বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (PACAF) যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী বিমান মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকারে এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ মহড়া শেষ হয়।
মহড়ার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি। তিনি তার বক্তব্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় যৌথ প্রশিক্ষণ এবং পরস্পর অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান কর্নেল হেনরি ই. প্লাগরাডট মহড়ার বিভিন্ন সফল কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।
এবারের মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বিমান চলাচলের নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ উপকরণ ব্যবস্থাপনা, বিমানসংক্রান্ত চিকিৎসা, আকাশপথে মালামাল পরিবহন, বিমান ঘাঁটির নিরাপত্তা এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ ও দ্রুত উদ্ধার কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের সশস্ত্র বাহিনী অভিজ্ঞতা ও কৌশল বিনিময় করেন।
পাঁচ দিনব্যাপী পরিচালিত এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন অভিজ্ঞ সদস্য অংশ নেন।