-চক্র

মো. মাহিদুজ্জামান সিয়াম, গণ বিশ্ববিদ্যালয়

আমার দেশ পাঠকমেলার গণ বিশ্ববিদ্যালয়ের সদস্যদের চা-চক্রে আলোচনার বিষয় ছিল ‘শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের ঐক্য’। সংকটের সময়ে যারা একসঙ্গে দাঁড়ায়, সময়ের ব্যবধানে তাদের মধ্যেই কেন তৈরি হয় দূরত্ব, মতপার্থক্য ও বিভাজন—আলোচনায় ঘুরেফিরে আসে এই প্রশ্ন।

বাংলাদেশের ইতিহাসে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ভূমিকার অনেক উদাহরণ রয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন গণআন্দোলনে অভিন্ন লক্ষ্য শিক্ষার্থীদের এক কাতারে এনেছে। কোনো সংকট বা অধিকার আদায়ের প্রশ্নে তখন ব্যক্তিগত ও মতাদর্শগত পার্থক্য অনেকটাই আড়ালে চলে যায়। কিন্তু আন্দোলন বা সংকটের সময়কার সেই ঐক্য সবসময় স্থায়ী হয় না। পরিস্থিতি স্বাভাবিক হলে ভিন্নতা ও দূরত্বও সামনে আসতে শুরু করে।

পাঠকমেলার সদস্যদের আলোচনায় এর কয়েকটি কারণ উঠে আসে। অভিন্ন লক্ষ্য শেষ হয়ে গেলে সামনে আসে ব্যক্তিগত মত, নেতৃত্বের আকাঙ্ক্ষা ও সাংগঠনিক পার্থক্য। কে নেতৃত্ব দেবে, কার মতকে গুরুত্ব দেওয়া হবে, কিংবা সিদ্ধান্ত কীভাবে নেওয়া হবে—এসব বিষয়েও তৈরি হতে পারে মতবিরোধ। পারস্পরিক বোঝাপড়ার অভাব, নেতৃত্বের প্রতিযোগিতা এবং ছোটখাটো মতপার্থক্যও ধীরে ধীরে বড় দূরত্ব তৈরি করতে পারে।

আলোচনায় আরো উঠে আসে, শিক্ষাঙ্গনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মতবিনিময়ের জায়গা সংকুচিত হয়ে গেলে বিভাজন সহজে তৈরি হয়। একে অপরের কথা শোনা, ভিন্নমত বোঝার চেষ্টা এবং যুক্তির মাধ্যমে মতবিনিময়ের অভ্যাস থাকলে অনেক বিরোধই বড় আকার নেওয়ার আগেই সমাধান করা সম্ভব। তবে ঐক্য মানে সবার একই মত পোষণ করা নয়; বরং মতপার্থক্যকে স্বাভাবিকভাবে গ্রহণ করে পরস্পরের কথা শোনা, যুক্তি দিয়ে আলোচনা করা এবং সম্মান বজায় রাখাই সুস্থ শিক্ষাঙ্গনের ভিত্তি। ভিন্ন চিন্তার মানুষদের একই পরিসরে নিয়ে আসার সক্ষমতাই একটি সংগঠনের শক্তি।

পাঠকমেলার সদস্যদের আলোচনায় উঠে আসে—শিক্ষার্থীদের মধ্যে পাঠচর্চা ও মুক্ত আলোচনার পরিসর যত বাড়বে, পারস্পরিক বোঝাপড়ার সুযোগও তত তৈরি হবে। এক্ষেত্রে তারা মনে করেন, বিভিন্ন প্রতিষ্ঠানের পাঠচক্রগুলো বই পড়া বা লেখালেখির জায়গা, চিন্তার আদান-প্রদান ও ভিন্ন মতের মানুষের সঙ্গে পরিচিত হওয়ারও একটি ক্ষেত্র হতে পারে।

সেই অর্থে পাঠকমেলার এই চা-চক্রও হয়ে উঠেছিল নিজেদের শিক্ষাঙ্গন, সহপাঠী এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে ভাবার একটি ছোট পরিসর। একটি সাধারণ আড্ডা থেকে উঠে এসেছে বৃহত্তর একটি প্রশ্ন—ভিন্নমত থাকলেও কীভাবে একসঙ্গে থাকা যায়? আর সেই উত্তর খুঁজতে হলে হয়তো শুরু করতে হবে একে অপরের কথা মন দিয়ে শোনা থেকেই।

ইবি পাঠকমেলার সদস্য আড্ডা

মাদারীপুরে পাঠকমেলার যাত্রা শুরু

শহীদ আনাস স্মরণে পাঠকমেলার পাঠচক্র

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাঠকমেলার মতবিনিময় সভা

আড্ডা থেকে সামনে চলার ভাবনা

ফ্যাসিবাদের আঁতুড়ঘর

মধুসূদনের সাগরদাঁড়িতে ইবি পাঠকমেলা

বর্ষার হাত ধরে শরৎ আসে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার সভা

‘মেহফিল-এ-মুহাম্মাদ’ সিরাতমেলা