হোম > জাতীয়

এক বছর পর আবার চালু হলো বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

স্টাফ রিপোর্টার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। ছবি: সংগৃহীত

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা (জাপান) সরাসরি ফ্লাইট।

সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে এই রুটের নতুন করে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, ‘ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। আশা করি এবার রুটটি লাভজনক হবে। ইতোমধ্যে উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিং সম্পন্ন হয়েছে। এটি জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।’

মন্ত্রী আরো উল্লেখ করেন, ‘এই ফ্লাইট চালু করা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সরাসরি এই ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় হবে। একই সঙ্গে দুই দেশের অর্থনীতি ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। সরকার আশা করছে, এই রুট পুনরায় চালুর ফলে দুই দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক আরো শক্তিশালী হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, এমপি।

তিনি বলেন, ‘জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি ছাত্র, শ্রমিক ও অভিবাসীর কথা বিবেচনায় রেখে আমরা ফ্লাইটটি চালু করেছি। এই সেবা যাতে আর কখনো বন্ধ না হয়, সেজন্য ভবিষ্যতের চাহিদা মাথায় রেখে শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে।’

ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ১৯৮০ সালে উড়োজাহাজ স্বল্পতা সত্ত্বেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাপান-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করতে ঢাকা-নারিতা ফ্লাইট চালু করেছিলেন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ফ্লাইটটি সাধারণ যাত্রীদের জন্য পুনরায় চালু করা হলো।

বক্তব্য শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর আজ ২৭ জুলাই রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 'বিজি ৩৭৬' ফ্লাইটটি জাপানের নারিতার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

এএম

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী