হোম > জুলাই বিপ্লব

গুলিতে ঝাঁঝরা শরীর, তবু দিনরাত সংগ্রাম

স্টাফ রিপোর্টার, সাভার

সাভারে হতদরিদ্র পরিবারের সন্তান রবিউল ইসলাম সুমন। ১২ বছর বয়সি শিশুটি ছিল বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথের সাহসী ভূমিকায়। পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী আন্দোলনে প্রতিদিন যোগ দিত বড়দের সঙ্গে।

থাকত মিছিলের অগ্রভাগে। পুলিশ ও সন্ত্রাসীদের গুলির মুখ থেকে বেশ কয়েকবার নিজেতে রক্ষা করতে পারলেও ৫ আগস্ট বিজয় মিছিলে গিয়ে গুলিতে মারাত্মকভাবে আহত হয়। ওই দিন বিকাল সাড়ে ৫টায় সাভার থানার সামনে পুলিশের ছোড়া গুলি সুমনের শরীর এফোঁড়-ওফোঁড় করে দেয়।

এদিকে গুলিবিদ্ধ হওয়ার পর সুমন সড়কে পড়েছিল দীর্ঘ সময়। পরে ছাত্ররা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ দিন এবং পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৪ দিন ভর্তি ছিল।

গুলিতে তার মূত্র ও মলত্যাগের নালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথম অস্ত্রোপচারটি শেষ হলে তার মূত্রনালি ঠিক হয়। কিন্তু দ্বিতীয় অস্ত্রোপচার করা তার পরিবারের পক্ষে আর সম্ভব হয়নি। ফলে সুমনকে দিন-রাত মলত্যাগের ব্যাগ হাতে নিয়ে জীবন-সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে।

বিধবা মা হালিমা বেগম রাজমিস্ত্রির জোগালির কাজ করেন। তিনি জানান, দুই মেয়ে ও ছেলেকে নিয়ে কোনোমতে সংসার চালাচ্ছেন। পিতৃহীন সুমন মায়ের নিষেধ অমান্য করে বৈষম্যবিরোধী আন্দোলনকালে প্রতিদিন পাকিজা মোড় ও সাভার বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার সঙ্গে রাজপথে অংশ নিত। তার অবস্থান থাকত মিছিলের অগ্রভাগে।

পুলিশের গুলিতে তার পাশ থেকে বেশ কয়েকজন গুলি খেয়ে মারা গেলেও সে প্রায় সময়ই আত্মরক্ষা করতে পেরেছে। কিন্তু ৫ আগস্ট বিজয় মিছিলে গিয়ে সাভার মডেল থানার সামনে গুলিবিদ্ধ হয় সে। গুলি পেছন থেকে উরু ভেদ করে মলত্যাগের স্থান দিয়ে বের হয়। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ আগস্ট অস্ত্রোপচার হয় তার। সেখানে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়। একাধিকবার পুলিশ তার লাইফ সাপোর্ট খুলে দিতে চেয়েছিল।

কিন্তু সে যাত্রায় সুমন বেঁচে গেছে। তবে অসুস্থতা তাকে এখনও ছাড়েনি। তার ক্ষতও এখনও শুকায়নি। অস্ত্রোপচারে তার মূত্রনালি ঠিক হয়েছে, কিন্তু মলত্যাগের নালির অস্ত্রোপচারের জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত দিনে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রথমে তাকে এক লাখ টাকা জমা দিতে হবে এবং পরে অস্ত্রোপচার শুরু হলে আরও টাকা লাগবে। এ কথা শুনে দিনমজুর মা হালিমা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি চোখের পানি মুছতে মুছতে বাসায় ফিরে যান। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র সুমনকে নিয়ে ঢাকায় সিএমএইচে ভর্তি করেন। সেখানে ১৪ দিন থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ সুমনের অস্ত্রোপচার না করে ছাড়পত্র দেয়।

এ বিষয়ে সুমনের মা হালিমা বেগম জানান, তার পক্ষে ছেলের অস্ত্রোপচারের খরচ বহন করা কোনোমতেই সম্ভব নয়। ছেলের চিকিৎসায় এগিয়ে আসতে তিনি দেশের বিত্তশালী ও জুলাই ফাউন্ডেশনের সুদৃষ্টি কামনা করছেন।

এমবি

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের সনদ প্রদান

দ্রুত ফাঁসির রায় কার্যকর চায় শহীদ শিশুদের পরিবার

বাবুগঞ্জে ৩ শহীদ পরিবারের প্রতিক্রিয়া, ‘রায় ঘোষণা নয়, দ্রুত কার্যকর চাই’

জুলাই যোদ্ধাকে বাদী সাজিয়ে বানোয়াট মামলা

অর্থাভাবে অপারেশন করাতে পারছেন না জসিম

মাদরাসা ও সংসার হারিয়ে দিশেহারা জুলাইযোদ্ধা শফিকুর

গুলি খেয়ে কাতরাচ্ছিলেন তাইম, দাঁড়িয়ে উপভোগ করছিল পুলিশ

স্বামী হত্যাকারীদের ফাঁসি চান শহীদ মিজানুর রহমানের স্ত্রী

টিয়ারশেলের স্প্লিন্টারের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন রাফি

অবহেলার শিকার শহীদ নুরুল মোস্তফার পরিবার