রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার সকালে এ তথ্য জানা গেছে।
এদিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০)।
জানা গেছে, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজনই শাহ আলী মাজারের ভাসমান ব্যক্তি। টাকার বিনিময়ে তারা এই ভাঙচুরে অংশ নিয়েছেন।
গভীর রাতে প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার চলছে। রাতের আঁধারে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কেন এভাবে হামলা-ভাঙচুর চালানো হলোÑএই প্রশ্ন তুলেছেন অনেকেই। এ ঘটনার সমালোচনা করে সামাজিক মাধ্যমেও লিখছেন কেউ কেউ।
প্রতিষ্ঠানটির কর্মী, দায়ের করা মামলার এজাহার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনাটি জমি দখলসংক্রান্ত বিষয় বলেই মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতের আঁধারে কেন এভাবে হামলা চালিয়ে প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেওয়া হলো এবং কারা এ কাজের সঙ্গে জড়িত, সেই প্রশ্নেরও উত্তর খুঁজছে পুলিশ।
যদিও এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটলেও পুলিশ কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি, এই প্রশ্নও উঠেছে। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার।