শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ী বাংলাদেশ দল’-এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কলম্বিয়ার বুকারামাঙ্গা শহরে গত ৪ থেকে ১২ জুলাই অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ দল অংশগ্রহণ করে। বিশ্বের ৯৫টি দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ একটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ এবং একটি সম্মানসূচক পদক অর্জন করে।
সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী পদকজয়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। ভবিষ্যতে তোমরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে। এজন্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, বরং সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের সম্পৃক্ত করতে হবে। বাংলাদেশ দল ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে বলে তিনি এ সময় প্রত্যাশা করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর মাসুদ উপস্থিত ছিলেন।