হোম > জাতীয়

দেশে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

গোলাম মোস্তফা

ডায়াবেটিস এখন বিশ্বজুড়েই জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। দেশে গত এক যুগে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ৪৬ লাখ বা ১৭৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে এখনো প্রায় ৪৯ শতাংশই শনাক্তের বাইরে। অন্যদিকে শনাক্ত হওয়া রোগীদের প্রায় ৮২ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিশ্বে প্রায় ৫৯ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এ রোগের প্রায় ৭০ শতাংশ প্রতিরোধযোগ্য। তবে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে ২০৫০ সাল নাগাদ বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৮৫ কোটিতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন।

বাংলাদেশে বর্তমানে এক কোটি ৩৯ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। আক্রান্তদের প্রায় অর্ধেক নারী। ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। উদ্বেগের বিষয় হলো, দেশে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। তাদের মধ্যে অর্ধেকই জানেন না তারা এ রোগে ভুগছেন। ফলে অজান্তেই নানা স্বাস্থ্যঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছেন তারা। সময়মতো রোগ শনাক্ত না হওয়া এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতার অভাব পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কায়িক শ্রমের অভাব, অতিরিক্ত স্থূলতা, ধূমপান, অপরিকল্পিত নগরায়ণ এবং প্রযুক্তিনির্ভর জীবনযাপন এ রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তাই সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জীবনযাপনে প্রয়োজনীয় পরিবর্তন আনার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব। একই সঙ্গে এ রোগের কারণে সৃষ্ট নানা জটিলতাও অনেকাংশে প্রতিরোধ করা যায়।

ডায়াবেটিসের কারণে শুধু স্বাস্থ্যঝুঁকিই বাড়ছে না, বাড়ছে চিকিৎসার ব্যয়ও। নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা, ইনসুলিন ও ওষুধের খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন অনেক রোগী। দীর্ঘমেয়াদি এ রোগের চিকিৎসা ব্যয় অনেক পরিবারের জন্য বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। অনেকে অর্থাভাবে নিয়মিত ওষুধ খেতে না পারায় অকালেই মারা যাচ্ছেন।

বাডাসের তথ্যমতে, দেশে ২০১৩-১৪ সালে রেজিস্ট্রেশন করা ডায়াবেটিস রোগী ছিল ২৬ লাখ ১২ হাজার। ২০১৪-১৫ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০ লাখ ৬১ হাজারে। ২০১৫-১৬ সালে ৩৫ লাখ ১০ হাজার এবং ২০১৬-১৭ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৯ লাখ ৭৯ হাজারে। ২০১৭-১৮ সালে আক্রান্ত রোগী ছিল ৪৪ লাখ ৮৫ হাজার, ২০১৮-১৯ সালে ৪৯ লাখ ৭১ হাজার, ২০১৯-২০ সালে ৫২ লাখ ৭৬ হাজার, ২০২০-২১ সালে ৫৬ লাখ ২৬ হাজার, ২০২১-২২ সালে ৫৯ লাখ ২৯ হাজার, ২০২২-২৩ সালে ৬২ লাখ ৫৩ হাজার, ২০২৩-২৪ সালে ৬৫ লাখ ৫৩ হাজার, ২০২৪-২৫ সালে ৬৯ লাখ ৩৭ হাজার এবং ২০২৫-২৬ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭২ লাখে। অর্থাৎ ১২ বছরে রেজিস্ট্রেশন করা রোগী বেড়েছে প্রায় ৪৬ লাখ। আবার মোট রোগীর মধ্যে শনাক্তের বাইরে রয়েছে ৬৮ লাখ রোগী।

প্রায় সাত লাখ টাইপ-১ আক্রান্ত

‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে সংবাদ সম্মেলনে বাডাস জানায়, দুই ধরনের ডায়াবেটিসের মধ্যে দেশের ছয় লাখ ৯৫ হাজার মানুষ (৫ শতাংশ) টাইপ-১ আক্রান্ত। তাদের প্রতিদিনই ইনসুলিনের ওপর নির্ভর করতে হয়। আর টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত আনুমানিক এক কোটি ৩২ লাখ মানুষ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ১০০ জনের মধ্যে ২৫ জন নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন, যাদের ৬৫ শতাংশই পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হন।

বিভিন্ন গবেষণায় দেখা যায়, গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের ও গর্ভস্থ শিশুদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে ডায়াবেটিস সম্পর্কে ভালোভাবে জানতে পারলে একে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সহজ হয়। এজন্য বছরে অন্তত দুবার ডায়াবেটিস পরীক্ষা করা ভালো। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেইলিওর, অন্ধত্ব ও অঙ্গচ্ছেদের মতো মারাত্মক এবং প্রাণঘাতী ঝুঁকি থাকে।

চিকিৎসার লাগামহীন ব্যয়ের চাপে নিঃস্ব মানুষ

ডায়াবেটিসে আক্রান্ত একাধিক রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসার লাগামহীন ব্যয়ে অনেক পরিবারে নেমে আসছে চরম বিপর্যয়। এর মধ্যে অনেক পরিবার সঞ্চয় হারাচ্ছে, জমিজমা বিক্রি করছে, ঋণগ্রস্ত হচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হলে সংকট আরো গভীর হচ্ছে।

রাজধানীর বারডেম হাসপাতালে কথা হয় কেরানীগঞ্জ থেকে আসা দম্পতি নূর হোসেন ও হেলেনা বেগমের সঙ্গে। প্রতিদিন চারবার করে ইনসুলিন নিতে হয় এই দম্পতিকে। নূর হোসেন আমার দেশকে বলেন, আমি ১৫ বছর ধরে ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত। নিয়মিত ডায়াবেটিসের ওষুধ মেটফরমিন, লিনাগ্লিটিন, গ্লিনটা এবং ইনসুলিন হুমালগ মিক্স নিতে হয়। পাঁচ বছর আগে যেখানে মাসে খরচ হতো ৩,০০০ টাকা, সেখানে বর্তমানে ওষুধপত্র, ডাক্তার দেখানো এবং আসা-যাওয়াসহ দুজনের খরচ হচ্ছে কমপক্ষে ১৫ হাজার টাকা।

হেলেনা বেগম বলেন, চিকিৎসায় খরচ মেটাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছি। এখন টাকার ব্যবস্থা করতে পারলে ওষুধ কিনি, না থাকলে ওষুধ খাওয়া ছেড়ে দিই। এতে শরীর দিন দিন আরো খারাপ হচ্ছে এবং অনেক সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

মানসম্মত চিকিৎসা নিশ্চিতে গুরুত্ব

নীরব ঘাতক অসংক্রামক রোগ ডায়াবেটিসের প্রভাবে শরীরে দেখা দিতে পারে নানা জটিলতা। এ অবস্থায় রোগ প্রতিরোধ এবং সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক এবং ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৪৫ সালের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দুই কোটি ২৩ লাখে দাঁড়াতে পারে। উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের বড় অংশ এখনো জানেন না যে, তারা ডায়াবেটিসে আক্রান্ত। প্রাথমিক পর্যায়ে শনাক্ত এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চিকিৎসা নিলে ডায়াবেটিস সহজে নিয়ন্ত্রণে রাখা যায়।

বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান আমার দেশকে বলেন, ডায়াবেটিস ক্রমবর্ধমান স্বাস্থ্যগত চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। প্রাথমিক অবস্থায় এ রোগের লক্ষণ প্রকাশ পায় না। ফলে ৬০-৭০ শতাংশ মানুষের রোগ নির্ণয়ের বাইরে থাকে। দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে বাস্তব চিত্র আরো ভয়াবহ বলে মন্তব্য করেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।

ডায়াবেটিস সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক একে আজাদ খান আমার দেশকে বলেন, ডায়াবেটিস সারা জীবনের রোগ। বর্তমানে উন্নত বিশ্বের চেয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেই বেশি বাড়ছে। যাকে মহামারি হিসেবে অনেক আগেই চিহ্নিত করেছে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন। আগে বয়সভিত্তিক রোগ হিসেবে ধরা হতো, এখন কিশোর-যুবকরাও এই রোগে আক্রান্ত হচ্ছে। বর্তমানে শহর ও গ্রামে প্রায় সমানভাবে ডায়াবেটিসের রোগী বাড়ছে। জীবনধারা পরিবর্তন করলে ডায়াবেটিসজনিত জটিলতা থেকেও রক্ষা পাওয়া সম্ভব।

এমই

ভেজাল ও নকল সার নিয়ে অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের

আইইবি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ঢাকার চার নদীতে দূষণের ৪২৬ স্পট চিহ্নিত: নৌপরিবহন মন্ত্রী

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনছেন পোশাকশ্রমিকরা

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: তোজাম্মেল হক

উপকূলীয় সুরক্ষায় ৩৭৪ কোটি টাকা সহায়তা পাচ্ছে বাংলাদেশ

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

জলবায়ু অর্থায়নে অনুদান বাড়ানো ও ঋণের বোঝা কমানোর আহ্বান সাইমন স্টিলের