হোম > ফিচার > পাঠকমেলা

আড্ডা থেকে সামনে চলার ভাবনা

ইডেন পাঠকমেলা

শারমিন উদ্দিন, ইডেন মহিলা কলেজ

সকালের নরম আলো তখনো পুরোপুরি তীব্র হয়ে ওঠেনি। ইডেন মহিলা কলেজের ক্যান্টিনে এক টেবিল ঘিরে বসেছেন পাঠকমেলার সদস্যরা। সামনে চায়ের কাপ, চারপাশে স্বাভাবিক গল্প-আড্ডা। তবে গল্পের ফাঁকেই ঘুরেফিরে আসছিল বই, লেখা, পাঠচর্চা আর আগামী দিনের নানা পরিকল্পনা। চায়ের কাপে চুমুক দিতে দিতে যেন তৈরি হচ্ছিল পাঠকমেলার নতুন পথচলার কিছু নকশা।

আহ্বায়ক কমিটি গঠনের পর ইডেন মহিলা কলেজ শাখায় এটিই ছিল প্রথম চা-চক্র। আনুষ্ঠানিক সভার কাঠামো ছিল না, ছিল না দীর্ঘ কোনো কার্যতালিকা। ছিল নিজেদের মধ্যে ভাবনা বিনিময়ের স্বতঃস্ফূর্ত পরিবেশ। সেই আলাপেই উঠে আসে পাঠকমেলার কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও গঠনতন্ত্রের নানা দিক।

পাঠকমেলার সঙ্গে যুক্ত হয়ে শিক্ষার্থীরা কীভাবে পাঠাভ্যাস গড়ে তুলতে পারেন, লেখালেখির চর্চা কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং নিজেদের ভাবনাকে কীভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব—এসব বিষয় নিয়ে কথা বলেন সদস্যরা। আলোচনায় আসে পাঠকমেলা পাতায় প্রকাশিত লেখার ধরন ও বিষয়বৈচিত্র্যও।

কোন ধরনের লেখা পাঠানো যায়, লেখার বিষয় কীভাবে নির্বাচন করা উচিত, লেখা পাঠানোর নিয়ম কী এবং বৈদ্যুতিক ডাকযোগে কীভাবে লেখা পাঠাতে হয়—এসব বিষয় নিয়ে নিজেদের মধ্যে ধারণা বিনিময় করেন তারা। পাশাপাশি কলেজে পাঠকমেলার কার্যক্রম আরো গুছিয়ে ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার বিষয়টিও আলোচনায় স্থান পায়।

এজন্য কলেজের অধ্যক্ষের কাছ থেকে কমিটির অনুমোদন নেওয়ার প্রক্রিয়া কী হতে পারে, সে বিষয়েও হয় প্রাথমিক আলোচনা। কলেজ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কীভাবে পাঠকমেলার কার্যক্রম এগিয়ে নেওয়া যায়, সে নিয়েও ভাবনা বিনিময় করেন সদস্যরা।

আড্ডা অবশ্য থেমে থাকেনি শুধু সাংগঠনিক বিষয়েই। সামনে কী ধরনের আয়োজন করা যায়, সে প্রসঙ্গেও উঠে আসে নানা ভাবনা। নিয়মিত পাঠচক্র, বই নিয়ে মুক্ত আলোচনা, সভা ও সেমিনারের আয়োজন করে শিক্ষার্থীদের মধ্যে পাঠের আগ্রহ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কথা হয়। পাঠের পাশাপাশি যুক্তি, মতপ্রকাশ ও মুক্তচিন্তার চর্চার একটি পরিসর তৈরি করার প্রত্যাশাও ছিল আলোচনায়।

একসময় চায়ের কাপগুলো প্রায় শেষ। কিন্তু শেষ হয়নি কথার রেশ। বরং একটি সাধারণ সকালের আড্ডা থেকেই যেন সামনে এগিয়ে চলার কিছু নতুন ভাবনা জন্ম নিল।

পাঠকমেলার এই আয়োজন তাই শুধু চা পান আর গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বই, লেখা ও চিন্তার জগৎকে ঘিরে কয়েকজন তরুণীর এমন স্বতঃস্ফূর্ত মিলন হয়তো আগামী দিনের আরো অনেক পাঠচক্র, মুক্ত আলোচনা কিংবা সৃজনশীল আয়োজনের সূচনা হয়ে উঠবে। এক কাপ চা থেকে শুরু হওয়া কথাগুলোই হয়তো একদিন ছড়িয়ে পড়বে পুরো ক্যাম্পাসের পাঠের টেবিলে।

শহীদ আনাস স্মরণে পাঠকমেলার পাঠচক্র

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাঠকমেলার মতবিনিময় সভা

ফ্যাসিবাদের আঁতুড়ঘর

মধুসূদনের সাগরদাঁড়িতে ইবি পাঠকমেলা

বর্ষার হাত ধরে শরৎ আসে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার সভা

‘মেহফিল-এ-মুহাম্মাদ’ সিরাতমেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার কার্যনির্বাহী পরিষদ

ইডেন মহিলা কলেজে কার্যনির্বাহী পরিষদ গঠন

যে ফুলের খুশবুতে জাহান মাতোয়ারা