হোম > জাতীয়

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভিডিও ধারণ ও সংরক্ষণ বাধ্যতামূলক

প্রতি জেলায় হবে মিডিয়া সেল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

এখন থেকে দেশের প্রতিটি ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ এবং তা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা হলে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট আদালতে এসব ভিডিও সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিটি জেলায় গঠন করা হবে পৃথক মিডিয়া সেল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গত অক্টোবরে অনুষ্ঠিত এক সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি প্রকাশিত এক পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি (জেএম) শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থায় সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে ভিডিওর একটি অনুলিপি পাঠাতে হবে জেলা পর্যায়ের মিডিয়া সেলে।

জব্দ করা মালামাল সংরক্ষণে বিশেষ ব্যবস্থা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা মালামাল নিরাপদে রাখার জন্য প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাকে নির্দিষ্ট কক্ষ, স্থাপনা বা স্থান নির্বাচন করতে হবে।

জব্দ করা মালামাল গ্রহণ, সংরক্ষণ এবং প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তরের জন্য কর্মকর্তা-কর্মচারীদের সুনির্দিষ্ট দায়িত্ব দিতে হবে। এ ছাড়া নির্ধারিত নমুনা অনুযায়ী রেজিস্টার তৈরি করে জব্দ করা মালামালের বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করতে হবে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতি মাসে ওই রেজিস্টারে প্রতিস্বাক্ষর করবেন।

তবে পচনশীল বা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এমন মালামাল দীর্ঘদিন গুদামজাত করে রাখা যাবে না। প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে এসব মালামাল দ্রুত নিষ্পত্তি করতে হবে।

আপিল মামলায় দায়িত্ব পালন করবেন নির্ধারিত পিপি

ভ্রাম্যমাণ আদালতের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল মামলার শুনানি পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা পাবলিক প্রসিকিউটরদের (পিপি), অতিরিক্ত পিপি অথবা সহকারী পাবলিক প্রসিকিউটরদের (এপিপি) মধ্য থেকে নির্দিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেবেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালত ও বিভাগকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে, যাতে আপিলের শুনানিতে প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করা যায়।

প্রশিক্ষণ পাবেন মোবাইল কোর্টের সহকারীরা

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরো সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন দপ্তরের প্রধানরা তাদের অধীনস্থ কর্মচারীদের মধ্য থেকে মোবাইল কোর্ট সহকারী বা পেশকার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেবেন।

এসব কর্মচারীর দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে আগামী এক মাসের মধ্যে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করবে।

প্রতিটি জেলায় গঠন হবে মিডিয়া সেল

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে প্রতিটি জেলায় একটি করে মিডিয়া সেল গঠন করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক অথবা একজন ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে জেলা তথ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে এই সেল তৈরি করা হবে।

মিডিয়া সেল ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করবে। পরে এসব ছবি ও ভিডিও সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এই নির্দেশনার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নথিভুক্ত করা, জব্দ করা মালামালের সঠিক ব্যবস্থাপনা, আপিলের ক্ষেত্রে আইনি সহায়তা এবং কার্যক্রমের প্রচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এআরবি

পাঁচ বছরে দেশে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ: সংসদে মৎস্যমন্ত্রী

ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে ঘুষের মধ্যে পড়বে না: মীর শাহে আলম

চাঁদ দেখা যায়নি, জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার

৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছানোর বৈশ্বিক উদ্যোগে যুক্ত হলো বাংলাদেশ

গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে

গঙ্গার পানি বণ্টন নিয়ে নতুন চুক্তি সম্পাদনে কাজ করছে সরকার: সংসদে পানিসম্পদমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: নাহিদ ইসলাম

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা

দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রামপুলিশ সদস্যদের জন্য বড় সুখবর, প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে পরিপত্র জারি