মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে ইসলামি কাফেলার ঐতিহ্য থেকে অনুপ্রাণিত একটি হেরিটেজ ট্রেইলে বিশেষ ইন্টার্যাকটিভ আয়োজন শুরু হয়েছে। কাফেলার দীর্ঘ যাত্রা এবং সেই যাত্রাপথে জ্ঞান, মূল্যবোধ ও গল্পের আদান-প্রদানের ইতিহাসকে জীবন্ত করে তোলাই এ আয়োজনের উদ্দেশ্য। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ খবর জানিয়েছে আশশারক আল-আওসাত।
আয়োজকদের ভাষ্য, এ উদ্যোগের মাধ্যমে ঐতিহাসিক ঐতিহ্যকে শিক্ষা, বিনোদন ও কেনাকাটার সমন্বয়ে ইন্টার্যাকটিভ আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। এতে দর্শনার্থীদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।
আয়োজনটি চলবে ২০২৬ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত। এ সময়ে দর্শনার্থীরা যুগে যুগে কাফেলাগুলোর বহন করা মানবিক মূল্যবোধ, বৈচিত্র্যময় জ্ঞান ও বংশপরম্পরায় চলে আসা গল্পের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। গল্প বলা, ইন্টার্যাকটিভ দৃশ্যায়ন এবং ঐতিহ্যবাহী বাজার থেকে অনুপ্রাণিত বাণিজ্যিক কার্যক্রমের সমন্বয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন।
কাফেলার সামাজিক ও বাণিজ্যিক জীবনের সঙ্গে দর্শনার্থীদের সম্পৃক্ত করতে এতে রাখা হয়েছে একাধিক অনুষঙ্গ।
আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ‘গল্পকথকের মজলিশ’। এখানে ঐতিহাসিক কাহিনি ও কবিতা পরিবেশন করা হয়। এতে দর্শকদেরও অংশ নেওয়ার সুযোগ রয়েছে। ঐতিহ্যবাহী আরব মজলিশের পরিবেশ নতুন করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। একসময় এসব মজলিশ ছিল খবর, গল্প ও কবিতা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে দেওয়ার অন্যতম প্রধান মাধ্যম। সেই ভূমিকার কথাই স্মরণ করিয়ে দেয় এ আয়োজন।
এতে আরো রয়েছে ঐতিহ্যবাহী ইসলামি কাফেলা-বাজারের আদলে তৈরি স্টল। সেখানে দর্শনার্থীরা হাতে-কলমে পণ্য ওজন করা, বিনিময়প্রথায় লেনদেন এবং কেনাকাটার অভিজ্ঞতা নিতে পারেন। শুধু কেনাবেচাই নয়, পুরোনো বাজারের দৈনন্দিন জীবন এবং ব্যবসায়ী, পর্যটক ও কারিগরদের পারস্পরিক যোগাযোগের নানা চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন পরিবেশনা ও দৃশ্যায়নে। দর্শনার্থীরা সেসব উপভোগ করতে পারছেন।
আয়োজকরা জানিয়েছেন, বিচিত্র কর্মসূচি ও অনুষ্ঠানের মাধ্যমে হেরা কালচারাল ডিস্ট্রিক্ট সাংস্কৃতিক ও পর্যটন গন্তব্য হিসেবে নিজের অবস্থান ক্রমেই শক্তিশালী করছে। মক্কায় আসা দর্শনার্থীদের ভ্রমণকে সমৃদ্ধ করার পাশাপাশি এলাকাটির ইতিহাস ও সভ্যতাগত ঐতিহ্যের সঙ্গে তাদের সংযোগ গভীর করাই এর লক্ষ্য। প্রামাণ্যতা ও আধুনিকতার সমন্বয়ে সাজানো বিষয়বস্তুর মাধ্যমে এ লক্ষ্য অর্জনের চেষ্টা চলছে।
গ্রন্থনা : সিয়াম আন নুফাইস