মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইনে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস মানামা।
শনিবার দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ বাসা অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হলো।
এ ছাড়া সম্ভাব্য জরুরি পরিস্থিতি বিবেচনায় সবার কাছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সব সময় রাখার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এর মধ্যে রয়েছে নগদ অর্থ, সিপিআর (সেন্ট্রাল পপুলেশন রেজিস্টার কার্ড), প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার, মোবাইল চার্জারসহ অন্য জরুরি সামগ্রী।
দূতাবাস আরও জানিয়েছে, সবাইকে বাহরাইন সরকার জারি করা নির্দেশনা ও বিশেষ পরামর্শ মেনে চলতে হবে। একই সঙ্গে বাহরাইনের স্থানীয় আইনকে সম্মান জানিয়ে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কিত কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
কোনো জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের হেল্পলাইন নম্বর +৯৭৩ ৩৩৩৭৫১৫৫-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনে mission.manama@mofa.gov.bd ই-মেইলের মাধ্যমেও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে।