হোম > জুলাই বিপ্লব

শহীদ রিয়াজুলের দুই সন্তানের দায়িত্ব নিলেন শিক্ষক

স্টাফ রিপোর্টার

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ রিয়াজুল তালুকদারের অসহায় দুই সন্তানের দায়িত্ব নিলেন কেরানীগঞ্জের মনোহরিয়া গ্রামের বাসিন্দা ও সাবেক স্কুলশিক্ষক তাবাস্সুম হোসেন রুবী। এ বিষয়ে গত ৪ জানুয়ারি দৈনিক আমার দেশ-এ প্রকাশিত একটি প্রতিবেদন দেখে উৎসাহিত হয়ে তিনি এ দায়িত্ব নেন।

গতকাল সোমবার আমার দেশ কার্যালয়ে সম্পাদক মাহমুদুর রহমানের উপস্থিতিতে তাবাস্সুম হোসেন রুবী ও রিয়াজুল তালুকদারের দুই সন্তানসহ তার পরিবারের সদস্যদের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করা হয়।

এ সময় আবেগাপ্লুত হয়ে তাবস্সুম হোসেন রুবী বলেন, দেশের জন্য যারা লড়াই করে জীবন দিয়েছে বা আহত হয়েছে, তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। আমরা যদি তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে দেশটাকে বাঁচাতে পারব। এ ছাড়া বর্তমানে চারপাশে ফ্যাসিবাদের দোসররা যেভাবে বিচরণ করছে, তাদের নিয়ে আতঙ্ক প্রকাশ করেন তিনি।

এ সময় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তাবস্সুম হোসেন রুবীর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ২০০৮ সালের পর ভোটের প্যাটার্ন সম্পর্কে অনেকেরই অজানা। এ সময়ে কেউ এলে ভোট দেওয়ার সুযোগ ছিল না। তরুণরা যেভাবে লড়াই করে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, তাতে আমি গর্বিত।

আমার দেশে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, শেষ সময়ে গত ৪ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের ছোড়া বুলেটে শহীদ হন শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের আবুরা গ্রামের বাসিন্দা শহীদ রিয়াজুল তালুকদার।

বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়েন রিয়াজুলের দুই সন্তান মেহজাবিন (৫) ও মুস্তাকিম (৩)। তাদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। কারণ বাবার মৃত্যুর তিন মাস আগে সন্তানদের ছেড়ে চলে যান মা। মায়ের মৃত্যুর পর বাবাই ছিলেন তাদের সব ভরসা।

শহীদ রিয়াজুলের দুই সন্তানের দায়িত্ব নেওয়ার বিষয়ে সমঝোতা পত্রে রুবী বলেন, দৈনিক আমার দেশ পত্রিকায় ৪ জানুয়ারি ‘শহীদ রিয়াজুলের শিশুসন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তায়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ওই সংবাদটি আমার নজরে আসে। আমি রিয়াজুল তালুকদারের দুই সন্তানের একজন গার্ডিয়ান হিসেবে তাদের ভালোমন্দ সবকিছু দেখাশোনা করতে চাই। আমি চাই তাদের সুন্দর একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হোক। যেখানে তারা অন্যান্য বাচ্চাদের মতো সুন্দরভাবে বেড়ে উঠবে।

রুবী বলেন, সহযোগিতার এ পুরো প্রক্রিয়াটি তদারকি করবেন আমার দেশ-এর ফিচার রাইটার সাইফুল ইসলাম ফারহান। আর্থিক সহায়তা যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না তা নিয়ে প্রতি তিন মাস পরপর আমার দেশ অফিসে মিটিং হবে। একজন শহীদ পরিবারের দুই সন্তানের দায়িত্ব নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

এ সময় আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনাম, রুবীর বোন তাসনিম হোসেন রিটা, রিয়াজুলের ভাই রাসেল তালুকদার ও তার মা মেহজাবিন মুস্তাকিন উপস্থিত ছিলেন।

এমবি

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের সনদ প্রদান

দ্রুত ফাঁসির রায় কার্যকর চায় শহীদ শিশুদের পরিবার

বাবুগঞ্জে ৩ শহীদ পরিবারের প্রতিক্রিয়া, ‘রায় ঘোষণা নয়, দ্রুত কার্যকর চাই’

জুলাই যোদ্ধাকে বাদী সাজিয়ে বানোয়াট মামলা

অর্থাভাবে অপারেশন করাতে পারছেন না জসিম

মাদরাসা ও সংসার হারিয়ে দিশেহারা জুলাইযোদ্ধা শফিকুর

গুলি খেয়ে কাতরাচ্ছিলেন তাইম, দাঁড়িয়ে উপভোগ করছিল পুলিশ

স্বামী হত্যাকারীদের ফাঁসি চান শহীদ মিজানুর রহমানের স্ত্রী

টিয়ারশেলের স্প্লিন্টারের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন রাফি

অবহেলার শিকার শহীদ নুরুল মোস্তফার পরিবার