হোম > জাতীয়

গ্রাম থেকে বিশ্বমঞ্চে, ১৪ বছরে জাতিসংঘে বাংলাদেশের মানবিক উদ্যোগ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম থেকে ১৪ বছর আগে শুরু হওয়া একটি মানবিক উদ্যোগ স্থান করে নিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) হাই-লেভেল উইকের বিভিন্ন কর্মসূচি ও আলোচনায় অংশ নিয়েছে ড. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিবরিয়া (সিআইপি) গত ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ ও ইউএনজিএ-সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এসব আয়োজনে দারিদ্র্য, বৈষম্য, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, বৈশ্বিক শান্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবসহ সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।

ফাউন্ডেশনটি বর্তমানে ১৫টি দেশে ‘ফাইভ জিরো গ্লোবাল ক্যাম্পেইন’ নিয়ে কাজ করছে। এ উদ্যোগের পাঁচটি লক্ষ্য হলো—শূন্য ভিক্ষাবৃত্তি, শূন্য নিরক্ষরতা, শূন্য গৃহহীনতা, চিকিৎসাবিহীন শূন্য মৃত্যু এবং শূন্য অদক্ষ মানুষ। পাশাপাশি রোহিঙ্গা সংকট ও মানবিক সহায়তাকেও নিজেদের কার্যক্রমের অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে সংগঠনটি।

গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে ‘The Rohingya Crisis: A Renewed Call for a Durable Solution from Protracted Displacement, with Justice and Accountability’ শীর্ষক উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা, ন্যায়বিচার, জবাবদিহি এবং সংকটের টেকসই সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

জাতিসংঘের বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়ে আছে। তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও জাতিসংঘের পক্ষ থেকে বারবার তুলে ধরা হয়েছে।

ড. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তারা ইতোমধ্যে মানবিক ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে। ভবিষ্যতে স্বাস্থ্যসেবা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মানবিক ক্ষমতায়নের ক্ষেত্রে এসব কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার ‘Human Equity Civilization’ দর্শনের মূল লক্ষ্য হলো এমন একটি বিশ্ব গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ সমান মর্যাদা, সুযোগ, শিক্ষা, প্রয়োজনীয় সম্পদ ও উন্নয়নের অধিকার পাবে। তাঁর মতে, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি কিংবা প্রযুক্তিগত অগ্রগতি দিয়ে মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সমতা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ।

গত ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকটবিষয়ক অনুষ্ঠানে জাতিসংঘের ভেন্যুর স্ক্রিনে ড. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের লোগো প্রদর্শিত হয়। ফাউন্ডেশনের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের একটি গ্রামে শুরু হওয়া তাদের ১৪ বছরের মানবিক যাত্রা আন্তর্জাতিক আলোচনার মঞ্চে পৌঁছানোর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অনুষ্ঠানে ক্যাপ্টেন গোলাম কিবরিয়া বলেন, “The world does not need technology alone. It needs wisdom, cooperation and humanity to guide it.” (বিশ্বের শুধু প্রযুক্তির প্রয়োজন নেই; এটিকে পরিচালনার জন্য প্রয়োজন প্রজ্ঞা, সহযোগিতা ও মানবিকতা)।

এ সময় বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্যাপ্টেন গোলাম কিবরিয়া।

ফাউন্ডেশনটির দাবি, তাদের কার্যক্রম প্রচলিত দাতব্য কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের মর্যাদা, সুযোগের সমতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তারা দীর্ঘমেয়াদি মানবিক উন্নয়নে কাজ করছে। জাতিসংঘ সাধারণ পরিষদের হাই-লেভেল উইকের বিভিন্ন আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে এসব অগ্রাধিকার আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ পেয়েছে সংগঠনটি।

একটি গ্রাম থেকে শুরু হয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে—ড. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের ১৪ বছরের এই যাত্রা বাংলাদেশের মাটিতে গড়ে ওঠা একটি মানবিক উদ্যোগের আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত হওয়ার উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে সামনে এসেছে।

মূল আসামি দ. কোরিয়া, প্রক্সি হয়ে জামিন নিয়ে অবশেষে পুলিশের জালে

দুর্গাপূজায় দুরভিসন্ধি করলে সরকার সহ্য করবে না: ইশরাক

নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড অন্যতম: সমাজকল্যাণমন্ত্রী

পূজামণ্ডপে গাফিলতি নয়, অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু

মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হবে: কর্মসংস্থানমন্ত্রী

সোমবারের মধ্যে সমাধান না হলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি প্রাথমিকের প্রার্থীদের

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

ডাক বিভাগে ৭ হাজার শূন্য পদ, চলতি বছর নিয়োগ হবে ২ হাজার

ডিসেম্বর চালু হচ্ছে ‘এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’: শ্রমমন্ত্রী

ফুলব্রাইট স্কলারশিপ বাড়াতে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহ্‌দী আমিনের বৈঠক