হোম > জাতীয়

মৌসুমি বায়ুর বিদায়লগ্নে দুই দিন বৃষ্টির আভাস, সাগরে লঘুচাপ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

মৌসুমি বায়ুর বিদায়লগ্নে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকেও এর বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে।

বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আগামী শুক্রবারও কয়েকটি বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

অন্যদিকে মৌসুমি বায়ু বিদায়ের পর বাতাসের আর্দ্রতা কমে ভ্যাপসা গরমের অনুভূতি কিছুটা কমতে পারে। তবে বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের প্রভাবে পরবর্তী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা ও সীতাকুণ্ডে ৩৫.২ এবং রাজধানীতে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টি হলেও আকাশ মেঘলা ছিল।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আমার দেশকে বলেন, পশ্চিমা লঘুচাপের কারণে বৃহস্পতিবার থেকে দুই দিন বৃষ্টির প্রবণতা বাড়বে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। এ সময় রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে মৌসুমি বায়ুর বিদায়ের পর বাতাসের দিক পরিবর্তিত হয়ে উত্তর-পশ্চিম বা উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হবে। এতে তাপমাত্রা খুব বেশি না কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে ভ্যাপসা গরম কম অনুভূত হতে পারে।

সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান টুকুর

নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে চার পুলিশ গ্রেপ্তার

শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে অর্থের সঠিক ব্যয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

‘যারা চলে গেছে, তারা আমাদের জন্য রেখে গেছে বেদনার ভার’

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কায় আবারো ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা

দেশীয় পণ্যের প্রসারে বিসিক শরৎ মেলা শুরু

শহীদ আবরার স্মরণে গত বছর যা বলেছিলেন শহীদ ওসমান হাদি