হোম > জাতীয়

বাস-মিনিবাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ

গ্যাসচালিত বাসে বেশি ভাড়া নিলে ব্যবস্থা

স্টাফ রিপোর্টার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে আন্তজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর রুটগুলোর নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার সংস্থাটির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। তবে শনিবার পর্যন্ত কোনো বাসে নতুন ভাড়ার চার্ট দেখা যায়নি।

রাজধানীর বিভিন্ন রুটের বাসযাত্রীরা জানিয়েছেন, তারা কোনো বাসে নতুন ভাড়ার চার্ট দেখতে পাননি। নতুন ভাড়াও নেওয়া হয়নি, আগের হারেই নেওয়া হয়। তবে সুপারভাইজারা বলেছেন, নতুন ভাড়ার তালিকা তারা না পাওয়ায় বাসে দৃশ্যমান করা যায়নি। সে কারণে আগের ভাড়াই নিচ্ছেন তারা।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়ে ভাড়া সমন্বয় করে গত ২৩ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা; আন্তজেলায় চলাচল করা বাসে ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ২৩ পয়সা; ডিটিসিএ এলাকায় মিনিবাসে ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে ন্যূনতম ভাড়া বাসে ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা আগের মতোই বহাল রাখা হয়েছে। এ ছাড়া গ্যাসচালিত বাসে নতুন ভাড়া কার্যকর হবে না বলেও জানানো হয়। ওই দিন নতুন ভাড়ার তালিকা প্রকাশ না করায় বিভিন্ন রুটে আতরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে।

দূরপাল্লায় কোন রুটে ভাড়া কত বেড়েছে

সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭০৪ টাকা ও ৪০ আসনের বাসে ৫৫২ টাকা; কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা; টেকনাফ পুটে ৫১ আসনের বাসে ১ হাজার ৪৭ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা; সিলেট রুটে ৫১ আসনের বাসে ৫৮০ টাকা ও ৪০ আসনের বাসে ৭৪০ টাকা; বরিশাল রুটে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা ও ৪০ আসনের বাসে ৫৯২ টাকা; খুলনা রুটে ৫১ আসনের বাসে ৫৪১ টাকা ও ৪০ আসনের বাসে ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাবতলী থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৫ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ২৮১ টাকা; রংপুর রুটে ৫১ আসনের বাসে ৭৫১ টাকা ও ৪০ আসনের বাসে ৯১১ টাকা; দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ২৪১ টাকা; ঝিনাইদহ রুটে ৫১ আসনের বাসে ৫০১ টাকা ও ৪০ আসনের বাসে ৬৩৯ টাকা; রাজশাহী রুটে ৫১ আসনের বাসে ৭৭৭ টাকা ও ৪০ আসনের বাসে ৯৯১ টাকা; মেহেরপুর রুটে ৫১ আসনের বাসে ৭৭৬ টাকা ও ৪০ আসনের বাসে ৯৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মহাখালী থেকে ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ২৯৪ টাকা ও ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা; জামালপুর রুটে ৫১ আসনের বাসে ৩৮৬ টাকা এবং ৪০ আসনের বাসে ৪৯২ টাকা; শেরপুর রুটে ৫১ আসনের বাসে ৪২১ টাকা ও ৪০ আসনের বাসে ৫৩৭ টাকা; কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ৪০১ টাকা ও ৪০ আসনের বাসে ৫১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্যাসচালিত বাসে বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, গ্যাসের দাম না বাড়ায় গ্যাসচালিত কোনো যানবাহনের ভাড়া বাড়ানোর সুযোগ নেই। এ ক্ষেত্রে গ্যাসচালিত যানবাহনে বেশি ভাড়া নিলে বা কোনো অনিয়ম হলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি কিলোমিটারে ভাড়া সমন্বয়ের অনুমোদন দেওয়া হয়েছে। তবে গ্যাসচালিত যানবাহনে আগের নির্ধারিত ভাড়াই বহাল থাকবে এবং এ সিদ্ধান্ত থেকে বিচ্যুতির কোনো সুযোগ নেই।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়া-কমার সঙ্গে সমন্বয় করে দেশে ভাড়াও আনুপাতিক হারে সমন্বয় করা হবে। এ জন্য বারবার বৈঠকের প্রয়োজন হবে না; বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রজ্ঞাপন জারি করলেই ভাড়া সমন্বয় কার্যকর হবে। ভাড়া নির্ধারণে একটি স্বচ্ছ ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া চালু করা হয়েছে, যেখানে তেলের দাম বাড়লে ভাড়া বাড়বে এবং কমলে একই অনুপাতে কমবে।

অটোরিকশার বিষয়ে শেখ রবিউল আলম বলেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শুরুতে প্রধান সড়কগুলোতে এটা চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ঢাকা বাঁচলে দেশ বাঁচবে। রাজধানীর যানজট ও বিশৃঙ্খলা কমাতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো চাপ নেই। সরকার উপায় না পেয়ে তেলের দাম সমন্বয় করেছে।

মন্ত্রী বলেন, সরকার দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি সত্ত্বেও দাম সমন্বয় করেনি। তবে ভর্তুকির চাপ বৃদ্ধি ও জ্বালানি পাচারের ঝুঁকি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত সীমিত আকারে দাম বাড়ানো হয়েছে। রাষ্ট্রের কার্যক্রম সচল রাখা এবং জনস্বার্থ রক্ষার মধ্যে ভারসাম্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। এতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা করা হয়।

বঙ্গভবনে নয়, চুপ্পুর থাকা উচিত জেলে

সামাজিক অনাচার দূর করতে আত্মশুদ্ধির মেহনতের বিকল্প নেই

কওমি সনদের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন সময়ের দাবি

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের অদ্ভুত নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছে দেয়ার পরিকল্পনা সরকারের

দেশীয় পণ্যের মর্যাদা সংরক্ষণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রশ্ন ফাঁসের বিষয়টি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী

টেলিকম সেক্টরে ৪ বিষয় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার

হকার পুনর্বাসনে প্রস্তুত হচ্ছে ৬ মাঠ, থাকতে হবে নিবন্ধন

দেশে পাঁচ কোটি মানুষ থাইরয়েড ঝুঁকিতে: ডা. ফরিদ