হোম > জাতীয়

আইনজীবী রঞ্জুর ওপর নৃশংস হামলা, বুধবার সারাদেশের বারে প্রতিবাদ কর্মসূচি লইয়ার্স কাউন্সিলের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর সন্ত্রাসী হামলা ও পৈশাচিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। এ নৃশংস হামলার প্রতিবাদে আগামী ১৮ নভেম্বর বুধবার দেশব্যাপী সব বারে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর আইনজীবী সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি জসিম উদ্দিন সরকার ও সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ এ নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা ঘোষিত কর্মসূচির বিষয়টি তুলে ধরেন।

বিবৃতিতে নেতারা বলেন, গত সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট থেকে বাসায় ফেরার পথে আজিমপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসী নয়নের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর গাড়ির গতিরোধ করে। এরপর তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিজেদের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তার ওপর অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালানো হয়। লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে তার হাত ও পা ভেঙে দেওয়া হয়।

তারা আরও বলেন, নির্যাতনের সময় বারবার নিজেকে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচয় দেওয়া সত্ত্বেও হামলাকারীরা তার ওপর নির্যাতন অব্যাহত রাখে। একপর্যায়ে দীর্ঘ নির্যাতনের পর গুরুতর আহত ও বিপর্যস্ত অবস্থায় তিনি কোনোভাবে হামলাকারীদের কবল থেকে মুক্তি পান। পরে রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়। হামলায় তার ডান হাত ও পা মারাত্মকভাবে জখম হয়েছে।

বিবৃতিতে আইনজীবী নেতারা বলেন, একজন আইনজীবীকে এভাবে অপহরণ করে আটকে রেখে লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি আইনজীবী সমাজের মর্যাদা, আইনের শাসন, নাগরিক নিরাপত্তা ও মৌলিক মানবাধিকারের ওপর সরাসরি আঘাত। এ ধরনের বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না।

তারা এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী নয়নসহ সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি এ ঘটনায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর সম্পৃক্ততার যে অভিযোগ উঠেছে, তারও সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আইনজীবী নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ওপর সন্ত্রাসী হামলার বিচার করা সরকারের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। সরকার যদি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তাহলে আইনজীবী সমাজ অন্যায়, সন্ত্রাস ও মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।

তারা আরও বলেন, আইন ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধ্বংস করে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। স্বৈরাচারী আচরণ অব্যাহত থাকলে জনগণের প্রতিরোধের মুখে সরকারকেও একদিন ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হবে।

বিবৃতিতে আইনজীবী নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, আহত আইনজীবীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আগামী ১৮ নভেম্বর ঘোষিত প্রতিবাদ কর্মসূচি সফল করতে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সর্বস্তরের জনশক্তি এবং দেশের সব বারের সাধারণ আইনজীবীদের প্রতি আহ্বান জানান।

হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,৩১৪

আইনজীবী রঞ্জুর ওপর নয়নের হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলার আহ্বান নাজিবুরের

ইসলামিক ফাউন্ডেশন স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

হলুদ সাংবাদিকতা ও সংসদকে হেয় করার অভিযোগ তুলে তদন্তের দাবি এমপি সেলিম ভূঁইয়ার

জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের প্রায় ৪৮ শতাংশ পদ শূন্য: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তরুণদের অনুরোধে তাদের টাকায় কেনা পাঞ্জাবি পরে হাদি হত্যার বিচার চাইলেন এমপি মাসুদ

পারমাণবিক বিদ্যুতে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ: প্রযুক্তিমন্ত্রী

লোহালিয়া নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন এমপি মাসুদ

শিক্ষার্থীদের খেলাধুলা-সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে বললেন প্রধানমন্ত্রী