হোম > সাহিত্য সাময়িকী > বাংলার ইতিহাস

বাংলার সুলতানদের ইতিহাস মুছে ফেলার কারণ এবং বাংলাদেশের জন্মভিত্তি

মুসলিম বাংলার রাজনৈতিক ইতিহাস

ড. মাহমুদুর রহমান

সুলতান জালালু্দ্দিন মোহাম্মদ শাহর রৌপ্যমুদ্রা

রাজকীয় অনুদান দেওয়ার ক্ষেত্রে মুসলিম শাসকরা হিন্দু ও মুসলিম কবি-লেখকদের মধ্যে কোনো পার্থক্য করতেন না। তাই দেখা যায়, দুই সম্প্রদায়ের সাহিত্যপ্রতিভারাই বাংলা সাহিত্য সৃষ্টিতে সক্রিয় ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কৃত্তিবাস, মালাধর বসু, শাহ মুহাম্মদ সগীর, যশোরাজ খান, কবীন্দ্র পরমেশ্বর, কৃষ্ণদাস কবিরাজ, বিপ্রদাস পিপিলাই, আমির জয়নুদ্দিন ও সৈয়দ সুলতান। বিশেষ করে ইলিয়াস শাহি ও হোসেন শাহি সুলতানি বংশ বাংলাকে একটি কথ্য উপভাষা থেকে সমৃদ্ধ সাহিত্যের পরিশীলিত ভাষায় রূপান্তরিত করার ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছে। হোসেন শাহি যুগকে সর্বজনীনভাবে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলে গণ্য করা হয়। হিন্দু পৌরাণিক গ্রন্থ রামায়ণ সুলতান জালালুদ্দিন মুহাম্মদ শাহর (১৪১৫-৩১ খ্রিষ্টাব্দ) উদার পৃষ্ঠপোষকতায় কৃত্তিবাসের হাতে প্রথমবারের মতো বাংলায় অনূদিত হয়। সুলতান আলাউদ্দিন হোসেন শাহর ছেলে সুলতান নাসিরুদ্দিন নসরত শাহ ব্যক্তিগতভাবে মহাভারতের বাংলা অনুবাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন। হোসেন শাহর কিংবদন্তিতুল্য সেনাপতি পরাগল খান ও ছুটি খান সাহিত্য-অনুরাগের জন্য পরিচিত ছিলেন।

দুর্ভাগ্যজনকভাবে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে বাংলার সুলতানদের বিরাট অবদান এবং পৃষ্ঠপোষকতার জন্য তাদের প্রাপ্য স্বীকৃতি বাংলাদেশে বা ভারতের পশ্চিমবঙ্গে কোথাও বড় একটা দেওয়া হয় না। আমার মতে এর তিনটি কারণ রয়েছে।

১. ব্রিটিশ আমল (১৭৫৭-১৯৪৭): ব্রিটিশরা মুসলিম শাসকদের উৎখাত করে ক্ষমতা দখল করেছিল। নিজেদের ঔপনিবেশিক শাসনকে বৈধতা দিতে তারা ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ১৯০ বছর ধরে মুসলিম শাসকদের খলনায়ক হিসেবে চিত্রায়িত করে এবং তাদের সব গৌরবান্বিত সময়কে ইতিহাস থেকে মুছে বা বিকৃত করে দেওয়ার নীতি অনুসরণ করে।

ব্রিটিশ শাসনে বাংলা-পাক-ভারতের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা ছিল হিন্দু। তাই ক্ষমতায় টিকে থাকার জন্য ব্রিটিশরা হিন্দুদের খুশি করে চলত। আর হিন্দুদের খুশি করতে গিয়ে তারা মুসলমান শাসক ও সাধারণ জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফলে ১৯০ বছরের শাসনকালজুড়ে তারা মুসলমানদের অবদান মিটিয়ে দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা করেছে।

২. পাকিস্তান আমল (১৯৪৭-৭১): ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর ক্ষমতা ছিল প্রধানত পশ্চিম পাকিস্তানি এলিটদের হাতে। তারা পূর্ববাংলার এই সমৃদ্ধ মুসলিম ও সুলতানি সাহিত্য-ঐতিহ্য সম্পর্কে অজ্ঞ ছিল। একই সঙ্গে তারা মনে করত, বাঙালি সংস্কৃতির পুরোটাই হিন্দু-প্রভাবিত এবং বাঙালিদের ওপর আধিপত্য বজায় রাখতে তারা এই ঐতিহাসিক উত্তরাধিকার নিয়ে কোনো চর্চা করেনি।

আমার আরেকটা ধারণা, পাকিস্তানের শাসক ও এলিট শ্রেণির লোকরা যদি মেনে নেয় যে, বাংলার মুসলমানদের অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস রয়েছে, তাহলে আমাদের শাসন করার নৈতিক অধিকার অনেকটা কমে যায়। পাকিস্তানিরা বাংলাদেশিদের ডমিনেট করতে চেয়েছে। তাদের এই ডমিনেশনের মধ্যে এক ধরনের বর্ণবাদী ব্যাপার ছিল। পাকিস্তানিরা ছিল আর্যদের বংশধর। পাঁচ হাজার বছর আগে আর্যরা পাকিস্তান অঞ্চলে এসেছিল। আমাদের সম্পর্কে আর্যদের নেগেটিভ ধারণা, সেটি ৪৭-এর পর পাকিস্তানিদের মাথায়ও বংশ পরম্পরায় থেকে গিয়েছিল। এ কারণে বাংলার হাজার বছরের মুসলিম ঐতিহ্য নিয়ে তারা কোনো গবেষণা করেনি।

৩. বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ (১৯৭১-পরবর্তী সময়) : ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ইন্ডিয়া কেন বাংলাদেশিদের সাহায্য করেছিল? এই প্রশ্নের দুটি উত্তর আছে। প্রথম উত্তর হলো, ইন্ডিয়া চেয়েছিল তাদের পূর্ব সীমানায় একটা দুর্বল রাষ্ট্র গড়ে উঠুক। যে রাষ্ট্র তাদের ওপর নির্ভর করে থাকবে। ফলে তাদের ডিফেন্স কস্ট কমে যাবে।

ইন্ডিয়া চেয়েছিল পাকিস্তানকে ভেঙে দুই টুকরো করে তাদের দুর্বল করে দিতে। কারণ পাকিস্তান ছিল ১৯৮৭-এর পর হিস্টোরিক্যাল এনিমি অব ইন্ডিয়া। ফলে আমাদের নিয়ন্ত্রণ করার জন্য তারা আমাদের ওপর সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে। আর এই সাংস্কৃতিক আগ্রাসনের ফল হলো, আমরা বাংলা মানে কলকাতা বুঝি। আমরা কবি বলতে শুধুই রবীন্দ্রনাথ বুঝি। তারা বলতে শুরু করল, আমরা কালচারালি পিছিয়ে আছি। আমরা বাংলা বলতে পারি না। আমাদের বাংলা উচ্চারণ ভালো না। আমাদের বাংলা লেখা হয় না। এভাবেই তারা আমাদের ওপর সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে। এ কারণে তারা আমাদের বাংলার মুসলিম সালাতানাতের ইতিহাস জানতে দিতে চায়নি। জানলে আপনি জেনে যাবেন, বাংলার সার্বিক বিকাশ ও সমৃদ্ধিতে বাংলার সুলতানদের অবদান ছিল সবচেয়ে বেশি।

সুতরাং প্রথমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরাই হিন্দু জনগোষ্ঠীকে তুষ্ট করার জন্য মুসলিম শাসকদের অবদানকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকরা পূর্ব পাকিস্তানের মানুষ, সংস্কৃতি ও ইতিহাসকে অবহেলা করেছে। বাংলার গৌরবময় ইতিহাস ও সমৃদ্ধ মুসলিম ঐতিহ্য আবিষ্কার করার বা বোঝার কোনো চেষ্টা তারা কখনো করেনি। ১৯৭১ সাল থেকে আমরা বাংলাদেশিরা ভারতের তীব্র সাংস্কৃতিক আগ্রাসনের মুখে নিজেদের শিকড় ও ঐতিহ্য খুঁজে পেতে সংগ্রাম করে আসছি। হয়তো জুলাই বিপ্লব আমাদের স্বকীয় বাঙালি মুসলিম সংস্কৃতিকে আবিষ্কার করার এক নতুন সুযোগ এনে দিয়েছে।

সুলতানি আমলে মুসলিম ও দেশজ সংস্কৃতির মিলন মধ্যযুগের বাংলায় একটি প্রাণবন্ত সমাজ এবং নতুন জাতি গঠনের ভিত্তি গড়ে তুলেছিল। পূর্ববঙ্গে ইসলামের সাফল্যই ১৯৪৭ সালে মুসলিম-সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানের উদ্ভব এবং পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের জন্মের ভিত্তি রচনা করেছিল। বৌদ্ধ মিয়ানমার ও হিন্দু ভারতের দ্বারা পরিবেষ্টিত একটি মুসলিম বদ্বীপ হিসেবে আমরা কৌশলগত অবস্থানে রয়েছি। আমাদের স্বাধীনতা রক্ষার জন্য মুসলিম বিশ্বে একটি স্বতন্ত্র ধর্মীয়, জাতিগত ও সাংস্কৃতিক জনগোষ্ঠী হিসেবে বাঙালি মুসলমানের স্বকীয় পরিচয়কে স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যশোরের এগারো শিবমন্দির

সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহর নেপাল বিজয়

চীন দেশে বাংলার জিরাফ

মুসলিম বাংলার রাজনৈতিক ইতিহাস

সিলেটের ইতিহাসের স্মারক ক্বীন ব্রিজ

মুসলিম কারাভান ফেস্ট

বাইতুল হিকমার গবেষণা আধুনিক জ্ঞানচর্চার ভিত্তি

সুলতানি আমলের প্রথম মহাসড়ক

হারিয়ে যাওয়া স্বাদ: ঢাকার জাহাজি কালিয়া

বাংলায় মাদরাসা স্থাপত্যের বিকাশ