জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জন করলে বাংলাদেশিদের জন্য জাপানে কাজের ব্যাপক সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকাস্থ জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব ইকোনমিক কো-অপারেশন কারাসাওয়া শিনজুর।
রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘এসটি মিরাই জাপানিজ একাডেমি লিমিটেড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় সংশ্লিষ্টরা জাপানের শ্রমবাজারের চাহিদা, কারিগরি প্রস্তুতি ও ভাষাগত দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন।
কারাসাওয়া শিনজুর বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। এমন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়বে, তারা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে এবং জাপানে যাওয়ার প্রস্তুতি নিতে পারবে।
এসটি মিরাই জাপানিজ একাডেমি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, এই প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরে তারা আনন্দিত এবং এর মাধ্যমে দেশের জনশক্তি জাপানে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, জাপানে যেতে হলে ভাষা ও কারিগরি বিষয়ে গুরুত্ব দিতে হবে। জাপানের বর্তমান সরকার কারিগরি খাতে জোর দিচ্ছে এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানোর ঘোষণা দিয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, একাডেমি থেকে শিক্ষার্থীদের জাপানি ভাষার পাশাপাশি জাপানের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও ধারণা দেওয়া হবে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে অলাভজনক (নন-প্রফিট) উদ্যোগে একাডেমিটি চালু করা হয়েছে। তরুণ-তরুণীদের জাপানি ভাষায় দক্ষ করে তোলা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে যুক্ত হওয়ার সুযোগ তৈরিতে এটি ভূমিকা রাখতে চায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরিফুর জামান খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- এসটি মিরাই জাপানিজ একাডেমির চেয়ারম্যান তামিকো মিজাই, পরিচালক কেনজি মিজাই, অকো টেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি কাইয়ূম জামান খান এবং আইটিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন প্রমুখ।