এ পর্যন্ত ৩৩৫ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। গত ১০ দিনে ৩৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সোমবার বাতিল হয়েছে ৩৩টি ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জানা গেছে, পরিস্থিতির কারণে গত ১০ দিনে ৩৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট। এ ছাড়া ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।
রোববার বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা ২৬ টি এবং সোমবার বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা ৩৩টি।
উল্লেখ্য সোমবার বাতিল কৃত ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত: ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই): ৬টি, গালফ এয়ার (বাহরাইন): ২টি, কাতার এয়ারওয়েজ (কাতার): ৪টি, এমিরেটস এয়ারলাইনস (ইউএই): ৪টি, জাজিরা (কুয়েত): ৪টি, ফ্লাইদুবাই (ইউএই): ৪টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স : ৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ): ৪টি
২৮ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স:
বিমানের দোহা শারজাহ কুয়েত দাম্মাম ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ
মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কয়েকটি গুরুত্বপূর্ণ রুটের ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আঞ্চলিক পরিস্থিতির কারণে আগে স্থগিত করা মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইটের মধ্যে চারটি রুট্ত দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম্তপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হবে।
অন্যদিকে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটসমূহ আপাতত ১০ মার্চ ২০২৬ পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া সাপেক্ষে এ দুটি রুটের ফ্লাইট পুনরায় চালু করা হতে পারে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে ফ্লাইট সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য দ্রুত জানানো হবে।
ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের বিমান কলসেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। কলসেন্টারের নম্বর ১৩৬৩৬ (দেশের ভেতরে) এবং ৮৮০৯৬১০৯১৩৬৩৬ (আন্তর্জাতিক)।