হোম > জাতীয়

অভিবাসন ব্যয়ের ৮৫ শতাংশের বেশি ফেরত পান না প্রতারিত কর্মীরা

ওকাপের গবেষণা

স্টাফ রিপোর্টার

বিদেশে গিয়ে প্রতারণা ও শোষণের শিকার হওয়া বাংলাদেশি অভিবাসী কর্মীরা দেশে ফিরে সালিশের মাধ্যমে তাদের মোট অভিবাসন ব্যয়ের ৮৫ শতাংশের বেশি অর্থ ফেরত পান না। প্রচলিত সালিশি ব্যবস্থায় পুরুষ কর্মীরা গড়ে মাত্র ১৫ শতাংশ এবং নারী কর্মীরা ১২ শতাংশ অর্থ ফেরত পান। ফলে প্রতিকার চেয়েও অধিকাংশ কর্মী ঋণের বোঝা ও আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন না।

বেসরকারি উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) এক নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘জাস্টিস বাই প্রসিডিউর? হোয়াই মাইগ্র্যান্ট ওয়ার্কার্স নিড বাইন্ডিং জাস্টিস, নট মিডিয়েশন’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

গবেষণায় দেখা গেছে, বিদেশে যাওয়ার জন্য পুরুষ অভিবাসী কর্মীরা গড়ে ৪ লাখ ৫৮ হাজার টাকা ব্যয় করেছেন। অন্যদিকে নারী কর্মীদের গড় অভিবাসন ব্যয় ৩১ হাজার ৯০০ টাকা। কিন্তু সালিশের মাধ্যমে পাওয়া ক্ষতিপূরণ পুরুষ কর্মীদের ব্যয়ের মাত্র ১৫ শতাংশ এবং নারী কর্মীদের ব্যয়ের ১২ শতাংশ পূরণ করতে পেরেছে।

প্রতিবেদনে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সালিশি ব্যবস্থায় দায়ের করা ৮৫টি অভিযোগ পর্যালোচনা করা হয়। অভিযোগকারীদের মধ্যে ৫০ জন পুরুষ ও ৩৫ জন নারী কর্মী ছিলেন, যাঁদের প্রায় ৮৬ শতাংশ বৈধ পথে সৌদি আরবে গিয়েছিলেন।

পর্যালোচনায় দেখা যায়, ৮৫টি অভিযোগের মধ্যে ৫২টি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। গবেষণা চলাকালে ২৮টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে এবং পাঁচটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে শুনানি হওয়ার কথা থাকলেও ৪৪ শতাংশ অভিযোগের কার্যক্রম শুরু হতে ১২ সপ্তাহ পর্যন্ত সময় লেগেছে। আর ২৯ শতাংশ অভিযোগকারীকে শুনানির জন্যই ডাকা হয়নি।

তদন্তের অভাবে দুর্বল সালিশি ব্যবস্থা

গবেষণায় ৮৫টি অভিযোগের কোনোটিতেই আলাদাভাবে নথিভুক্ত তদন্তের প্রমাণ পাওয়া যায়নি। ওকাপের মতে, অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে আনুষ্ঠানিক তদন্তের পরিবর্তে শুনানি ও সমঝোতার ওপর বেশি নির্ভর করা হচ্ছে। তদন্ত না থাকায় রিক্রুটিং এজেন্সিগুলো দায় অস্বীকার করলে কিংবা অনানুষ্ঠানিক সাব-এজেন্ট ও দালালরা জড়িত থাকলে দায়বদ্ধতা নির্ধারণ কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে কর্মীদের নথিপত্র সংগ্রহ ও অভিযোগের অগ্রগতি জানতে বারবার ভোগান্তির শিকার হতে হয়। এমনকি প্রাপ্তিস্বীকারপত্র থাকার পরও সরকারি নথি থেকে আবেদন হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ফলাফল উপস্থাপনকালে ওকাপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম বলেন, বিদ্যমান অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা অভিবাসী কর্মীদের ন্যায্য বিচার, পর্যাপ্ত ক্ষতিপূরণ ও জবাবদিহি নিশ্চিত করতে পারছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বর্তমান ব্যবস্থা আইনগতভাবে বাধ্যতামূলক সমাধান দেওয়ার পরিবর্তে কর্মী ও রিক্রুটিং এজেন্সির মধ্যে সমঝোতা করতেই বেশি ভূমিকা রাখছে। এজেন্সিগুলোর দর-কষাকষির ক্ষমতা বেশি থাকায় আর্থিকভাবে অসচ্ছল কর্মীরা প্রকৃত ক্ষতির তুলনায় অনেক কম ক্ষতিপূরণ মেনে নিতে বাধ্য হন।

গবেষণায় দেখা গেছে, নিষ্পত্তি হওয়া ২৮টি অভিযোগের অর্ধেক ক্ষেত্রে অভিযোগকারীরা ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। অধিকাংশ নারী কর্মী পেয়েছেন ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা। তবে একজন নারী কর্মীর ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ ৪৫ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।

নিয়োগ প্রতারণা ও বিদেশে শোষণের চিত্র

প্রতিবেদনে বলা হয়, ৯১ শতাংশ অভিযোগকারী দেশ ছাড়ার আগে বাধ্যতামূলক কর্মসংস্থান চুক্তিপত্র পাননি এবং গন্তব্য দেশে পৌঁছেও ৭২ শতাংশ কোনো লিখিত চুক্তিপত্র পাননি। পুরুষ কর্মীদের ৬২ শতাংশ প্রতিশ্রুত কাজ ও বাস্তবের কাজের মধ্যে বড় অমিলের কথা জানিয়েছেন; ৩২ শতাংশ কর্মী ওয়ার্ক পারমিট পাননি। সামগ্রিকভাবে ৭৮ শতাংশ কর্মী কাজের ক্ষেত্রে প্রতারণা, ৬৮ শতাংশ বেতন নিয়ে প্রতারণা এবং ৪২ শতাংশ শোষণের শিকার হয়েছেন।

নারী গৃহকর্মীদের পরিস্থিতি আরও উদ্বেগজনক উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়, গবেষণায় অংশ নেওয়া নারী কর্মীদের শতভাগ মজুরি শোষণ, ৯৭ শতাংশ মানসিক নির্যাতন, ৭৭ শতাংশ শারীরিক নির্যাতন এবং ৮৯ শতাংশ আটকে রাখা বা বিচ্ছিন্ন করে রাখার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ছাড়া ৪০ শতাংশ অভিযোগকারী প্রাথমিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ছয় মাসের মধ্যে দেশে ফিরতে বাধ্য হয়েছেন।

ওকাপ জানায়, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-তে নিয়োগ প্রতারণার বিরুদ্ধে ফৌজদারি শাস্তিসহ প্রতিকারের আইনি ভিত্তি থাকলেও প্রশাসনিক প্রক্রিয়ায় মধ্যস্থতা ও সমঝোতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কার্যকর প্রতিকার নিশ্চিত করতে তদন্ত ব্যবস্থা জোরদার, অভিযোগ পরিচালনার নিরপেক্ষতা ও কাঠামোগত ক্ষতিপূরণ নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে সংস্থাটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক। প্রথম পর্বে ওকাপের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ. এ. মামুনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশন বাংলাদেশের প্রকল্প পরিচালক প্রেমাংশু শেখর সরকার, জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক মোহাম্মদ গাজী সালাউদ্দিন, আইএলও ঢাকা অফিসের ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার রাহনুমা সালাম খান এবং কারিতাস ফিনল্যান্ডের আন্তর্জাতিক সহযোগিতা উপদেষ্টা এরিফা সুলতানা। দ্বিতীয় পর্বে ‘ন্যায়বিচারে প্রবেশাধিকার জোরদারকরণ’ বিষয়ে আলোচনা করেন বিএমইটির পরিচালক (কর্মসংস্থান) মো. মাসুদ রানা, আইওএম বাংলাদেশের সুরক্ষা প্রধান সাদিয়া আলীম এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান।

জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করল ডিএসসিসি

গোপালগঞ্জে চিকিৎসকের ওপর হামলা, হাসপাতালে প্রধানমন্ত্রীর চিকিৎসক

প্রস্তাবিত মজুরি বাজারমূল্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, শ্রমিকদের সঙ্গে তামাশা

ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরো ১৭৩ বাংলাদেশি, ২৯ জন অসুস্থ

ফ্যাসিবাদ রুখতে সরকার-বিরোধী দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমিনুল হক

কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

জোহানেসবার্গ-কেপটাউনে বিমানের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ

বেবিচকে প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল-ভাউচার, দুদকের অভিযান

পুলিশের ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন