হোম > জাতীয়

জলপাই ও খাকি রঙে মাঠে নামল পুলিশ

স্টাফ রিপোর্টার

সাত মাসের ব্যবধানে আবারও বদলে যাওয়া পোশাকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ পুলিশ। বুধবার থেকে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি প্যান্ট পরে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ ।

নতুন এই যাত্রার প্রথম দিনে বুধবার পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের সময় পুলিশের শীর্ষ কর্মকর্তাদের এই পোশাকে দেখা যায়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরে অনুষ্ঠানে অংশ নেন। একই অনুষ্ঠানে আইজিপিকেও খাকি ট্রাউজারে দেখা গেছে।

পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, আনুষ্ঠানিকভাবে বুধবার থেকেই নতুন পোশাক পরা শুরু হয়েছে। তবে এখনো সব সদস্যের হাতে ইউনিফর্ম পৌঁছেনি। ধাপে ধাপে দেশের সব ইউনিটে নতুন পোশাক সরবরাহ করা হবে। একই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীও।

নতুন বিধান অনুযায়ী জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যরা পরবেন গাঢ় নীল শার্ট ও খাকি রঙের ট্রাউজার। মহানগর পুলিশ সদস্যদের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই (লাইট অলিভ) রঙের শার্ট এবং খাকি প্যান্ট। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি এবং র‌্যাব এই পরিবর্তনের আওতার বাইরে থাকবে।

২০২৪ সালের জুলাই বিপ্লবের পর পুলিশ সংস্কারের অংশ হিসেবে বাহিনীর পোশাকে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল। তৎকালীন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে গত বছরের ২৫ নভেম্বর লোহা-ধূসর (আয়রন গ্রে) রঙের শার্ট এবং কফি-বাদামি রঙের প্যান্ট চালু করা হয়। কিন্তু মাঠপর্যায়ের সদস্যদের একাংশসহ বিভিন্ন মহলে সেই ইউনিফর্মের রঙ ও ব্যবহারিক দিক নিয়ে আলোচনা-সমালোচনা দেখা দেয়। পরবর্তী সময়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি পুনর্বিবেচনা করা হয় এবং ১৮ জুন পুলিশ সদর দপ্তর সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। যার মাধ্যমে প্রায় ২২ বছর পর পুলিশে আবার ফিরে এলো সেই ঐতিহাসিক খাকি রঙ।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী পোশাকের বিন্যাস যেভাবে করা হয়েছে

মেট্রোপলিটন পুলিশ: হালকা জলপাই (অলিভ) রঙের শার্ট এবং খাকি রঙের ট্রাউজার। জেলা ও অন্যান্য ইউনিট: গাঢ় নীল রঙের শার্ট এবং খাকি রঙের ট্রাউজার। ব্যতিক্রম: এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব এই পরিবর্তনের আওতামুক্ত থাকবে। তাদের আগের পোশাকই বহাল থাকছে।

শীতকালীন পোশাক: লোহা-ধূসর রঙের পরিবর্তে এখন নীল শার্টের ওপর গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি বা কার্ডিগান যুক্ত করা হয়েছে।

নতুন নীতিমালায় নারী পুলিশ সদস্যদের কর্মপরিবেশ সহজ করার ওপর জোর দেওয়া হয়েছে। নারী সদস্যরা চাইলে নির্ধারিত রঙের (গাঢ় নীল বা হালকা জলপাই) ব্লাউজের সাথে গাঢ় নীল শাড়ি পরতে পারবেন। এছাড়া তারা অনুমোদিত গাঢ় নীল রঙের হিজাব বা মাথার আবরণ ব্যবহারের সুযোগ পাবেন।

ট্রাফিক বিভাগে কর্মরত নারীরা বছরজুড়েই ফুলহাতা পোশাক পরতে পারবেন এবং গর্ভাবস্থায় বিশেষ অনুমতি সাপেক্ষে সাধারণ সিভিল পোশাকে দায়িত্ব পালনের নমনীয়তা রাখা হয়েছে।

এমই

বন্যার আশঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস

জরুরি স্বাস্থ্যসেবা গ্রামীণ এলাকায় বাড়াতে হবে: ডা. জুবাইদা

প্রধানমন্ত্রীর নির্দেশে বিরোধীদলীয় নেতার এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী

ডিসেম্বরেই শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের ইচ্ছা: প্রধানমন্ত্রী

ঢাবির গবেষণা প্রকল্পে বাজেট বাতিলে সাদা দলের উদ্বেগ

জুনে কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে ৫৮৩ বাংলাদেশি উদ্ধার

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু

জুন মাসে হামলা, মামলা ও হুমকির শিকার ৫৯ সংবাদকর্মী

হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৮

প্রচলিত নিরাপত্তা নয়, ডিজিটাল সক্ষমতাই ভবিষ্যতের মূল শক্তি: তথ্যমন্ত্রী