বায়রন (১৭৮৮-১৮২৪) এবং নজরুল (১৮৯৯-১৯৭৬) ভিন্ন শতাব্দীর কবি; ভিন্ন ভাষার কবি। কিন্তু দুজনেরই প্রথম পরিচয় বিদ্রোহী কবি, বিপ্লবী কবি। দুইজনই আবার রোমান্টিক কবি, প্রেমের কবি। তাদের লেখায় প্রচুর রোমান্টিক উপাদান বর্তমান। বায়রনের প্রেমের কবিতার মধ্যে আছে—So We Shall Go no More for Roving, Stanzas for Music, She Walks in Beauty প্রভৃতি। এসব কবিতায় তার ভালোবাসার ভাব প্রকাশ পেয়েছে। একইভাবে নজরুলের দোলনচাঁপা, সিন্ধু-হিন্দোল, শিউলিমালা প্রভৃতি বইয়ে অনেক কবিতা প্রেমে পূর্ণ।
নজরুল মানবতাবাদী কবি এবং সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। তাই পরাধীনতা থেকে মুক্তির জন্য কলম ধরেছেন, অস্ত্র ধরেছেন। বড় দুটি জাতিকে ঐক্যবদ্ধ করতে সাহস জুগিয়েছেন—
‘মাভৈঃ মাভৈঃ এতদিনে বুঝি জাগিল ভারত প্রাণ,
সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গোরস্থান।
...খালেদ আবার ধরিয়াছে অসি, অর্জ্জুন ছোড়ে বাণ।
জেগেছে ভারত, ধরিয়াছে লাঠি হিন্দু-মুসলমান।’
[হিন্দু-মুসলমান যুদ্ধ/ ফণি-মনসা]
নজরুল যে নতুন ধরনের কবিতা লিখেছিলেন, তা তিরিশের আগে বাংলা কবিতায় রবীন্দ্র প্রভাবমুক্ত আধুনিকতা ও জাতীয়তা জাগাতে সক্ষম হয়েছিলেন। তার কবিতা, গান, উপন্যাস, ছোটগল্প, কিংবা নাটকে দাসপ্রথা, সাম্প্রদায়িকতা, সামন্তবাদ ও ঔপনিবেশিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। নজরুলের দূপ্ত ও সাহসী উচ্চারণ—
‘হিন্দু না ওরা মুসলিম?’ ওই জিজ্ঞাসে কোন জন
কাণ্ডারী। বলো, ডুবিছে মানুষ, সন্তান মোর মার।’
(কাণ্ডারী হুঁশিয়ার/ সর্বহারা)
‘আমি চির উন্নত শির’, ‘মম ললাটে রুদ্র ভগবান জ্বলে’, ‘আমরা শক্তি আমরা বল/ আমরা ছাত্র দল’, ‘লাথি মেরে ভাঙরে তালা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা’ ইত্যাদির আমি অন্যরকম মাত্রা দিয়েছে, বিপ্লবী যোজনা সৃষ্টি করেছে। প্রতিবাদী কাফেলায় নেতৃত্ব দিতে চেয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। কখন থামবেন তিনি? যখন ‘অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না’, তখন থামবে কবির বিদ্রোহ, বিপ্লবী ভাব। নজরুল শারীরিক, মানসিক এবং নৈতিক—উভয় দিকেই শক্তিমান ছিলেন। তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং মধ্যপ্রাচ্যে যান। ব্রিটিশরা যুদ্ধে জয়লাভ করলে তাকে চলে আসতে হয়। ১৯২০ সালে নজরুল করাচি থেকে কলকাতায় ফিরে আসেন। একই বছর তিনি সাংবাদিক হিসেবে নবযুগে যোগ দেন। প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বকে টালমাটাল করেছিল, যার ফল ব্রিটিশ ভারত ও বাংলায় ছাপ ফেলেছিল। যুদ্ধের দুঃখ-বেদনা বিদ্রোহী কবি নজরুলের মানসিকতাকে গভীরভাবে স্পর্শ করেছিল। তিনি এটাকে বাংলা-পাক-ভারতীয়দের মুক্তির জন্য বিভিন্ন উদ্যোগ নেন; বিশেষত সাহিত্য ও পত্রিকায়।
পশ্চিমা লর্ড বায়রনের রাজনীতি, নৈতিকতা এবং কবিতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি বিদ্রোহী হিসেবে অনেক বেশি কার্যকর। গ্রিক স্বাধীনতা যুদ্ধের জন্য তিনি মিসোলংঘিতে মারা যান। ‘বিরোধিতার জন্য জন্ম (Born for Opposition)’ মূলমন্ত্র ছিল বায়রনের। বায়রনের জীবন অস্থির ও টালমাটাল ছিল এবং তিনি একটি নির্দিষ্ট ধরনের রোমান্টিক লেখকের চিত্র হয়ে ওঠেন। অপরদিকে নজরুল নিপীড়িত ও বঞ্চিত শ্রেণির মানুষের কবি। শ্রেণিবৈষম্যের শিকার মানুষগুলোই হয়ে ওঠে তার কবিতার বিষয়বস্তু।
জীবিকার জন্য শ্রমজীবী মানুষ নজরুলের কবিতায় স্থান পেয়েছে। তিনি তার কবিতায় গণমানুষের ভাষা বা শব্দ ব্যবহার করেছেন। ‘স্বাধীনতা’ শব্দটা তার কাছে একটু অন্যরকম ছিল। বাংলা-পাক-ভারতের স্বাধীনতার প্রতি তিনি নিবেদিত ছিলেন। নজরুল ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ঘৃণা করতেন। রোমান্টিক কবি বায়রনের মতো নজরুলও কুসংস্কারমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বায়রন স্বপ্ন দেখতেন গ্রিস স্বাধীন হবে। তেমনই নজরুল আশা করতেন বাংলা-পাক-ভারত স্বাধীন হবে। বায়রনের উচ্চারণ—
The mountains look on Marathon—
And Marathon looks on the sea;
And musing there an hour alone,
I dreamed that Greece might still be free.
স্বাধীনতা আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ তাকে একাধিকবার কারাবরণ করতে বাধ্য করে। স্বাধীনতা ও অবিভক্ত বাংলার সংগ্রামে নজরুল সবসময় হিন্দু-মুসলিম ঐক্যের শক্তিতে বিশ্বাস করতেন। তিনি ছিলেন একজন গণমুখী সাহিত্যিক; অন্যায়-অবিচার, চরমপন্থা, শোষণ-তোষণ, নিপীড়ন ও সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদী। তার অদম্য মানবিক চেতনা ছিল। তিনি প্রেম, সৃজনশীলতা, মানবতা ও রোমান্টিকতায় পরিপূর্ণ ছিলেন। একজন সংস্কারক, সাহসী ও আপসহীন সাংবাদিক হিসেবে নজরুলের ভূমিকা উল্লেখযোগ্য ছিল। লাঙ্গল, ধূমকেতু, সেবক এবং নবযুগের সম্পাদক হিসেবে তিনি জ্বলন্ত সম্পাদকীয় ও মন্তব্য লিখেছেন এবং জনগণকে পরাধীন ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে জেগে উঠতে আহ্বান জানিয়েছেন।
বায়রন নজরুলের চেয়ে বেশি ব্যঙ্গাত্মক। নজরুলের ব্যঙ্গ-বিদ্রুপ মৃদু ও কোথাও কোমল। বায়রনের বিধ্বংসী ব্যঙ্গ-বিদ্রুপ দেখা যায় তার ‘The Vision of Judgment, English Bards and Scotch Reviewers’ ব্যঙ্গ কবিতার বইয়ে। নজরুলের বিপ্লবী বা বিদ্রোহী উচ্চারণ করেছেন অগ্নিবীণা, সাম্যবাদী প্রভৃতি কাব্যে। ‘ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর’-এর মতো শেকল ভাঙার গান গেয়েছেন। ‘প্রলয়োল্লাস’ কবিতায় ভাঙা-গড়ার খেলা দেখিয়েছেন। আবার ‘রক্তাম্বরধারিণী মা’ কবিতায় বলেন, ‘রক্তাম্বরধারিণী মা,/ ধ্বংসের বুকে হাসুক মা তোর/ সৃষ্টি নব পূর্ণিমা।’ সাম্যবাদীর মূলসূত্র ছিল এমন ‘নির্যাতিতের জাতি নাই, জানি মোরা মজলুম ভাই’ অথবা ‘পীড়িতের নাই জাতি ও ধর্ম, অধীন ভারতময়, তারা পরাধীন, তারা নিপীড়িত, এই এক পরিচয়’। তার অসাম্প্রদায়িকতার মূলসুর বা চেতনা হচ্ছে ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান’। নজরুল তার চারটি সন্তানের নাম রেখেছিলেন হিন্দু-মুসলমানের মিলিত ঐতিহ্য ও পুরাণের আলোকে। তার সন্তানদের নাম যথাক্রমে কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ।
শোষণ-পীড়িতের অবসান চেয়েছেন। ‘একতাই বল’ হিসেবে অগ্রসর হতে বলেছেন। ধর্মকে কেন্দ্র করে কোনো বিভাজন চাননি তিনি। বিভাজন থাকলে স্বাধীনতা বা অধিকার আদায় করা সম্ভব নয়। কৃষকের চোখে নজরুল বলেছেন, ‘আজ জাগরে কৃষাণ সব তো গেছে, কীসের বা আর ভয়,/এই ক্ষুধার জোরেই করব এবার সুধার জগৎ জয় (কৃষাণের গান)’। প্রথম স্ত্রী নার্গিসের কাছ থেকে বিচ্ছেদের আবেগ—‘যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,/ অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে (অভিশাপ)’ যেমন বায়রন বলেছেন—
In silence and tears
Half broken hearted,
To sever for years
[When We Two Parted/Lord Byron]
নজরুল লিখেছেন নিম্নবিত্তের মানুষ এবং ধনীদের হাতে তাদের কষ্টের কথা, বায়রন লিখেছেন সমাজের উচ্চবিত্তের কথা। তারা অত্যাচার ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বায়রন সমাজের সঙ্গে যুদ্ধরত ব্যক্তি সম্পর্কে নতুন বোধ সৃষ্টি করেছিলেন। কখনো কখনো বায়রন রাগান্বিত এবং ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লিখতেন। নজরুলের ভাষায় ঝাঁজ ছিল; তবে ভঙ্গি বায়রনের মতো অত নগ্ন ছিল না, কিন্তু প্রচণ্ড ঝাঁজালো। নজরুলের কালবৈশাখী, টর্পেডো, সাইক্লোন, অর্ফিয়াসের বাঁশি কম জোরালো নয়। প্রকৃতিকে বেশি ভালোবাসতেন বায়রন। ‘মানুষ’ ছিল নজরুলের মূল উপজীব্য। বায়রন নিজেকে প্রকৃতির বন্য এবং উত্তাল দিকগুলোর সঙ্গে চিহ্নিত করেছিলেন—
There is a pleasure in the pathless woods,
There is a rapture on the lonely shore,
There is society where none intrudes,
By the deep Sea, and music in its roar :
I love not Man the less, but Nature more,
বায়রন শুরু থেকে শেষ পর্যন্ত বিপ্লবী ছিলেন। যদিও তার বিপ্লবী প্রকৃতির জন্য, নজরুলের হৃদয়ের বিপ্লবীর চেয়ে বেশি রোমান্টিক। উভয় কবিই বিভিন্ন শতাব্দীর হলেও তাদের কবিতায় আধুনিকতা রয়েছে। বায়রন ও নজরুলের ছিলেন স্বাধীনতা ও স্বাধীনের প্রতি গভীর ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন। বায়রন যখন তুর্কিদের থেকে গ্রিকদের স্বাধীনতার জন্য সাহায্য করার জন্য একটি অভিযানের আয়োজন করেন তখন সাহিত্য বন্ধ করে দেন। তার নিজের লেখা গ্রিক কারণের জন্য ইউরোপীয় উৎসাহ জাগিয়ে তুলতে সাহায্য করেছিল। এই দিনে বায়রনকে গ্রিক জনগণ জাতীয় বীর হিসেবে সম্মান করে। বায়রন স্বাধীনতা সম্পর্কে বলেছেন—
Eternal spirit of the chainless mind!
Brightest in dungeons, Liberty! thou art
ডব্লিউসিসি (Grace Community Church)-র শিক্ষক ও যাজক রেভারেন্ড ম্যাকআর্থার (Rev MacArthur) নজরুলের মধ্যে সর্বজনীনতা দেখতে পেয়ে প্রভূত প্রশংসা করেন। নজরুলের সাহসিকতা ও দৃঢ় অসাম্প্রদায়িক চেতনা তাকে মুগ্ধ করে। নজরুল বাংলাদেশের জাতীয় কবি। তার সর্বজনীনতা এবং মানবতার সঙ্গে তার বন্ধন আমাদের জাতীয় মানসিকতা, নীতি ও সংস্কৃতিতে এখনো প্রতিফলিত হয়নি। আগামী দিনে তার বীরত্ব ও অসাম্প্রদায়িক চেতনার বাস্তবায়ন হোক, এ আশা করি। কবির গ্রহণযোগ্যতা বাংলাদেশসহ বিশ্বময় সর্বজনীনতা পাক।