হোম > সাহিত্য সাময়িকী > বাংলার ইতিহাস

চীন দেশে বাংলার জিরাফ

মাহমুদ আহমাদ

১৫ শতকের প্রথমার্ধে এশিয়ার সামুদ্রিক কূটনীতি ও বাণিজ্যিক ইতিহাসে অনন্য একটি অধ্যায়ের সূচনা হয়েছিল। ১৪১৪ খ্রিষ্টাব্দের ২০ সেপ্টেম্বর সালতানাতে বাংলার কূটনৈতিক প্রতিনিধিদল চীনের মিং রাজবংশের সম্রাট ইয়ং-লে (Yong-le)-এর দরবারে উপঢৌকন হিসেবে একটি জিরাফ পেশ করেছিলেন। ইতিহাস গবেষক স্যালি কে. চার্চের নিবন্ধে উল্লেখ আছে, চীনা রাজকীয় নথি মিং শি-লু (Ming Shi-lu)-তে এই ঐতিহাসিক ঘটনাটি গুরুত্বের সঙ্গে লিপিবদ্ধ রয়েছে। এটি ছিল বাংলার সুলতানের পক্ষ থেকে চীনের রাজাকে দেওয়া বিরল ও বিচিত্র উপহার। এটি ছিল বাংলা ও চীনের বাণিজ্য, কূটনীতি ও বন্ধুত্বের উজ্জ্বল নিদর্শন।

চীনা নথিতে উল্লেখ রয়েছে, ‘বাং-গে-লা’র (বাংলা) ইলিয়াস শাহি রাজবংশের সুলতান সাইফুদ্দীন হামজা শাহ (সাই-ফু-ডিং) রাজকীয় সনদপত্র, স্থানীয় নানা উপহার এবং ঘোড়ার সঙ্গে একটি জিরাফ চীনের মিং দরবারে পাঠান। প্রকৃতপক্ষে জিরাফ বাংলার স্থানীয় প্রাণী নয়। গবেষকদের ধারণা, এটি বর্তমান কেনিয়ার উপকূলীয় শহর মালিন্দি থেকে উপহার বা বাণিজ্যের মাধ্যমে প্রথমে বাংলায় পৌঁছেছিল এবং পরবর্তী সময়ে বাংলার সুলতান মিং চীনের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে এটি চীনের সম্রাটকে উপহার দিয়েছিলেন। এই সময়ে মিং চীনের সেনাপতি ঝেং হে-এর বিখ্যাত সমুদ্র অভিযানের পাশাপাশি চীনের দূত ইয়াং চি, হৌ শিয়েন ও ফেই সিন এবং বাংলার প্রতিনিধিরা একে অন্যের দেশে নিয়মিত যাতায়াত করতেন।

চীনা সংস্কৃতিতে জিরাফ কোনো সাধারণ প্রাণী ছিল না। স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী এটি ছিল প্রাচীন পুরাণের শুভ প্রতীক ‘কিলিন (Qi-lin)’। চৈনিক ঐতিহ্যে কিলিন এক শৃঙ্গবিশিষ্ট পরম দয়ালু প্রাণী। লোকবিশ্বাস ছিল, যখন দেশে কোনো সুশাসক সিংহাসনে বসেন এবং স্বর্ণযুগের সূচনা হয়, তখনই কেবল এই প্রাণীর আবির্ভাব হয়।

সম্রাট ইয়ং-লে অবশ্য অলৌকিক লক্ষণের চেয়ে সুশাসনকেই বেশি গুরুত্ব দিতেন। তবু এই বিরল উপহার দেখে তিনি মুগ্ধ না হয়ে পারেননি। দরবারের খ্যাতনামা চিত্রশিল্পী ও ক্যালিগ্রাফার শেন দু (Shen Du)-কে তিনি জিরাফটির ছবি আঁকতে নির্দেশ দিয়েছিলেন।

শিল্পী তুলি ধরলেন রেশমি কাপড়ে। জন্ম নিল ঐতিহাসিক চিত্রকর্ম ‘ট্রিবিউট জিরাফ উইথ অ্যাটেনডেন্ট’। ছবিতে জিরাফের গায়ে তিনি ফুটিয়ে তুললেন আঁশের নকশা, যাতে কিলিনের পৌরাণিক রূপের আভাস মেলে। ছবির শীর্ষে যুক্ত হলো সম্রাটের প্রশংসায় রচিত একটি কবিতা—‘ইয়ংলে শাসনামলের জিয়াওউ বর্ষের (১৪১৪) শরৎকালের নবম মাসে, রাষ্ট্রের চিরস্থায়ী শান্তির লক্ষণ হিসেবে, প্রকৃত কিলিনের জন্ম হয়। এর উচ্চতা পাঁচ ঝাং (প্রায় ১৬.৬ মিটার)। এর দেহ নদীতীরের হরিণের মতো এবং খুর ঘোড়ার মতো, এটি ধীরস্থির ও স্থির পদক্ষেপে চলাফেরা করে। হানলিন একাডেমির জ্যেষ্ঠ সংকলক শেন দু, আপনাদের অনুগত সেবক, বিনীতভাবে এই নিবেদন পেশ করছে।’

জিরাফ উপহারের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলা ও মিং চীনের কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব বোঝা যায় ১৪২০ সালের একটি ঘটনায়। বাংলার সুলতান জালালুদ্দিন মুহাম্মদ শাহের শাসনামলে জৌনপুরের সুলতান ইব্রাহিম শারকী বাংলার ভূখণ্ডে একাধিকবার সামরিক অভিযান চালিয়েছিলেন। পরিস্থিতি মোকাবিলায় বাংলার সুলতান মিং চীনের সম্রাট ইয়ং-লের দরবারে অভিযোগ জানান।

বাংলার সুলতানের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৪২০ সালের অক্টোবরে সম্রাট ইয়ং-লে বিশ্বস্ত দূত হৌ শিয়েনকে একটি প্রতিনিধিদলসহ জৌনপুরে পাঠান। তাদের দায়িত্ব ছিল বাংলার সঙ্গে জৌনপুরের বিরোধ মিটিয়ে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সম্রাটের নির্দেশ পৌঁছে দেওয়া। হৌ শিয়েনের দল প্রথমে বাংলায় পৌঁছায় এবং সেখান থেকে জৌনপুরের উদ্দেশে যাত্রা করে। চীনা প্রতিনিধিদলের এই উদ্যোগ ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক রাজনীতিতে মিং সাম্রাজ্যের কূটনৈতিক প্রভাবের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। পরবর্তী সময়ে জৌনপুরের সঙ্গে বাংলার সংঘাত প্রশমিত হয়।

ইতিহাসের এই জিরাফ উপহারের পেছনে ছিল আরো বড় এক গল্প। এটি শুধু বিরল প্রাণী উপহার দেওয়ার ঘটনা ছিল না, বরং পনেরো শতকে বাংলার সঙ্গে দূরদেশের যোগাযোগ ও সম্পর্কেরও প্রমাণ দেয়। সে সময় বাংলার যোগাযোগের পরিধি যে কতটা বিস্তৃত ছিল, তা এই ঘটনা থেকেই বোঝা যায়। মিং চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে পূর্ব আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ভারত মহাসাগরীয় বাণিজ্যপথ—সবকিছুর সঙ্গেই বাংলা কোনো না কোনোভাবে যুক্ত ছিল। সুতরাং সুলতানি আমলে বাংলা শুধু আঞ্চলিক শক্তি ছিল না, বরং আন্তর্জাতিক যোগাযোগের জগতেও তার গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল।

সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহর নেপাল বিজয়

মুসলিম বাংলার রাজনৈতিক ইতিহাস

সিলেটের ইতিহাসের স্মারক ক্বীন ব্রিজ

মুসলিম কারাভান ফেস্ট

বাইতুল হিকমার গবেষণা আধুনিক জ্ঞানচর্চার ভিত্তি

সুলতানি আমলের প্রথম মহাসড়ক

হারিয়ে যাওয়া স্বাদ: ঢাকার জাহাজি কালিয়া

বাংলায় মাদরাসা স্থাপত্যের বিকাশ

বাংলাদেশের কালচারাল ক্যালেন্ডার: অক্টোবর-কার্তিক-জমাদিউল আউয়াল

বাংলায় মাদরাসা স্থাপত্য