মধ্যযুগে মুসলিম শাসনামলে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। পরিবর্তন আসে আভারও। এ সময় বাংলা, সংস্কৃত, আরবি ও ফারসি ভাষার চর্চা বিভিন্ন ক্ষেত্রে বিস্তার লাভ করে। এসব ভাষার পারস্পরিক সংযোগ বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে ভূমিকা রাখে। একই সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক জীবনে নতুন চিন্তা, মূল্যবোধ চেতনার বিকাশ ঘটে।
সংস্কৃত ছিল হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও বিদ্যাচর্চার প্রধান ভাষা। সেন রাজারা সংস্কৃত ভাষার বিশেষ প্রতিপালন করলেও বাংলা ভাষার প্রতি ছিলো তাদের ভীষণ বিরাগ। রাজকীয় পৃষ্ঠপোষকতা দূরে থাক, বিদ্যাচর্চার ভাষা হিসাবেও বাংলার ব্যবহার ছিল সেন শাসনে কার্যত নিষিদ্ধ। মুসলিম শাসন প্রতিষ্ঠার পর এই অবস্থার বদল হয়। বাংলা ভাষা চর্চার সুযোগ অবারিত হয় এবং মুসলিম সুলতানদের রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ করে বাংলা। সুলতানদের রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ করে সংস্কৃত ভাষা ও সংস্কৃত থেকে বাংলায় হিন্দু ধর্মীয় পুরাণ ও ধর্মগ্রন্থ। এমনকি হিন্দু সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য সম্পর্কে জানার জন্য মুসলমানদের মধ্যেও কেউ কেউ তখন সংস্কৃত শিখতেন। অন্যের জ্ঞান ও সংস্কৃতি থেকে শিক্ষাগ্রহণের এই প্রবণতা তৎকালীন সমাজের সাংস্কৃতিক বিনিময়ের একটি উল্লেখযোগ্য প্রবণতা ছিল।
আরবি ছিল মুসলমান সুলতানদের ধর্মীয় ভাষা, ফারসি ছিল রাজভাষা, আর তুর্কি ছিল তাদের ঘরের ভাষা। ধর্মীয় শিক্ষা, ইবাদত ও শিলালিপিতে তাই আরবি ও ফারসির ব্যবহার ছিল গুরুত্বপূর্ণ। বাংলার বিভিন্ন স্থানে পাওয়া আরবি-ফারসি শিলালিপি বাংলার ইতিহাসের মূল্যবান উপাদান। আরবি ভাষার সঙ্গে পরিচয় এবং আরবি-ফারসি সাহিত্যচর্চার ফলে বাংলা ভাষায় আরবি-ফারসি শব্দের ব্যবহারও বৃদ্ধি পায়। তবে বাংলায় আরবি শব্দের প্রবেশ শুধু সরাসরি আরবি চর্চার ফল নয়; ফারসি ভাষার মধ্যস্থতাও এ ক্ষেত্রে ভূমিকা রেখেছিল।
ফারসি ছিল মুসলিম শাসনামলে প্রশাসন ও রাজকার্যের প্রধান ভাষা। ফলে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের শিক্ষিত মানুষ এ ভাষা শিখতেন। সরকারি কাজে নিয়োজিত ব্যক্তিরা দরকারে ফারসি আয়ত্ত করতেন। এমন করেই ফারসি ভাষা ও সাহিত্যের সঙ্গে বাংলা ভাষাভাষী মানুষের পরিচয় হয়। এর প্রভাব বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিস্তার নেয়।
শোল শতকের কবি জয়ানন্দের ‘চৈতন্যমঙ্গল’ কাব্যে হিন্দু সমাজে ফারসি ভাষা ও সংস্কৃতির প্রভাবের কিছুটা পরিচয় পাওয়া যায়। তার বর্ণনায় সমকালীন হিন্দুদের ফারসি পাঠ, পোশাক-পরিচ্ছদ এবং ফারসি সাহিত্য আবৃত্তির উল্লেখ পাওয়া যায়। সেসব বিবরণ থেকে আঁচ করা যায়, ফারসি সংস্কৃতির প্রভাব শুধু প্রশাসনিক পরিসরে সীমাবদ্ধ ছিল না; সমাজজীবনেরও অংশ হয়ে উঠেছিল। শব্দ, বিষয়, ভাব যেমন সাহিত্যে এসেছিল, তেমনি ফারসি সাহিত্য থেকে অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিল।
বাংলার স্বাধীন সুলতানি আমলে ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রও বিস্তৃত হয়েছিল। এ ক্ষেত্রে মুসলিম শাসকদের পাশাপাশি সুফি-দরবেশ, আলেম ও ধর্মপ্রচারকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বাংলা ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে তাদের আগমন, বসতি স্থাপন ও প্রচার ইসলামের বিস্তারে সহায়তা করে। আখী সিরাজুদ্দীন, শেখ আলাউল হক, নূর কুতুবুল আলম, শরফুদ্দিন আবু তাওয়ামা, খান জাহান আলী, শাহ জালাল, শাহ ইসমাইল গাজী ও শাহ সুলতান রুপোশ ও শাহ দৌলার মতো সুফি-শাসকরা বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
বাংলার বিভিন্ন স্থানে পাওয়া শিলালিপি, মসজিদ, মাদরাসা, খানকাহ-পাঠাগার, সমাধি ও অন্যান্য স্থাপত্যকীর্তি থেকে মধ্যযুগের বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের পরিচয় পাওয়া যায়। এসব নিদর্শনে আরব-ইরান-তুর্কি ঐতিহ্যের সঙ্গে বাংলার দেশজ শিল্পরীতির পরিচয় ও মিশ্রণ লক্ষ করা যায়। স্থাপত্যে খিলান, গম্বুজ, জ্যামিতিক নকশা ও লতাপাতার অলংকরণের সঙ্গে বাংলার নিজস্ব নির্মাণরীতি মিশে যায়। কোথাও পারস্যের গোলাপের পাশাপাশি বাংলার পদ্মের নকশাও দেখা যায়। গৌড়ের ছোট সোনা মসজিদ ও নওগাঁ জেলার কুসুম্বা মসজিদ এ ধারার উল্লেখযোগ্য নিদর্শন।
এভাবে বাংলার দেশজ সংস্কৃতি ও ইরান-তুরানের ঐতিহ্যের মধ্যে একটি সৃজনশীল সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক শুধু স্থাপত্য ও শিল্পকলায় সীমাবদ্ধ থাকেনি। ভাষা, সাহিত্য, সংগীত ও ধর্মীয় ভাবনায়ও এর প্রভাব পড়েছিল। তবে এই সাংস্কৃতিক বিনিময়কে একতরফা প্রভাব হিসেবে দেখলে ইতিহাসের পূর্ণ চিত্র পাওয়া যায় না। বরং দেশজ ঐতিহ্য ও মধ্যযুগের শ্রেষ্ঠ সভ্যতাগুলোর সাংস্কৃতিক উপাদানের পারস্পরিক সংযোগের মধ্য দিয়েই বাংলার সংস্কৃতি নতুন রূপ লাভ করে। আজ বাংলার সভ্যতা-সংস্কৃতি এই পরিচয় নিয়েই প্রতিষ্ঠিত।
মুসলিম শাসনামলে বাংলা ভাষার সুরক্ষা ও বিকাশে সুলতানদের পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজপরিবার, প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরে বাংলা ভাষার ব্যবহার বাড়তে থাকে। স্বাধীন বাংলা সালতানাত বা সালতানাতে বাঙ্গালার বাঙালি মুসলমান সুলতানদের মধ্যে সিকান্দার শাহ, গিয়াসুদ্দিন আজম শাহ, জালালউদ্দীন মুহাম্মদ শাহ এবং হুসেনশাহী শাসকদের শিল্প-সাহিত্যপ্রীতি বাংলা সাহিত্যের বিকাশে আবশ্যক ভূমিকা পালন করে।
শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রাচীন মুসলমান কবিদের অন্যতম। তিনি বাংলার মুহান সুলতান গিয়াসউদ্দীন আজম শাহর সময়ে সাহিত্যচর্চা করেন। তার ‘ইউসুফ-জুলেখা’ কাব্যে মানবিক প্রেমকাহিনি বাংলা ভাষায় উল্লেখযোগ্য প্রণয়োপাখ্যাস।
মধ্যযুগের বাংলায় ধর্মীয় ও সামাজিক জীবনেও নানা পরিবর্তন ঘটেছিল। হিন্দু সমাজে জাতিভেদ, কৌলীন্যপ্রথা ও সামাজিক মর্যাদা নিয়ে বিরোধ ছিল। বিভিন্ন সময়ে এসব বিরোধ মেটাতে নানা উদ্যোগ নেওয়া হয়। দত্ত-খাস, উদয়নাচার্য ভাদুড়ী, দেবীবর ঘটক ও ধ্রুবানন্দ মিশ্রের সঙ্গে সম্পর্কিত সামাজিক সংস্কারমূলক উদ্যোগের বিবরণ তৎকালীন সমাজের অস্থিরতার সৃষ্টি করে।
জাতিভেদ ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে মানবিক মূল্যবোধের প্রকাশ বাংলা সাহিত্যে বিশেষ তাৎপর্য বহন করে। কবি চণ্ডীদাসের নামে প্রচলিত পঙ্ক্তি—‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’—মানুষের মর্যাদাকে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করে। এই বক্তব্যকে মানবতাবাদী চেতনার গুরুত্বপূর্ণ প্রকাশ হিসেবে দেখা যায়।
পনের ও ষোল শতকে শ্রী চৈতন্যের নেতৃত্বে গৌড়ীয় বৈষ্ণব আন্দোলন বাংলার ধর্মীয় এবং সাহিত্যিক ইতিহাসে গুরুত্বপূর্ণ। তার প্রচারিত ভক্তিবাদের মূলমন্ত্র ছিল ‘নামে রুচি, জীবে দয়া’। নামসংকীর্তনের মাধ্যমে ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তি প্রকাশ করা হতো। জীবের প্রতি দয়ার আদর্শও এই আন্দোলনে বিশেষ গুরুত্ব পায়। এর ফলে বাংলা ভাষায় বৈষ্ণব ধর্মীয় ভাব প্রকাশের ক্ষেত্র তৈরি হয়।
শ্রী চৈতন্যে সংস্কৃত শাস্ত্রচর্চার ঐতিহ্যের পাশাপাশি বাংলা ভাষায় রচিত পদাবলির প্রতিও অনুরাগী ছিলেন। বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদ ভক্তিচর্চায় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। তার অনুসারীরা বাংলা ভাষায় পদ রচনা ও হিন্দু বা বৈষ্ণব ধর্মীয় সাহিত্যচর্চায় উৎসাহিত হন। ফলে বৈষ্ণব পদাবলি বাংলা সাহিত্যের একটি সমৃদ্ধ ধারায় পরিণত হয়।
বাংলার মধ্যযুগের সাহিত্যের একটি আকর্ষণীয় দিক হলো সুফি ও বৈষ্ণব ভাবধারার মধ্যে মিল। সুফি সাহিত্যে প্রেম, বিরহ, আত্মসমর্পণ ও পরম সত্তার সাথে মিলনের আকাঙ্ক্ষা বা ফানা ফিল্লা গুরুত্বপূর্ণ বিষয়। বৈষ্ণব পদাবলিতেও রাধা-কৃষ্ণের প্রেম, বিরহ ও মিলনের মধ্য দিয়ে গভীর আবেগ প্রকাশিত হয়েছে। তবে বৈষ্ণব ধারায় পার্থিব প্রেম সাধনায় প্রাধান্য পেলেও সুফি ধারায় অপার্থিব আধ্যাত্মিক আকাঙ্ক্ষাই প্রধান।
সুফি সাহিত্যের আশেক-মাশুকের সম্পর্কের সঙ্গে বৈষ্ণব পদাবলির রাধা-কৃষ্ণের প্রেমের তুলনা কেউ কেউ করে থাকেন। কোনো কোনো ব্যাখ্যায় রাধাকে জীবাত্মা এবং কৃষ্ণকে পরমাত্মার প্রতীক হিসেবে দেখা হয়। কৃষ্ণের বাঁশির ডাক তখন পরম সত্তার আহ্বান; আর রাধার আকুলতা আত্মার মিলনাকাঙ্ক্ষার প্রকাশ। ফারসি ভাষার সুফি কবি জালালুদ্দীন রুমির ‘মসনবি শরিফ’-এ বাঁশরির বেদনার যে প্রতীকী তাৎপর্য পাওয়া যায়, তার সাথে বৈষ্ণব পদাবলির বাঁশির ভাবগত মিল থাকতে পারে।
তবে এই মিলের ভিত্তিতে বৈষ্ণব পদাবলিকে সরাসরি সুফি সাহিত্যের অনুকরণ বলা যায় না। বৈষ্ণব সাহিত্যের নিজস্ব ধর্মীয় ঐতিহ্য ও বাংলার ভক্তিবাদের দীর্ঘ ইতিহাস আছে। একইভাবে সুফি সাহিত্যেরও নিজস্ব দার্শনিক ভিত্তি ও প্রতীকী ভাষা আছে।
বৈষ্ণব সাহিত্যের জীবনীমূলক শাখা বা ‘মহাজন-চরিত’-এর সঙ্গে সুফি জীবনীসাহিত্যেরও কিছু মিল থাকে। সুফি সাধকদের জীবন ও সাধনা নিয়ে রচিত ‘তাজকেরাতুল আউলিয়া’ এবং বৈষ্ণব ঐতিহ্যের ‘অদ্বৈত-প্রকাশ, চৈতন্যভাগবত ও চৈতন্যচরিতামৃত’ গ্রন্থে ঐতিহাসিক বিবরণের পাশাপাশি অলৌকিক কাহিনির উপস্থিতি লক্ষ করা যায়। এসব মিল মধ্যযুগের জীবনীসাহিত্যের তুলনামূলক পাঠের সুযোগ রাখে।
মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিরা নিজেদের সাংস্কৃতিক পরিচয় বজায় রেখে বিভিন্ন সাহিত্যরীতি গ্রহণ করেছেন। সতের শতকের কবি আলাওল এর উল্লেখযোগ্য উদাহরণ। তিনি ‘তোহফা’র মতো নীতিকাব্য রচনা করেছেন। পাশাপাশি তার অন্যান্য কাব্যে প্রেম, মানবিক আবেগ ও সমকালীন সাহিত্যরুচির বৈচিত্র্যও সফলভাবে প্রকাশ পেয়েছে। তার রচনাকে কেন্দ্র করে মধ্যযুগের মুসলিম সাহিত্যিকদের বহুমাত্রিক সৃজনপ্রবণতা অনুধাবন করা যায়।
মুসলমান কবিদের সাহিত্যচর্চায় বাংলায়িত আরবি-ফারসি ঐতিহ্য, বাংলার দেশজ উপাদান এবং আদি বাংলার প্রকাশরীতি পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। একইভাবে হিন্দু কবিদের সাহিত্যেও নানা সাংস্কৃতিক যোগাযোগের ছাপ দেখা যায়। এই বিনিময়কে ধর্মীয় পরিচয়ের বিলোপ হিসেবে দেখা উচিত নয়। বরং নিজস্ব পরিচয় বজায় রেখেই ভিন্ন সাহিত্যরীতি, প্রতীক ও প্রকাশভঙ্গি গ্রহণ করার মধ্য দিয়ে সাহিত্য সমৃদ্ধ হয়েছে। তখন থেকে বাংলা সাহিত্যের এই দুটি ধারা দুটি জাতির মধ্যে স্বাধীনভাবে বিকশিত হচ্ছে।
শেষে বলা যায়, মধ্যযুগের মুসলিম শাসনামলে বাংলার ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বহুমুখী পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর ও বিকশিত হয়েছিল। বাংলা, সংস্কৃত, আরবি ও ফারসি ভাষার চর্চা; মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতা; সুফি-দরবেশদের কার্যক্রম; বাংলা ভাষায় মুসলমান কবিদের সাহিত্যসাধনা এবং সুফি ও বৈষ্ণব সাহিত্যের ভাবগত সাদৃশ্য—সব মিলিয়ে এ সময়ের সাংস্কৃতিক ইতিহাস বিশেষ তাৎপর্য লাভ করেছে।
বাংলা সাহিত্যের বিকাশকে কোনো একক ধর্মীয় বা সাংস্কৃতিক ধারার অবদান দিয়ে ব্যাখ্যা করা যায় না। বরং বিরাট বাঙালি জনজাতির দুটি ধারার নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, সমাজ, ধর্ম, মূল্যবোধ, ভাষাগত যোগাযোগ এবং বহুমুখী সাহিত্যচর্চার সম্মিলিত প্রক্রিয়ায় বাংলা সাহিত্য নিজের গতিতে সমৃদ্ধ হয়েছে। পরে বাঙালি জনজাতির দুটি ধারা দুটি বড় জাতিতে পরিণত হয়েছে। নিজস্ব সাধনায় তৈরি হয়েছে তাদের জাতীয় সাহিত্য। সাধনার ধারায় তারা অর্জন করেছে নিজস্ব রাষ্ট্র। আজ বাংলা সাহিত্য এই দুই ধারায় বিকশিত হচ্ছে। তবে কতোটা সমানভাবে সেটি বিবেচনার বিষয়। বাংলাদেশের কবি-সাহিত্যিক সমাজ বহুদশক ধরে ঢাকা বা বাংলাদেশেকেই বাংলা সাহিত্যের রাজধানী আখ্যা দিয়ে আসছেন। অপর দিকে ভারতের পশ্চিম বঙ্গে ক্রমেই সীমিত হচ্ছে বাংলা ভাষার ব্যবহার এবং বাংলা সাহিত্যচর্চা।