বিভিন্ন অনিয়মের অভিযোগে ঢাকা সদরঘাট থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত নৌপথে চলাচলকারী বালিবাহী নৌযানের ওপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় অনিয়মের দায়ে ৯টি নৌযানকে ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
শনিবার নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং। এসময় তারা ১১টি বালিবাহী নৌযান সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে, অধিকাংশ নৌযানের বাস্তব পরিমাপ নিবন্ধনপত্রে উল্লেখিত পরিমাপের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ পাওয়া যায়। এছাড়াও বেশ কয়েকটি নৌযানে বাধ্যতামূলক জীবনরক্ষাকারী সরঞ্জাম এবং নেভিগেশনাল ইকুইপমেন্টের ঘাটতি পরিলক্ষিত হয়, যা নৌনিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
এ সময় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারী বলেন, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নিবন্ধনবিহীন, অননুমোদিত পরিবর্তনকৃত এবং নিরাপত্তা সরঞ্জামবিহীন নৌযানের বিরুদ্ধে অধিদপ্তরের তদারকি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি নৌযান মালিক ও পরিচালকদের সকল বিধি-বিধান মেনে নৌযান পরিচালনার আহ্বান জানান।
মহাপরিচালক বলেন, যাত্রী ও নৌপথ ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের পরিদর্শন ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।
অভিযানকালে নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএমআর