সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত ও অন্যান্য উৎসাহমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের কাজের স্বীকৃতি হিসেবে ৪টি ক্যাটাগরিতে এসব পদক দেওয়া হবে। এর মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পাচ্ছেন ১২ জন এবং ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ পাচ্ছেন ১৮ জন।
এ ছাড়া রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ১৮ জন এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা ক্যাটাগরিতে পদক পাচ্ছেন ৪৪ জন পুলিশ সদস্য।
এর আগে, গত ১০ মে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পদক বিতরনের কথা ছিল। রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে সেই প্রস্তুতিও নেওয়া হয়। তবে ওই সময় পদকের তালিকায় থাকা ‘বিতর্কিত’ কয়েক পুলিশ কর্মকর্তার নাম আসায় তা স্থগিত করা হয়।
তখন পদকের জন্য ১০৭ সদস্যকে মনোনীত করা হয়েছিল। এবার যাচাই-বাছাই করে সে পদকের তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হল।