হোম > জাতীয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ জুলাই ২০২৬) সকালে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর আধুনিকায়ন ও পুনর্গঠনে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সেনাসদস্যদের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ জন্য তিনি সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান।

এর আগে সকালে সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদের উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং সেনাবাহিনীর পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

এসআর

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী