হোম > জাতীয়

প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকারের বহুমুখী উদ্যোগ: প্রতিমন্ত্রী টুকু

স্টাফ রিপোর্টার

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং এ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশীয়ভাবে ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধি, খামারিদের কৃষক কার্ডের আওতায় আনা এবং কৃষি খাতের মতো সহজ শর্তে ঋণসুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন (পুরাতন বাণিজ্য মেলার) মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণিসম্পদ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এর প্রতিফলন দেখা গেছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং প্রদর্শনীর প্রতিটি স্টল পরিদর্শনের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করেছে।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে সরকার কাজ করে যাচ্ছে। প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে অর্থনৈতিক কর্মকাণ্ডের সুফল পৌঁছে দেওয়া এবং খামারিদের স্বাবলম্বী করার মাধ্যমে এ খাত গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এ খাতের উন্নয়নে কাজ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

প্রাণিসম্পদ খাতের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে ভ্যাকসিন আমদানিনির্ভরতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ব্যবহৃত ভ্যাকসিনের মাত্র ১৫ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হয়—বাকি ৮৫ শতাংশ আমদানি করতে হয়। এ নির্ভরতা কমিয়ে ভ্যাকসিন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কোরবানির পশু ব্যবস্থাপনায় সরকারের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, সরকারের মূল্যায়নে দেশে পর্যাপ্ত গবাদিপশু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অবৈধ পথে পশু আমদানি বন্ধে পদক্ষেপ নেওয়া হয়। এর ফলে দেশীয় পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে। এ উদ্যোগে দেশীয় খামারিরা উৎসাহিত হয়েছেন এবং তাঁদের উৎপাদিত পশুর ন্যায্য বাজার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রাণিসম্পদ খাত এখন রপ্তানির সম্ভাবনাও তৈরি করছে। দেশের উৎপাদিত মাংসের গুণগত মান ও স্বাদ আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা অর্জনের সক্ষমতা রাখে। যথাযথ মান নিয়ন্ত্রণ, উৎপাদন ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে এ খাত থেকে রপ্তানি আয় বাড়ানো সম্ভব হবে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দেশপ্রেম ধারণ করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের অগ্রগতির প্রশ্নে জাতীয় ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। এ ছাড়া আরও বক্তব্য দেন মিল্ক ভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান, আহকাবের কোষাধ্যক্ষ ডা. মো. মোজাম্মেল হক খান এবং ফিঅ্যাবের মহাসচিব মো. আনোয়ারুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড. বেগম শামছুননাহার আহম্মদ। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খামারি, উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে মূল্যায়ন কমিটির প্রদত্ত ফলাফলের ভিত্তিতে ১২টি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে দেশীয় জাত প্রদর্শনী জোন, ছাগল-ভেড়া প্রদর্শনী জোন, সংকর জাতের গাভি প্রদর্শনী জোন, প্রাণিজ পণ্য রপ্তানি প্রদর্শনী জোন, পোষা পাখি প্রদর্শনী জোন, প্রাণিজ আমিষ উৎসব প্রদর্শনী জোন, প্রাণিস্বাস্থ্য সেবা প্রদর্শনী জোন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রদর্শনী জোন, সংকর জাতের ষাঁড় পশু প্রদর্শনী জোন, পোল্ট্রি প্রদর্শনী জোন, প্রাণিসম্পদ প্রযুক্তি উন্নয়ন প্রদর্শনী ও পোষা প্রাণী প্রদর্শনী জোন।

জুলাইয়ের শক্তিকে হত্যাযোগ্য করার মিশনে নেমেছে ফ্যাসিবাদী মিডিয়া

জানুয়ারির আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই, ২০২৮ সালের শিক্ষাক্রমে আসছে বড় পরিবর্তন

বাবার পরিচয় অজানা, শীতের রাতে খোলা আকাশের নিচে সন্তান প্রসব

সোমবার যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নৌপরিবহন অধিদপ্তরের ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

ইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণ, আইসিডিডিআরবির সফটওয়্যার

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ

কোনো দেশপ্রেমিক মানুষ আ.লীগ করতে পারে না: আমান আযমী

নির্মাতা আতিক জামান গ্রেপ্তার

আজহারীর মাহফিলে আল্লামা সাঈদীর স্মৃতিচারণ করে আবেগাপ্লুত ভূমিমন্ত্রী