বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিতে হবে। নতুন ওষুধ উদ্ভাবনের পাশাপাশি সেগুলো যেন ধনী-গরিব নির্বিশেষে সবার নাগালে থাকে, তা নিশ্চিত করতে হবে।
শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ওষুধ আবিষ্কার, ন্যানোচিকিৎসা এবং লক্ষ্যভিত্তিক চিকিৎসাপদ্ধতি ওষুধবিজ্ঞানে নতুন সম্ভাবনা তৈরি করছে। এসব প্রযুক্তি ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, ওষুধ উদ্ভাবনের পাশাপাশি উৎপাদন ব্যয় কমানোর বিষয়টিও গবেষকদের বিবেচনায় নিতে হবে। প্রযুক্তির উন্নয়নের সুফল যেন শুধু সচ্ছল মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেদিকে নজর দেওয়া জরুরি। উন্নত প্রযুক্তির সঙ্গে মানবিক দায়বদ্ধতার সমন্বয় ঘটিয়ে আর্থিক সামর্থ্যনির্বিশেষে সবার চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে হবে।
গবেষক ও শিক্ষার্থীদের নতুন ধারণা নিয়ে কাজ করার এবং বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, মানবকল্যাণকে গবেষণার মূল লক্ষ্য হিসেবে নিতে হবে। ওষুধ গবেষণায় তথ্যের সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখাও জরুরি। ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতার বিষয়ে মানুষের আস্থা ধরে রাখতে এসব নীতির বিকল্প নেই।